—প্রতীকী চিত্র।
রাজ্যে বাঘের সংখ্যা বাড়ানোর জন্য পদক্ষেপ করছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। মঙ্গলবার প্রাণী সর্বেক্ষণের (জ়েডএসআই) ১১১তম প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এ রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’-এর প্রসঙ্গ টেনে বলেন, ‘‘রাজ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে কাজ হচ্ছে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি। রাজ্যের সব থেকে অনুকূল জায়গা চিহ্নিত করা হচ্ছে।’’
বন দফতরের খবর, এ রাজ্যে দক্ষিণের সুন্দরবন এবং উত্তরের বক্সা— এই দু’টি ব্যাঘ্র প্রকল্প আছে। সুন্দরবনে বাঘের সংখ্যা যথেষ্ট এবং সেখানে বাইরে থেকে বাঘ ছাড়া সম্ভব নয়। সে দিক থেকে বক্সায় বাইরে থেকে বাঘ এনে ছাড়া যেতে পারে। এ দিন অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ ওরাঁও বক্সায় বাঘ নিয়ে আসার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রাণী সর্বেক্ষণের অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী বলেন, ‘‘জ়েডএসআইয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদর দফতর কলকাতায়। কেন্দ্রীয় মন্ত্রীকে আবেদন করব, এমন আরও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদর দফতরকলকাতায় হোক।’’
দেশের এবং রাজ্যের জীববৈচিত্র সংক্রান্ত একাধিক বইও প্রকাশ করেছে জ়েডএসআই। তারা জানিয়েছে, এ বছর ৭০৯টি নতুন জীব প্রজাতির সন্ধান মিলেছে। এর মধ্যে ৪৮৩টি নতুন প্রজাতি এবং ২২৬টি প্রজাতি ভারতে প্রথম বার পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গে৭৬টি নতুন প্রজাতির জীবেরসন্ধান মিলেছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে