টুকরো খবর

চেক জাল করে ব্লক অফিসের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শালবনিতে। ইতিমধ্যে কেশপুরের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। এ বার একই রকম ঘটনা সামনে এল শালবনিতে। শালবনির বিডিও জয়ন্ত বিশ্বাস বলেন, “ব্লক অফিসের এক অ্যাকাউন্টের চেক জাল করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে।” এ ক্ষেত্রেও ঘটনার সঙ্গে কোনও প্রতারণাচক্রের যোগ থাকতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল।

Advertisement
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৫ ০০:০৯
Share:

কেশপুরের পর জাল চেক এ বার শালবনিতে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

চেক জাল করে ব্লক অফিসের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শালবনিতে। ইতিমধ্যে কেশপুরের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। এ বার একই রকম ঘটনা সামনে এল শালবনিতে। শালবনির বিডিও জয়ন্ত বিশ্বাস বলেন, “ব্লক অফিসের এক অ্যাকাউন্টের চেক জাল করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে।” এ ক্ষেত্রেও ঘটনার সঙ্গে কোনও প্রতারণাচক্রের যোগ থাকতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। শালবনির ঘটনাটিও সপ্তাহ দেড়ের আগের। শালবনি ব্লক অফিসের একাধিক অ্যাকাউন্ট রয়েছে। এরই একটি আইএপি প্রকল্পের। এই আইএপি প্রকল্পের অ্যাকাউন্ট থেকেই টাকা তোলার চেষ্টা হয়েছে। জানা গিয়েছে, এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পুরী শাখায় একটি চেক জমা পড়ে। সব মিলিয়ে ১ লক্ষ ৬৩ হাজার ৭১ টাকা তুলতে চেয়ে ওই চেক জমা দেওয়া হয়। পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সন্দেহ হয়। তাঁরা শালবনি ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ করেন। দেখা যায়, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পুরী শাখায় যে চেকটি জমা পড়েছে সেটি শালবনি ব্লক অফিসের নয়। যে নম্বরের চেক জমা দেওয়া হয়েছে, সেই একই নম্বরের চেক ব্লক অফিসে রয়েছে। অর্থাৎ, পুরীর ব্যাঙ্কে জমা পড়া চেকটি জাল। সেটি অন্য ভাবে তৈরি করা হয়েছে। শালবনির বিডিও বলেন, “এ ক্ষেত্রে প্রতারণাই করা হয়েছে। ব্লক অফিসে আসল চেকটি রয়েছে। একই নম্বরের জাল চেক বানিয়ে পুরীর এক ব্যাঙ্কে জমা দেওয়া হয়। চেকে আমার সইও নকল করা হয়েছে।”

Advertisement

বকেয়া টাকার দাবিতে ঘেরাও

Advertisement

নিজস্ব সংবাদদাতা • এগরা

গত নভেম্বর থেকে একশো দিনের টাকা বকেয়া পড়ে। পঞ্চায়েতে আবেদন নিবেদনের পরও সুরাহা হয়নি। দ্রুত টাকা বিলির দাবিতে এ বার বিডিওকে ঘেরাও করলেন ভগবানপুর ১ গ্রাম পঞ্চায়েতের মহিলারা। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবনের সামনে প্রায় হাজার খানেক মহিলা কর্মী জড়ো হন। এরপরই তাঁরা প্রায় ঘণ্টা খানেক বিডিও উমাশঙ্কর দাসকে ঘেরাও করে রাখেন। কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের বাজাবেড়িয়া গ্রামের মনমোহিনী জানা, গুড়গ্রামের রিনা কর, বেঁউদিয়ার মানসী সামন্তদের অভিযোগ, “নভেম্বর থেকে একশো দিনের টাকা বাকি পড়ে। পঞ্চায়েত প্রতিনিধিরা বলছেন, ব্লক থেকে টাকা আসেনি। তাই বিডিওকে ঘেরাও।” কেন টাকা পেতে দেরি হচ্ছে? কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দন প্রধানের দাবি, “মুগবেড়িয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে কর্মীদের অ্যাকাউন্টের নাম-ঠিকানা নিয়ে সমস্যা রয়েছে বলে জেনেছি। তার জেরেই টাকা ঢুকতে দেরি হচ্ছে।” বিক্ষোভ-ঘেরাওয়ের কথা মেনে ভগবানপুর ১ এর বিডিও বলছেন, “পঞ্চায়েত অনুমোদনের অতিরিক্ত কাজ করানোয় এই জটিলতা তৈরি হয়েছে।” বিক্ষোভকারীরা এ সপ্তাহের মধ্যে টাকা মেটানোর দাবিতে এ দিনের মতো বিক্ষোভ তুলে নেন। এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাসের প্রতিক্রিয়া, “অবশ্যই বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”

তৃণমূলের নতুন ব্লক সভাপতি

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

পুরনো ব্লক সভাপতি গৌতম জানাকে সরানো হয়েছিল আগেই। এ বার পিংলায় তৃণমূলের নতুন ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হল হৃষিকেশ দিন্দাকে। মঙ্গলবারই জেলা কমিটির পক্ষ থেকে তাঁকে লিখিতভাবে তা জানানো হয়েছে। পিংলার প্রাক্তন ব্লক সভাপতিকে জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “নতুন ব্লক সভাপতি হিসাবে হৃষিকেশ দিন্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে।” জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “গৌতম জানাকে জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।” নতুন দায়িত্ব পেয়ে হৃষিকেশবাবুর বক্তব্য, “নেত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তা পালন করার চেষ্টা করব।” তৃণমূল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তৃণমূলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানার বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠছিল। জন্মলগ্ন থেকে দলের সঙ্গে থাকা প্রাক্তন শিক্ষক হৃষিকেশ দিন্দাকে ব্লক সভাপতি করার নির্দেশ আসে রাজ্য নেতৃত্বের কাছ থেকেই। সেই মতো মঙ্গলবার জেলা নেতৃত্ব তাঁকে ব্লক সভাপতির দায়িত্ব দেন। এ দিন মেদিনীপুর শহরের দলীয় কার্যালয়ে ডাকা হয় হৃষিকেশবাবুকে। ছিলেন গৌতমও। এর আগে বেশ কয়েকবার ব্লকের দায়িত্ব পালন করেছেন হৃষিকেশবাবু। ছিলেন দলের জেলা কমিটির সদস্য। ২০০৬ সালে তৃণমূলের হয়ে বিধানসভা নির্বাচনেও তিনি পিংলা থেকে লড়েছিলেন। ফলে, সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে এই প্রবীণ শিক্ষকের।

কঙ্কাল মামলা পিছোলো

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

ফের পিছিয়ে গেল দাসেরবাঁধ কঙ্কাল মামলার শুনানি। মেদিনীপুর আদালতে মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ২১ মে। মামলা চলছে চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে। ইতিমধ্যে অভিযুক্তপক্ষ সুপ্রিম কোর্টে গিয়েছে। অভিযুক্তপক্ষের আইনজীবী বিশ্বনাথ ঘোষ বলেন, “সুপ্রিম কোর্টে করা আবেদনের শুনানি এখনও হয়নি।” মঙ্গলবার মেদিনীপুর আদালতে দাসেরবাঁধ কঙ্কাল মামলার দিন নির্দিষ্ট ছিল। নির্দিষ্ট সময়ই আদালতে চলে আসেন প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষ, সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায়-সহ অভিযুক্তরা। ঘটনাটি ২০০২ সালের ২২ সেপ্টেম্বরের। ওই দিন সাত তৃণমূল কর্মীকে সিপিএমের সশস্ত্র বাহিনী খুন করে বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর গড়বেতার বিধায়কের আদি বাড়ি বেনাচাপড়ার অদূরে দাসেরবাঁধ থেকে মাটি খুঁড়ে হাড়গোড় উদ্ধার হয়। এরপর ২০১১ সালের ৫ জুন গড়বেতার বিধায়ক-সহ মোট ৪০ জনের নামে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। মামলা রুজু হয়। গোড়ায় তদন্ত শুরু করে পুলিশই। পরে তদন্তভার যায় সিআইডির হাতে। ওই বছরের ২৩ সেপ্টেম্বর মেদিনীপুর আদালতে চার্জশিট পেশ করে সিআইডি। চার্জশিটে সব মিলিয়ে ৫৮ জনের নাম রয়েছে। এখনও মামলার চার্জগঠন হয়নি।

পূর্বে উচ্চ-মাধ্যমিক,পরীক্ষার্থী ৫১ হাজার

নিজস্ব সংবাদদাতা • তমলুক

এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুরে ছাত্র পরীক্ষার্থীর চেয়ে বেশী সংখ্যক ছাত্রী পরীক্ষায় বসছে। চলতি বছরের মাধ্যমিকের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। মঙ্গলবার তমলুকে জেলা প্রশাসনিক ভবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে এক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি ) প্রশান্ত অধিকারী, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অসীমা অধিকারী-সহ জেলার পুলিশ, পরিবহণ, স্বাস্থ্য, মহকুমা প্রশাসনের আধিকারিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষা উপদেষ্টা কমিটির সদস্যেরা। অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) জানান, উচ্চ মাধ্যমিক নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় ও দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “এ বার পূর্ব মেদিনীপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ৫০ হাজার ৮১৩ জন। এর মধ্যে ছাত্র ২৪ হাজার ৮৩৩ জন। আর ছাত্রী ২৫ হাজার ৯৮০ জন।” অর্থাৎ, ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৪৭ জন বেশি। জেলায় ৬১টি পরীক্ষাগ্রহণ কেন্দ্র থাকছে। এর মধ্যে ৪৯টি প্রধান পরীক্ষাকেন্দ্র, ১২টি সহায়ক কেন্দ্র।

প্রকল্পের কাজ নিয়ে বৈঠক

নিজস্ব সংবাদদাতা • কাঁথি

ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজকর্মের গতিপ্রকৃতি নিয়ে মঙ্গলবার কাঁথি মহকুমার বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এক উন্নয়নী বৈঠক হয়। জেলাশাসক অন্তরা আচার্যের পৌরহিত্যে এ দিনের বৈঠকে হাজির ছিলেন জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, অতিরিক্ত জেলাশাসক অজয় পাল, মহকুমাশাসক সরিৎ ভট্টাচার্য। এছাড়াও বিভিন্ন ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধানরা ছাড়াও গ্রামপঞ্চায়েতের সরকারী আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে ইন্দিরা আবাসন প্রকল্প, একশো দিনের কাজ ও অন্যান্য প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয়। জেলাশাসক ইন্দিরা আবাসন প্রকল্পের যাবতীয় বকেয়া কাজ আগামী ৩১ মার্চের মধ্যে শেষ করার নিদের্শ দেন। প্রকল্পের টাকা পেয়েও যারা বাড়ি করেননি তাঁদের বিরুদ্ধে পঞ্চায়েতের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের কথাও বলেন।

দুর্নীতির তদন্তে প্রতিনিধিদল

নিজস্ব সংবাদদাতা • কাঁথি

দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রামপঞ্চায়েতে সামাজিক বনসৃজন প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তে নামল মহকুমা প্রশাসন। কাঁথির মহকুমাশাসক সরিৎ ভট্টাচার্যের নির্দেশে সোমবার তিন সদস্যের এক তদন্তকারী দল কাজ সরেজমিনে দেখেন। অভিযোগ ছিল, বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শিশির জানা একশো দিনের কাজে সামাজিক বনসৃজনের কাজ না করেই প্রকল্পের বরাদ্দকৃত অর্থ তুলে নিয়েছিলেন। এমনকি সেই বিষয়ে বিডিও প্রধানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ ওঠে। এই অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি দেশপ্রাণ পঞ্চায়েত সমিতি ও বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সহ এলাকাবাসীরা বিডিওকে ঘেরাও করে রাখেন। তখনই কাঁথির মহকুমাশাসক তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছিলেন।

আলোচনাসভা

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র শিল্পকে বাঁচাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর ও নিয়ন্ত্রনাধীন সংস্থাগুলিকে (প্রতিরক্ষা দফতর বাদে) তাদের প্রয়োজনীয় সামগ্রী ও পরিষেবার অন্ততপক্ষে ২০ শতাংশ বাধ্যতামূলকভাবে ওই সমস্ত শিল্প সংস্থার কাছ থেকে কিনতে হবে। আগামী ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। মঙ্গলবার দুপুরে হলদিয়ার দুর্গাচকে ভারত সরকারের ‘মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপ্টমেন্ট ইনস্টিটিউট, কলকাতা’-এর উদ্যোগে আয়োজিত ‘স্টেট লেভেল ভেন্ডার ডেভেলপ্টমেন্ট প্রোগ্রাম’-এ এসে এই কথা জানান ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুভ্রকুমার দাস। ছিলেন ‘ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড’-এর কলকাতার সিনিয়ার ব্রাঞ্চ ম্যানেজার এস কে সাহা।

শিক্ষকদের সংবর্ধনা কাঁথিতে

নিজস্ব সংবাদদাতা • কাঁথি

প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা দিল খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতি। রবিবার খেজুরির পূর্বচড়া নেতাজি পাঠচক্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক অনন্তকুমার জানা, বিনোদবিহারী বাগ, শ্রীনিবাস বারিক, বিহারীলালসেন, শান্তিরাম দাস ও অনন্তকুমার পানিগ্রাহীকে উত্তরীয়, মানপত্র, স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ও মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি, বসন্তিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অমলেশ মিশ্র, খেজুরি-১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিমান নায়ক, খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতির সম্পাদক পার্থসারথি দাস, প্রবালকান্তি হাজরা, স্বপনকুমার মণ্ডল প্রমুখ।

দিঘায় পথবাতির উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা • কাঁথি

দিঘাকে পযর্টকদের কাছে আরও আকর্ষণীয় ও আলোয় সাজিয়ে তুলতে মঙ্গলবার দিঘায় তিনটি প্রকল্পের উদ্বোধন করা হল। প্রকল্প তিনটির উদ্বোধন করেন দিঘা শঙ্করপুর উন্নয়ন পষর্দের চেয়ারম্যান ও কাঁথির সাংসদ শিশির অধিকারী। দিঘা শঙ্করপুর উন্নয়ন পযর্দ সূত্রে জানা গিয়েছে, রামনগর থেকে দিঘা পর্যন্ত ৬.৭ কিলোমিটার রাস্তায় ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে ২২০টি ও নিউ দিঘার পুলিশ হলিডে হোম থেকে দত্তপুর পর্যন্ত সৈকত ধারে ১.৮ কিলোমিটার রাস্তায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৬১টি পথবাতি বসানো হয়েছে। এছাড়াও ওল্ড দিঘার দিশারী মাঠ ও নিউ দিঘার ত্রিকোণ পার্ক সংলগ্ন এলাকায় ১৭লক্ষ টাকা ব্যয়ে দু’টি ‘ডিজিটাল ডিসপ্লেবোর্ড’-র উদ্বোধন করা হয়।

আর্থিক সহায়তা

নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম

পথ দুর্ঘটনায় নিহত এক সিভিক ভলান্টিয়ারের পরিবারকে অর্থ সাহায্য করলেন সহকর্মীরা। জামবনি থানার সিভিক ভলান্টিয়ার-রা নিজেরা চাঁদা দিয়ে সাহায্য করেছেন। সোমবার জামবনির কাদোপিন্ড্রা গ্রামের মৃত সিভিক ভলান্টিয়ার শুকদেব মাহাতোর মার হাতে সাহায্য তুলে দিলেন সিভিক ভলান্টিয়াররা।

আইনজীবী প্রহৃত, গ্রেফতার

আদালত চত্বরের মধ্যে এক আইনজীবী ও মুহুরিকে মারধর করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুক আদালত চত্বরের এই ঘটনায় ধৃতের নাম সন্দীপ দেববর্মণ। তিনি কোলাঘাটের খানজাদাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপ দেববর্মণ ও তাঁর স্ত্রীর মধ্যে তমলুক আদালতে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে। ওই মামলার কাজে এ দিন দুপুরে তমলুক আদালতে আসা সন্দীপবাবু আদালত চত্বরে একটি সেরেস্তায় গিয়ে মুহুরির সঙ্গে দেখা করতে যান। তখন সেখানে বসে থাকা আইনজীবীর উদ্দেশে সন্দীপবাবু গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। মুহুরি অজিত সাঁতরা সন্দীপবাবুর আচরণের প্রতিবাদ করলে ওই আইনজীবী ও মুহুরিকে মারধর করা হয় বলে অভিযোগ। এসময় কাছাকাছি থাকা অন্য মুহুরি ও আইনজীবীরা গিয়ে তাঁদের উদ্ধার করেন। ঘটনার জেরে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে তমলুক থানার পুলিশ সেখানে যায়। মুহুরিদের অভিযোগের ভিত্তিতে তমলুক থানার পুলিশ গিয়ে সন্দীপকে গ্রেফতার করে।

জখম পরীক্ষার্থী

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে মোটর বাইক থেকে পড়ে আহত হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র হাইস্কুলের কাছে। শেখ ইব্রাহিম নামে ওই পরীক্ষার্থী কোলাঘাটের সিদ্ধা হাইস্কুলের ছাত্র। তার ডান হাতের কনুইয়ে আঘাত লেগেছে। তাকে কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালে ভর্তি করানো হয়। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রবিকান্ত শিমলাই জানান, পরীক্ষাকেন্দ্রে আলাদা করে ইব্রাহিমের পরীক্ষার ব্যবস্থা করা হয়। ছিল রাইটারের ব্যবস্থাও। অন্য দিকে, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার বিকেলে এগরা ১ ব্লক এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে অভিমানে আত্মঘাতী হন বড় মেয়ে। এগরা হাসপাতালের পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনায় মৃত্যু

দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানার মেচগ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ ফিরোজ (৩৫)। তাঁর বাড়ি পাঁশকুড়ার শিমুলহান্ডা গ্রামে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement