টুকরো খবর

সহায়ক মূল্যে ধান কেনার শিবিরে সাড়া পড়ল কেশিয়াড়িতে। বুধবার ছিল ব্লকের খাজরা ও বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের দু’টি এলাকায় এই শিবিরের শেষ দিন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দু’টি শিবিরের সূচনা করেছিলেন বিডিও অসীমকুমার নিয়োগী। তবে শেষ দিনের শিবিরে চাষিদের ভিড় দেখতে হাজির ছিলেন জেলা কৃষি-সেচ-সমবায় কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, খাদ্য দফতরের জেলা নিয়ামক পার্থপ্রতিম রায় প্রমুখ।

Advertisement
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৪ ০০:১২
Share:

ধান কেনার শিবিরে সাড়া কেশিয়াড়িতে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

সহায়ক মূল্যে ধান কেনার শিবিরে সাড়া পড়ল কেশিয়াড়িতে। বুধবার ছিল ব্লকের খাজরা ও বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের দু’টি এলাকায় এই শিবিরের শেষ দিন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দু’টি শিবিরের সূচনা করেছিলেন বিডিও অসীমকুমার নিয়োগী। তবে শেষ দিনের শিবিরে চাষিদের ভিড় দেখতে হাজির ছিলেন জেলা কৃষি-সেচ-সমবায় কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, খাদ্য দফতরের জেলা নিয়ামক পার্থপ্রতিম রায় প্রমুখ। গত ১৭ ডিসেম্বর জেলায় এসে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জঙ্গলমহলের বেশ কিছু ব্লকে এই ধান কেনার শিবির চালু করেন। এরপর থেকেই বিভিন্ন ব্লকে শুরু হয়েছে সরকার নির্ধারিত মূল্যে এই ধান কেনার শিবির। কেশিয়াড়ি ব্লকের এই দু’টি পঞ্চায়েতের এই শিবিরে ১৩৬০টাকা কুইন্ট্যাল দরে ধান কেনা হয়েছে। দু’দিন ব্যাপী চলা শিবিরে খাজরার খড়পালে ৬০০ কুইন্ট্যাল ও বাঘাস্তির বেনেডিহায় ৪০০ কুইন্ট্যাল ধান কেনা হয়। শিবিরে উপস্থিত নির্মল ঘোষের কথায়, “বাইরে ধান বিক্রি করলে চাষিরা ন্যায্য দাম পান না। কিন্তু এখানে নায্য দাম পাওয়াতেই সাড়া মিলেছে।” কেশিয়াড়ির বিডিও অসীমকুমার নিয়োগী বলেন, “খাদ্য দফতরের সহযোগিতায় চলা এই দু’টি শিবিরে সাড়া দেখে নতুন বছরে আরও দু’টি পঞ্চায়েতে শিবির করার ভাবনা রয়েছে।”

Advertisement

পটাশপুরে শুরু মেলা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • এগরা

পটাশপুর-১ ব্লকের সিংদামোড়ে শুরু হল বিদ্যাসাগর গ্রামীণ মেলা। বুধবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার সূচনা হয়। এ দিন সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন সাংসদ শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় সচিব ফিরোজা বিবি, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সদস্য তাপস মাজি, চন্দন সাউ, স্বপন মাইতি-সহ এলাকার বিশিষ্টজনরা। মেলা কমিটির পীযূষকান্তি পণ্ডা বলেন, “আটদিনের এই মেলায় বিজ্ঞান প্রদর্শনী, রক্তদান শিবির, গণবিবাহের আসর-সহ একাধিক কর্মসূচি রয়েছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছেই।”

জন্মদিবস পালন

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষের জন্মদিন পালন করল হলদিয়ার বাড়বাসুদেবপুরের একটি স্কুল। মঙ্গলবার বাড়বাসুদেবপুরের এই স্কুলে জন্মদিন পালন করা হয় এবং বুধবার প্রফুল্ল ঘোষের জন্মদিন উপলক্ষে স্কুল ছুটি দেওয়া হয়। প্রসঙ্গত, এক সময় হলদিয়ার বাড়বাসুদেবপুরে কয়েকশো বিঘা জমির উপরে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। এখানে এক সময় তিনি বসবাসও করেছেন। প্রফুল্লবাবুর তৈরি করা বাড়িতেই চলছে সরকারি অনুদানপ্রাপ্ত শ্রবণ প্রতিবন্ধীদের এই স্কুল।

জমি দখলের চেষ্টার নালিশ তাঁতিগেড়িয়ায়

কারখানার জমিতে বাঁশ পোঁতা ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকার ‘কেশর মাল্টিয়ার্ন মিল লিমিটেড’ নামে সুতোকলের। কলটি প্রায় এগারো মাস ধরে বন্ধ। কারখানার বেশ কিছুটা জমি ফাঁকা রয়েছে। অভিযোগ, এ দিন কারখানারই কিছু শ্রমিক বাঁশ পুতে তা দখল নেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় পুলিশও। মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্তর আশ্বাস, “অভিযোগ এলে তা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপই করা হবে।” সুতোকলটি গত জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে পড়ে। এখানে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় আটশো শ্রমিক কাজ করতেন। সকলেই এখন কাজহারা। বন্ধ সুতোকল খোলার জন্য বেশ কয়েকবার দ্বিপাক্ষিক-ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। সমাধানসূত্র মেলেনি। কারখানা খোলার দাবিতে একাধিক শ্রমিক সংগঠন আন্দোলনে নেমেছে। পথে নেমেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত এই কারখানার শ্রমিক ইউনিয়নও। কারখানারই কিছু শ্রমিক বাঁশ পুতে যে ওই জমি দখল নেওয়ার চেষ্টা করেছেন, পরোক্ষে তা মানছেন আইএনটিটিইউসি নেতা শশধর পলমলও। তাঁর কথায়, “বেশ কয়েক জন শ্রমিক এসেছিলেন। বলেছিলেন, জমিতে বাঁশ পুতে দেবেন। আমরা একে সমর্থন করি না। তবে এটাও ঠিক, শ্রমিকেরা সমস্যার মধ্যে আছেন। ওঁদের অসন্তোষ স্বাভাবিক।”

পুলিশ হেফাজতের নির্দেশ বাদল রাণাকে

তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে ভাঙচুর-লুঠে অভিভুক্ত সিপিএমের সাঁকরাইল জোনাল কমিটির সম্পাদক বাদল রাণাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন ঝাড়গ্রাম এসিজেএম আদালতের বিচারক। বুধবার বাদলবাবু-সহ পাঁচজনকে তোলা হয়েছিল আদালতে। সেখানেই বাদলবাবুর পুলিশ হেফাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। তৃণমূলের অভিযোগ, সোমবার রাতে কুলটিকরি বাজার এলাকায় বাদলবাবুর নেতৃত্বে সিপিএমের লোকজন তৃণমূল কর্মীদের ৬টি বাড়িতে ভাঙচুর-লুঠ চালায়। তৃণমূল কর্মীদের তিনটি মোটর বাইক ভাঙচুর করা হয়। মঙ্গলবার স্থানীয় তৃণমূল কর্মী বিশ্বনাথ প্রধানের অভিযোগের ভিত্তিতে বাদলবাবু-সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল সমর্থক এক মহিলাকে ধর্ষণের অভিযোগে বছর খানেক আগেও গ্রেফতার হন বাদলবাবু। কিন্তু আদালতে ওই মহিলা ধর্ষণের ঘটনাটি অস্বীকার করায় ওই মামলা থেকে বেকসুর খালাস পান বাদলবাবু। এ দিনও বাদলবাবুর আইনজীবী সুমন দাসমহাপাত্র বলেন, “আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। ওকে যে ধারায় অভিযুক্ত করা হয়েছে তা সর্বৈব মিথ্যা।”

পুরবোর্ডের বৈঠক

সরকারি ভাবে খাস মহল বলে পরিচিত এলাকাতেও পুর- পরিষেবা সচল রাখার সিদ্ধান্ত নিল মেদিনীপুর পুরসভা। বুধবার পুরসভার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে কয়েকটি সরকারি দফতরে চিঠি পাঠানো হয়। চিঠি আসে পুরসভাতেও। জানা গিয়েছে, চিঠিতে শহরের বারপাথর ক্যান্টনমেন্ট, চাঁদিয়ানা বাজার, কর্ণেলগোলা মৌজায় সমস্ত রকম পরিষেবা বন্ধ করে দেওয়ারই কথাই জানানো হয়। কেন? ভূমি সংস্কার দফতর সূত্রে খবর, এই সব মৌজা সরকারি ভাবে খাস মহল বলেই পরিচিত। সরকারি জায়গায় ব্যক্তিগত কাউকে পরিষেবা দেওয়া যায় না। জানানো হয়েছিল, যাঁদের লিজ আছে তাঁরা যদি লিজ নবীকরণ করান তাহলে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। বুধবার বোর্ড মিটিংয়ের পর পুরপ্রধান প্রণব বসু বলেন, “পুর- আইন মোতাবেক ওই সব মৌজার মানুষকে যা যা পরিষেবা দেওয়া দরকার তা পুরসভা দেবে।”

শঙ্কুদেব পণ্ডার বাড়িতে বিক্ষোভ

সারদা কাণ্ডে জড়িত থাকা ও সারদা থেকে নিয়মিত টাকা নেওয়ার অভিযোগে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডাকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল ভারতীয় মজদুর সঙ্ঘ। বুধবার কনিষ্ক পণ্ডার নেতৃত্বে কাঁথির আঠিলাগড়িতে শঙ্কুদেব পণ্ডার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। এ দিন সকালে ‘শঙ্কুদেব পণ্ডা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের কাঁথির লজ্জা’ লেখা ব্যানার-সহ একটি মিছিল বের করে ভারতীয় মজদুর সঙ্ঘ। তারপর কণিষ্ক পণ্ডা-সহ সঙ্ঘের জনাকুড়ি কর্মী মুখে কালো কাপড় বেঁধে প্রায় মিনিট দশেক শঙ্কুদেবের বাড়িতে বিক্ষোভ দেখান। কণিষ্ক পণ্ডার অভিযোগ, “সারদা কাণ্ডে জড়িত অভিযোগে ইডি শঙ্কুদেবকে জেরার জন্য ডেকেছে। শঙ্কুদেবকে গ্রেফতার করা হোক।”

জামিন দেবযানীর

সারদার একটি মামলায় বুধবার জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। আদালত সূত্রের খবর, গত বছরে সারদার আমানতকারীরা একটি মামলা করেছিলেন ঘাটাল থানায়। তাতে স্থানীয় একাধিক এজেন্টের নামও ছিল। ঘাটাল থানার পুলিশ তদন্তে নেমে ওই মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, অরবিন্দ চৌহানকেও যুক্ত করেন। বুধবার সকালে কলকাতা থেকে দেবযানীকে ঘাটাল আদালতে হাজির করানো হয়। তবে সুদীপ্ত সেন আসেননি। সওয়াল-জবাবের পর বিচারক ওই মামলায় দেবযানী মুখোপাধ্যায়কে জামিন দেন। তবে, ঘাটাল থানা এবং চন্দ্রকোনা থানায় এখনও একাধিক মামলা চলছে সারদার ওই দুই কর্তার বিরুদ্ধে। এ দিন তারই একটি মামলায় জামিন পেলেন দেবযানী।

প্রতারণার নালিশ

জাল প্রমাণপত্র দিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার অভিযোগ এক যুবককে গ্রেফতার করল দুর্গাচক থানার পুলিশ। প্রসেনজিত্‌ রায় নামে ওই যুবককে মঙ্গলবার হলদিয়ায় এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার ভবানীপুরের দেভোগের ওই যুবক মিথ্যে কাগজ জমা দিয়ে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের দুর্গাচক শাখা থেকে প্রায় ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন।

দুর্ঘটনায় জখম

কমর্রত অবস্থায় পথ দুর্ঘটনায় জখম হলেন এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার গভীর রাতে মহিষাদলের কাপাসেড়িয়ায় এই দুর্ঘটনায় জখমের নাম মদনমোহন মিদ্যা। ৫৮ বছর বয়সি ওই কনস্টেবলকে রাতেই উদ্ধার করে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের বেলদার এই বাসিন্দা মহিষাদল থানায় কর্মরত ছিলেন।

শিল্পীকে স্মরণ

প্রয়াত তবলা শিল্পী প্রণব গুপ্তের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। খড়্গপুর উত্‌সব কমিটি মঙ্গলবার সন্ধ্যায় শহরের খরিদা মিলন মন্দির ক্লাবের জয়রাম স্মৃতি মঞ্চে স্মরণসভা ও অনুষ্ঠানের আয়োজন করে। ছিলেন প্রয়াত শিল্পীর পুত্র সৌরিশ গুপ্ত ও স্ত্রী কেয়া গুপ্ত।

বার্ষিক অনুষ্ঠান

মেদিনীপুর শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘দ্য ট্রি হাউস’- এর বার্ষিক অনুষ্ঠান হল বুধবার। ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়, আইনজীবী শ্যামলেন্দু মাইতি প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement