West Bengal Government

সোমবার দুপুরে নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকলেন শুভেন্দু! রাজ্য প্রশাসনে রদবদলের ইঙ্গিত

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরই তাঁর ব্যক্তিগত সচিব এবং উপদেষ্টা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে শান্তনু বালা এবং সুব্রত গুপ্তকে। বিধানসভা নির্বাচনের সময় এই সুব্রতকেই বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। এ বার কি আমলাবদল শুরু হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ২১:২৭
Share:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

কেউ ছিলেন বিশেষ সচিব, কেউ আবার অতিরিক্ত সচিব। কেউ ছিলেন যুগ্ম সচিব, কেউ ছিলেন আবার ডেপুটি সচিবও। এমন একঝাঁক আমলাকে এ বার কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে পাঠানো হল। সোমবার দুপুরেই নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকও ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন পর পর তিনটি বৈঠক করবেন তিনি। পর্যালোচনা বৈঠকের পর জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করার কথা শুভেন্দুর। তার পরে বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।

Advertisement

শনিবার বিকেলের পর রাজ্য প্রশাসনে কর্মরত বেশ কয়েক জন আমলাকে কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে পাঠানোর নির্দেশিকা জারি করেছে নবান্ন। সোমবারই ওই দফতরে গিয়ে তাঁদের রিপোর্ট করতে বলা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ওই সব আধিকারিককে নতুন দায়িত্বে পাঠানো হতে পারে। অন্য দিকে, তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে বদলি করল নবান্ন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে (স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে) কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে সরিয়ে পাঠানো হল দার্জিলিঙে। সেখানকার বিজনবাড়িতে পুলবাজার বিডিও অফিসে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠাল নবান্ন।

শনিবারই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু। সরকারে পালাবদলের পর প্রশাসনিক স্তরেও রদবদল যে হতে পারে তার ইঙ্গিত মিলেছিল আগেই। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরই তাঁর ব্যক্তিগত সচিব এবং উপদেষ্টা হিসাবে যথাক্রমে শান্তনু বালা এবং সুব্রত গুপ্তকে নিযুক্ত করা হয়। বিধানসভা নির্বাচনের সময় এই সুব্রতকেই বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। এসআইআরপর্বে তিনি ছিলেন রোল অবজ়ার্ভারের ভূমিকায়।

Advertisement

তার পরেই রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদলের ইঙ্গিত মিলল। একসঙ্গে ৬২ জন আমলাকে সোমবার কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরে ডাকা হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই পূর্বতন সরকারের কোনও না কোনও মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। আবার অনেকে ছিলেন বিভিন্ন দফতরের বিশেষ সচিবও।

শনিবার শুভেন্দুর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রী হিসাবে শপথ নেন— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্য কারা হবেন, তা নিয়ে জল্পনা চলছে। বিজেপি সূত্রে খবর, শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ হবে আগামী সোমবার, ১১ মে। সে দিনই পরিষ্কার হয়ে যাবে কে কোন দফতর সামলাবেন। জানা গিয়েছে, আগামী সোমবার লোক ভবনে রাজ্যপাল আরএন রবি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement