West Bengal Assembly Election 2026

আজ প্রথম চূড়ান্ত ভোটার তালিকা

প্রশাসন সূত্রের খবর, এসআইআর পর্বে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় থাকা সমস্ত ভোটারের নাম চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কাজ শুরু হয়েছিল তিন মাস আগে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) সেই কাজ শেষে আজ, শনিবার প্রকাশ হবে প্রথম দফার চূড়ান্ত তালিকা। পূর্ব মেদিনীপুরের ২৫টি ব্লক অফিসে সংশ্লিষ্ট এলাকার বুথ ভিত্তিক ভোটার তালিকা টাঙানো হবে। জাতীয় নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি মেনে তাই প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ওনির্বাচন দফতর।

পূর্ব মেদিনীপুরে ১৬টি বিধানসভা মিলিয়ে ৪৪২০টি বুথ রয়েছে। সবগুলির বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা সংশ্লিষ্ট ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিসে টাঙানো হবে। এ ছাড়া, প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে বুথের ভোটার তালিকা টাঙানো হবে। এ জন্য সংশ্লিষ্ট বুথের বিএলও-দের ভোটার তালিকা দেওয়া হবে। প্রকাশিত ভোটার তালিকা অনলাইনেওদেখা যাবে।

প্রশাসন সূত্রের খবর, এসআইআর পর্বে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় থাকা সমস্ত ভোটারের নাম চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে। তবে চূড়ান্ত তালিকায় কোন ভোটারের নাম বাদ (ডিলিটেড) যাচ্ছে ও কোন ভোটারের নাম বিচারবিভাগীয় আধিকারিকের বিবেচনাধীন (অ্যাজুডিকেটেড), তা উল্লেখ করা থাকবে।বুথ ভিত্তিক ভোটার তালিকা প্রকাশের জন্য শুক্রবার দিনভর প্রশাসনিক অফিসগুলিতে চূড়ান্ত ব্যস্ততা ছিল। সমস্ত ব্লকে সর্বদলীয় বৈঠকও করেছে প্রশাসন। চূড়ান্ত তালিকায় কাদের নাম থাকবে, কী ভাবে থাকবে— সেই বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিস্তারিতভাবে জানানো হয় বৈঠকে।

উল্লেখ্য, এসআইআরের আগে জেলায় ভোটার ছিল ৪২ লক্ষ ৮৩ হাজার ৩৪৮ জন। গত ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম ছিল ৪১ লক্ষ ৪১ হাজার ৪১২ জনের। এর পরে ‘নো-ম্যাপিং’ তথ্যগত অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপেন্সি) থাকা ভোটারদের শুনানিতে ডাকা হয়। এই তথ্যগত অসঙ্গতি থাকা ভোটারদের একাংশের জমা দেওয়া বিভিন্ন নথিপত্রর জটিলতা আপাতত পরীক্ষা করছেন বিচারকেরা।

শুনানির নোটিস পেয়েও গরহাজির থাকা এবং এই সময়ের মধ্যে মারা যাওয়া আট হাজার জনের নাম বাদ পড়ছে চূড়ান্ত তালিকায়। ১৯ জানুয়ারির মধ্যে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন জানানো যোগ্যদের নাম তালিকায় থাকবে। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় চূড়ান্ত ভোটার তালিকায় কতজনের নাম থাকবে, তা নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপককৌতূহল রয়েছে।

এমন পরিস্থিতিতে শনিবারের এই তালিকা প্রকাশ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। সব ব্লক, পঞ্চায়েত অফিসগুলিতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস রিশিন ইসমাইল বলেন, ‘‘আমাদের জেলায় সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী বুথ ভিত্তিক ভোটার তালিকায় সব কিছু উল্লেখ করা থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন