মৃত জয়বীর সিংহ ডোডিয়া। — নিজস্ব চিত্র।
আবার খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পাসে আট তলায় অটল বিহারী বাজপেয়ী হল থেকে শনিবার সকালে ঝাঁপ দেন জয়বীর সিংহ ডোডিয়া নামে ওই ছাত্র। খবর পেয়ে খড়্গপুর টাউন থানার অন্তর্গত হিজলি পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীরা যান ঘটনাস্থলে। আইআইটি ক্যাম্পাসেই মোতায়েন থাকেন তাঁরা। ২১ বছরের যুবককে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আইআইটি কর্তৃপক্ষের তরফে ছাত্রের মৃত্যুর খবর পাঠানো হয়েছে পরিবারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের বাড়ি আহমদাবাদের ঘুমা এলাকায়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন তিনি। খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে থাকতেন নেহরু হলে।
নেহরু হল থেকে কী ভাবে তিনি অটল বিহারী বাজপেয়ী হলে গিয়েছিলেন, সেখানে ছাদেই বা উঠলেন কী ভাবে, সেই সব দিক খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। নেহরু হল থেকে কখন ওই ছাত্র বেরিয়েছিলেন, সিসি ক্যামেরার ফুটেজে তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
২০২৫ সালে খড়্গপুর আইআইটির সাত ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ মিলেছিল। ওই বছর ১২ জানুয়ারি শোয়ান মালিক, ২১ এপ্রিল অনিকেত ওয়ালকর, ৪ মে মহম্মদ আসিফ কামার, ১৮ জুলাই ঋতম মণ্ডল, ২২ জুলাই চন্দ্রদ্বীপ পওয়ার, ২০ সেপ্টেম্বর হর্ষকুমার পাণ্ডে আত্মঘাতী হয়েছিলেন। গত ৭ ডিসেম্বর খড়্গপুরের পুরি রেলগেট থেকে উদ্ধার হয়েছিল ভট্টরাম শরণ কুমারের দেহ। ট্রেনে কাটা পড়েছিলেন তিনি।