জলে ডুবে এক যুবকের মৃত্যু হল। বুধবার দুর্গাচকের জয়নগরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত নেহার শাহ(২৫) নতুন দিল্লির নিউ সীমাপুরে বাসিন্দা। তাঁর শ্বশুরবাড়ি দুর্গাচকের জয়নগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে বিয়ে হয় নেহারের। । দিন দশেক আগে নেহার দিল্লি থেকে শ্বশুর বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার বিকালে তিনি ঘুরতে গিয়েছিলেন। রাতে বাড়ি না ফেরায় শ্বশুরবাড়ির লোকজন তার খোঁজশুরু করেন। বুধবার সকালে স্থানীয়রা একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন। পুলিশ দেহটি উদ্ধার করে বুধবার হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় জলে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
অন্য দিকে, জলে ডুবে মৃত্যু হল সাত বছরের বালিকার। মঙ্গলবার বিকেল ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার লালচন্দ্রবাড় গ্রামের ঘটনা। মৃতের নাম জ্যোৎস্না প্রধান (৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ হঠাৎই বাড়ির সামনের পুকুরে নেমে ডুবে যায় মেয়েটি। বাড়ির লোকজন তাকে কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পর দেহটি ভেসে উঠতে দেখেন। বিকেলেই জ্যোৎস্নাকে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।