পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে থেকে যাওয়ার অনুমতি চেয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর কাছে চিঠি পাঠালেন মানস ভুঁইয়া। এর আগে মানসকে ওই পদ থেকে ইস্তফা দিতে বলেছিল এআইসিসি। সেই নির্দেশ না মানায় তাঁকে দিল্লিতে ডেকে পাঠান এআইসিসি-র পর্যবেক্ষক সি পি জোশী। মানসকে জোশী জানিয়েছিলেন, তিনি যেন দলনেত্রীকে চিঠি লেখেন। মানস এ দিন সনিয়ার কাছে আবেদন করেন, তাঁকে এক বছর পিএসি চেয়ারম্যান পদে থাকতে দেওয়া হোক। কারণ, এই সাংবিধানিক পদের দায়িত্ব তাঁকে দিয়েছেন বিধানসভার স্পিকার। এক্তিয়ারের বাইরে গিয়ে দলের কেউ কেউ অহেতুক জল ঘোলা করেছেন।