—প্রতিনিধিত্বমূলক ছবি।
জেলায় ৮৯৮টি বুথ বা ভোট গ্রহণ কেন্দ্র বাড়ছে। তার জেরে এলাকা বিন্যাস নিয়ে তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনে।
এসআইআরে শুনানির পরে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এরই মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোট গ্রহণ কেন্দ্র বা বুথ এলাকার পুনর্বিন্যাসের প্রক্রিয়া চূড়ান্ত করার তৎপরতা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় ৪৪২০ টি বুথ রয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১২০০ ভোটার পিছু একটি করে ভোট গ্রহণ কেন্দ্র হবে। ফলে এ বার জেলায় আরও ৮৯৮ টি নতুন ভোট গ্রহণ কেন্দ্র বা বুথের প্রস্তাব করা হয়েছে। ১২০০-এর বেশি ভোটারযুক্ত বুথগুলিকে ভাগ করে একাধিক বুথ করা হবে।
এই সব বুথের বিএলও-দের নিয়ে বৈঠক করা হচ্ছে। সূত্রের খবর, এ বিষয়ে সর্বদলীয় বৈঠকও হবে। রাজনৈতিক দলগুলির মতামত ও অভিযোগ গ্রহণের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল অর্থাৎ সোমবার জেলার একাধিক ব্লক প্রশাসন এই বিষয়ে বিএলওদের নিয়ে বৈঠকের পাশাপাশি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। জেলাশাসক ইউনিস রিশিন ইসমাইল বলেন, ‘‘নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, বুথ এলাকা পুনর্বিন্যাস ও ভোটগ্রহণ কেন্দ্রের স্থান চূড়ান্ত করতে প্রশাসনিক বৈঠক হচ্ছে। সর্বদলীয় বৈঠক করে মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ জেলায় ৮৯৮টি বুথ বাড়লে বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে বুথের সংখ্যা হবে ৫৩১৮টি। বুথের সংখ্যা বৃদ্ধির ফলে ভোট কর্মীর সংখ্যাও বাড়াতে হবে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও প্রয়োজন হবে। সেই প্রস্তুতিও শুরু হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে