তৃণমূলের বৈঠকেই কাটল জট
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
প্রধান-সহ কালিয়ারা গ্রাম পঞ্চায়েতের ৯ জন তৃণমূল সদস্য বৃহস্পতিবারও অফিসে এলেন না। খড়্গপুর-২ ব্লকের এই গ্রাম পঞ্চায়েতে দুষ্কৃতী হামলার জেরে বুধবার থেকেই অফিসে যাচ্ছেন না প্রধান, উপপ্রধান-সহ ৯ জন সদস্য। তাঁরা বিডিও অফিসে অভিযোগ জানানোর পরে বৈঠক ডেকেছিলেন মহকুমাশাসক। তবে সেই বৈঠক হয়নি। অন্য দিকে, বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের ব্লক নেতৃত্বের ডাকা বৈঠকে গোষ্ঠীকোন্দল জনিত ওই সমস্যা সমাধানের চেষ্টা হয়। বহুদিন ধরেই কালিয়ারা পঞ্চায়েতে তৃণমূলের অন্দরে কোন্দল রয়েছে। ব্লক থেকে জেলা নেতৃত্ব, বারবার চেষ্টা করেও তাতে রাশ টানতে পারেননি। মঙ্গলবার বিকেলে কালিয়ারা পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধান, উপপ্রধান-সহ তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর স্থানীয় কিছু যুবক চড়াও হয় বলে অভিযোগ। তারা ‘গীতাঞ্জলি’ ও ‘অধিকার’ প্রকল্পে অস্বচ্ছতার অভিযোগ তুলে হামলা চালায়। আক্রান্তরা জেলা তৃণমূল নেতৃত্বের কাছে দরবারও করেন। তারপরেও হামলাকারীদের ‘শাস্তি’ না হওয়ায় তা বিডিও-কে অভিযোগ জানিয়েছিলেন ওই ৯ জন পঞ্চায়েত সদস্য। তারপরই মহকুমাশাসক বৈঠক ডাকেন। দলের জেলা সাধারণ সম্পাদক অজিত মাইতিও ব্লক নেতৃত্বকে বৈঠক ডেকে সমস্যা মেটানোর নির্দেশ দেন। এ দিন বিকেলে মহকুমাশাসকের ডাকা বৈঠকেও যাবেন না বলে জানিয়ে দেন তাঁরা। তাঁদের বক্তব্য, দলের সমস্যা দলের মধ্যেই সমাধান করে নেওয়া হবে। এ দিন বিকেলেই খড়্গপুর-২ ব্লকে তৃণমূলের কার্যালয়ে বৈঠকে বসেন দলীয় নেতৃত্ব। মহকুমাশাসক সঞ্জয় ভট্টাচার্য বলেন, “বৈঠর ডাকার পরেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তাই বৈঠকের প্রয়োজন হয়নি।” কিন্তু এ দিনও কেন পঞ্চায়েত অফিসে গেলেন না প্রধান-সহ ৯ জন সদস্য? মহকুমাশাসকের জবাব, “বিকেলের দিকে সমস্যা মিটেছে। শুক্রবার থেকে সকলে পঞ্চায়েত অফিসে যাবেন বলে আশা।” তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অজিত মাইতি জানান, দলের অভ্যন্তরেই সমস্যার সমাধান হয়েছে।
দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার সন্ধ্যায় লালগড়ের বেলাটিকরি গ্রামের ঘটনা। মৃতার নাম মুকুলবালা দাস (৭০)। ওই ঘটনায় এক মহিলা-সহ দু’জন জখম হয়েছেন। তাঁদের ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেলাটিকরি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ মণ্ডল জানান, এ দিন ওই এলাকায় দুপুর থেকেই বৃষ্টি হচ্ছিল। যার ফলে মাটির বাড়ির দেওয়াল ভিজে নরম হয়ে গিয়েছিল। সন্ধ্যায় মুকুলদেবী তাঁর বৌমা অর্চনা দাসের সঙ্গে বাড়িতে বসে গল্প করছিলেন। পড়শি রঞ্জিত বিদ হাজির ছিলেন সেখানে। আচমকা মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়লে চাপা পড়েন তিনজনেই। ঘটনাস্থলেই মুকুলদেবীর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা অর্চনাদেবী ও রঞ্জিতবাবুকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যান। বিকাশবাবু বলেন, “ক্ষতিগ্রস্ত ওই পরিবারটিকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য প্রশাসনিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছি।”
শিক্ষক সমিতির দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
শিক্ষার সর্বস্তরে পাশ-ফেল প্রথা চালু, মাস পয়লা বেতন সুনিশ্চিত করা, অবসরের সঙ্গে সঙ্গে পেনশন সুনিশ্চিত করা সহ বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুরে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সমিতির বক্তব্য, শিক্ষাক্ষেত্রে এক চরম সঙ্কট চলছে। ৩৪ বছরের ধারাবাহিক অপশাসনের পর বর্তমান সরকারের তিন বছর শাসনে তিনবার শিক্ষামন্ত্রী বদল এবং ১৮টি জেলার সংসদ সভাপতি বদলের পরেও শিক্ষার কোনও উন্নতি পরিলক্ষিত হয়নি। বরং শিক্ষার মানে বর্তমানে এ রাজ্য পিছিয়ে ৩২ তম স্থানে এসেছে। এটা অত্যন্ত লজ্জার। আগামী ১৭ জুলাই ওই সব দাবিতে কলকাতার বিকাশ ভবনেও ডেপুটেশন দেবে সমিতি।
দুই মেদিনীপুরে নতুন সভাপতি প্রাথমিকে
রাজ্যের শিক্ষা দফতর থেকে দুই মেদিনীপুরের প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির নাম ঘোষণা করা হল। পূর্বে নতুন সভাপতি হলেন নিতাই জানা, আর পশ্চিমে নারায়ণ সাঁতরা। তমলুক শহরের বাসিন্দা নিতাইবাবু পশ্চিম মেদিনীপুরের জকপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতেনর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের উপদেষ্টা কমিটির সদস্যও। বাংলা সাহিত্যের গবেষক নিতাইবাবু জেলার রাজনৈতিক মহলে তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। নিতাইবাবু বৃহস্পতিবার বলেন, “আমাকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করব।” সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতিকে সরানোর সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা দফতর। সেই নির্দেশের প্রেক্ষিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির পদ ছাড়েন গোপাল সাহু। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান হতে চলেছেন নারায়ণ সাঁতরা। সংসদ সূত্রে খবর, আগামী সপ্তাহে তিনি দায়িত্বভার নেবেন। নারায়ণবাবু নয়াগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক। ইতিমধ্যে রাজ্য থেকে তাঁর নাম ঘোষণাও করা হয়েছে। রাজ্যে পালাবদলের পরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হন স্বপন মুর্মু। সম্প্রতি অন্য জেলার সংসদ চেয়ারম্যান বদলের সঙ্গে সঙ্গে এ জেলার সংসদ চেয়ারম্যানকেও বদল করা হয়। এই সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাজকর্ম নিয়ে কম অভিযোগ ওঠেনি। অভিযোগ, বদলির ক্ষেত্রে কোনও নিয়মনীতি মানা হয়নি। কোন স্কুল কী অবস্থায় রয়েছে, শিক্ষক সংখ্যা কত এ সব দিক খতিয়ে না দেখেই বদলি করা হয়েছে। সংসদ কর্তৃপক্ষ অবশ্য এ সব মানতে নারাজ। তবে সমস্যা মেটাতে বেশি সংখ্যক শিক্ষক রয়েছে, এমন স্কুলের এক বা একাধিক শিক্ষককে সংলগ্ন এলাকার স্কুলে গিয়ে পড়ানোর নির্দেশ দিতে হয় সংসদকে। সংসদের নতুন চেয়ারম্যান এই সব সমস্যা সমাধানে কী পদক্ষেপ করেন, সেটাই দেখার।
ভবিষ্যনিধির টাকায় গরমিল, বিক্ষোভ
ঠিকাদারের আওতায় থাকা হল (হস্টেল) কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাৎ করা হয়েছে, এই অভিযোগ তুলে আইআইটি-তে অবস্থান বিক্ষোভ করল সিপিআই-এর শ্রমিক সংগঠন এআইটিইউসি। বৃহস্পতিবার বিকেলে খড়্গপুর আইআইটি-র ‘হল ম্যানেজমেন্ট সেন্টারে’র সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। হলের অস্থায়ী কর্মীরা রেজিস্ট্রারকে লিখিত অভিযোগ দেন। খড়্গপুর আইআইটিতে আবাসিক পড়ুয়াদের জন্য ১৯টি হল রয়েছে। তার মধ্যে ৭টি হলই ঠিকাদার সংস্থার অধীনে। সেখানে প্রায় সাড়ে তিনশো অস্থায়ী কর্মী আছেন। তাঁদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড বাবদ টাকাও কেটে নেওয়া হয়। কিন্তু তা জমা করা হয়নি বলে অভিযোগ। সম্প্রতি ঠিকাদার সংস্থা বদলের সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। তাই পূর্বতন ঠিকাদার সংস্থার আমলে জমা হওয়া টাকা ফেরত পেতে তদ্বির শুরু করেছেন কর্মীরা। আর তখনই তাঁরা জানতে পেরেছেন, কারও কারও টাকা জমাই হয়নি। কিছু ক্ষেত্রে হিসেবের তুলনায় কম টাকা জমা দেওয়া হয়েছে। প্রতিবাদে এ দিন এআইটিইউসি-র নেতৃত্বে ম্যানেজমেন্ট সেন্টারের সামনে বিক্ষোভ হয়। পরে আইআইটি-র রেজিস্ট্রারের কাছে ও হিজলি ফাঁড়িতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। রাধাকৃষ্ণণ হলের কর্মী সমীর দে, বিসি রায় হলের কর্মী হারাধন দে-র কথায়, “৩-৪ বছর ধরে কাজ করছি। কিন্তু আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আগের ঠিকাদার জমা করেনি।” এই ঘটনায় ছ’জন ঠিকাদার জড়িত বলে অভিযোগ। বিক্ষোভের নেতৃত্ব দেওয়া প্রাক্তন সিপিআই সাংসদ প্রবোধ পান্ডা, এআইটিইউসি-র জেলা সাধারণ সম্পাদক বিপ্লব ভট্ট বলেন, “কর্মীদের ৫০-৬০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। আইআইটি কর্তৃপক্ষ যেহেতু প্রধান নিয়োগকর্তা, তাই তাঁদের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে।” আইআইটি-র রেজিস্ট্রার তপনকুমার ঘোষালের অবশ্য আশ্বাস, “প্রত্যেকে টাকা ফেরত পাবেন।” আইআইটি কর্তৃপক্ষের কাছে ওই ঠিকদার সংস্থাগুলির সিকিউরিটি ডিপোজিটের টাকা জমা রয়েছে বলেও জানান রেজিস্ট্রার।
বিতর্কের মধ্যে পুরকর্মী নিয়োগের ইন্টারভিউ
পুরসভার কর্মী নিয়োগের পরীক্ষায় কারচুপির অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন কয়েকজন পরীক্ষার্থী। সেই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার এগরা পুরসভায় কর্মী নিয়োগের লিখিত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া হল। গণ্ডগোল এড়াতে পুরসভার বাইরে পুলিশও মোতায়েন করা হয়। এবিষয়ে এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়ক বলেন, “রাজ্যের পুর দফতর ওই পরীক্ষাকে বৈধ ছাড়পত্র দিয়েছে। তাই এ দিন লিখিত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছে।” এগরা পুরসভায় ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর কর্মী নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালীন তৎকালীন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি মামুদ হোসেন কারচুপির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি তোলেন। প্রায় দু’বছর পর গত ১ জুলাই ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরীক্ষার ফল বাতিলের দাবিতে কয়েকজন পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। প্রশ্ন উঠছে, ওই পরীক্ষার বৈধতা বর্তমানে আদালতে বিচারাধীন হলেও কীভাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে? স্বপনবাবু বলেন, “আদালত যদি ওই পরীক্ষাকে অবৈধ বলে, তখন দেখা যাবে।” এগরার মহকুমা শাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “ওই মৌখিক পরীক্ষা নিয়ে অভিযোগ পেয়েছি। পুর কর্তৃপক্ষকে আইন অনুযায়ী এনিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” যদিও জেলাশাসক অন্তরা আচার্য বলেন, “এবিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই। তাই এই ব্যাপারে কিছু বলতে পারব না।”
ভেড়ি থেকে উদ্ধার যুবকের দেহ
বাগদা চিংড়ির ভেড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। চণ্ডীপুর থানার বৃন্দাবনপুর এলাকার ভগবানখালি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সমীর মাইতি (২২)। তাঁর বাড়ি ভগবানখালি গ্রামেই। সমীর ওই গ্রামেই একটি মাছের ভেড়িতে কাজ করত। ওই ভেড়েটির মালিক স্থানীয় তৃণমূল নেতা তথা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য স্বপন প্রধান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমীর বুধবার বিকেলে বাড়ি থেকে এসে মাছের ভেড়িতে কাজ করতে যান। সে সময়ে আরও তিনজন কাজ ওই ভেড়িতে কাজ করছিলেন। কিছু সময় পরে তাঁরা সমীরকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন বলে খবর। রাতেই মাছের ভেড়ির মধ্যে ওই যুবকের দেহ মেলে। সমীরের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। চণ্ডীপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, “মাছের ভেড়ি থেকে উদ্ধার হওয়া যুবকের মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ আসেনি।”
নতুন প্রাথমিক স্কুলের সূচনা
এতদিন এলাকায় একটিমাত্র প্রাথমিক বিদ্যালয় ছিল। বৃহস্পতিবার আরও একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন হল দাঁতনের মেনকাপুরে। এর ফলে দাঁতন-১ ব্লকে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৯টি। ১৯২৮ সাল থেকে উমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয় ছিল মেনকাপুরের পড়ুয়া-অভিভাবকদের একমাত্র ভরসা। এ দিন নতুন স্কুলের উদ্বোধন হওয়ায় খুশি এলাকাবাসী। তবে স্কুলের নাম এখনও ঠিক হয়নি। আপাতত মেনকাপুর প্রাথমিক নামেই চলবে স্কুলটি। নতুন স্কুলের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি বারি। ছিলেন অবর স্কুল পরিদর্শক ধৃতিপ্রসাদ বাসুলি, দাঁতন ভট্টর কলেজের পরিচালন সমিতির সভাপতি বিক্রম প্রধান, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণব পাত্র। আপাতত একটি বাড়িতে স্কুল চালু হয়েছে। তবে নতুন ভবনের জন্য প্রায় ৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
শিক্ষক সমিতির অবস্থান বিক্ষোভ
শিক্ষার সর্বস্তরে পাশ-ফেল প্রথা চালু, মাস পয়লা বেতন সুনিশ্চিত করা, অবসরের সঙ্গে সঙ্গে পেনশন সুনিশ্চিত করা- সহ নানা দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুরে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সমিতির বক্তব্য, শিক্ষাক্ষেত্রে এক চরম সঙ্কট চলছে। ৩৪ বছর অপশাসনের পর বর্তমান সরকারের তিন বছর শাসনে তিনবার শিক্ষামন্ত্রী বদল এবং ১৮টি জেলার সংসদ সভাপতি বদলের পরেও শিক্ষার কোনও উন্নতি পরিলক্ষিত হয়নি। বরং শিক্ষার মানে বর্তমানে এ রাজ্য পিছিয়ে ৩২তম স্থানে এসেছে। এটা অত্যন্ত লজ্জার। আগামী ১৭ জুলাই ওই সব দাবিতে কলকাতার বিকাশ ভবনেও ডেপুটেশন দেবে সমিতি।
সচেতনতা প্রচার
নির্মল বিদ্যালয় সপ্তাহ উপলক্ষে বিশুদ্ধ পানীয় জল বিতরণ ও স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতা প্রচারে পথে নামল প্রাথমিকের পড়ুয়ারা। বৃহস্পতিবার খড়্গপুর শহরের মালঞ্চ রোডে সেবা সঙ্ঘ প্রাথমিক শিক্ষা নিকেতনের পড়ুয়ারা দুপুর ১২টা থেকে টানা ২ ঘন্টা পথচলতি প্রায় পাঁচশো মানুষকে বিশুদ্ধ জলের সরবত পান করায়। স্বাস্থ্য বিধি নিয়ে চতুর্থ শ্রেণির দুই পড়ুয়া মাইকে প্রচার চালায়। প্রধান শিক্ষিকা অনামিকা চক্রবর্তী বলেন, “এক জন পড়ুয়া কী ভাবে পরিবার এবং সমাজকে সচেতন করতে পারে, সেই ভাবনা থেকেই এই কর্মসূচি।”
বাজ পড়ে মৃত ২
বৃহস্পতিবার ঝাড়গ্রাম ও নয়াগ্রামে পৃথক দু’টি ঘটনায় বাজ পড়ে এক মহিলা-সহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ নয়াগ্রাম থানার চালতাবেড়া গ্রামে চাষজমিতে ধান রোয়ার সময় বাজ পড়ে ঘটনাস্থলেই ভারতী ভক্তা (৩৬) নামে এক মহিলার মৃত্যু হয়। মৃতার বাড়ি নয়াগ্রামের ভালিয়াচাটি গ্রামে। আহতেরা সকলেই মাঠে ধান রোয়ার কাজ করছিলেন। এ দিন দুপুরে ঝাড়গ্রামের আগুইবনি এলাকার পূর্ণাপানি গ্রামে বাজ পড়ে কিশোর মাহাতো (৫৫) নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। তিনি মাঠে গরু চরাচ্ছিলেন।
পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক লরি চালকের। ভবানীপুর থানা এলাকার মোরামে ৪১ নম্বর জাতীয় সড়কে বুধবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সারাফুল আনসারি (২১)। তাঁর বাড়ি বিহারে। রাতের বেলা সিটি সেন্টারে আসার পথে লরিটি রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি লরির পিছনে ধাক্কা মারে।
ডিএসও-র দাবি
বিগত বছরগুলোর মতো এ বছরও স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয় কাউন্সেলিং চালু রাখা, বিশ্ববিদ্যালয়-কলেজগুলোর পরিকাঠামো উন্নয়ন ও আসন সংখ্যা বাড়িয়ে আবেদন করা ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা করা-সহ দাবিতে বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এক স্মারকলিপি জমা দিয়েছে ডিএসও।
অস্বাভাবিক মৃত্যু
বাড়ির ভিতর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। নন্দীগ্রামের ভেকুটিয়া এলাকার কান্ডপশরা গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নাড়ু মাইতি (৩৬)। তিনি পেশায় কৃষিজীবী।