পরপর তৃণমূলের মিছিলে ভোগান্তির আশঙ্কা শহরে

২১ জুলাই কলকাতায় শহিদ সমাবেশের প্রস্তুতি হিসেবে মেদিনীপুর শহরে পরপর মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। আজ, শুক্রবার থেকে এই কর্মসূচিগুলি শুরু হচ্ছে। এর ফলে শহরে যানজট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পথচলতি মানুষকে ভোগান্তিতে পড়তে হতে পারে। অবশ্য সরাসরি দলের ব্যানারে এই মিছিল হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০১:০২
Share:

২১ জুলাই কলকাতায় শহিদ সমাবেশের প্রস্তুতি হিসেবে মেদিনীপুর শহরে পরপর মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। আজ, শুক্রবার থেকে এই কর্মসূচিগুলি শুরু হচ্ছে। এর ফলে শহরে যানজট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পথচলতি মানুষকে ভোগান্তিতে পড়তে হতে পারে। অবশ্য সরাসরি দলের ব্যানারে এই মিছিল হবে না। হবে তৃণমূলের একাধিক শাখা সংগঠনের ব্যানারে। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায় বলেন, “২১ জুলাইয়ের সমাবেশ সফল করতে জেলার প্রতিটি ব্লকে, পুর-এলাকায় ব্যাপক ভাবে মিটিং, মিছিল, পথসভা সংগঠিত হচ্ছে।’’

Advertisement

দলীয় সূত্রে খবর, আজ, শুক্রবার মহিলা তৃণমূলের উদ্যোগে মেদিনীপুর শহরে এক মিছিল হবে। সকালে শহরের বিদ্যাসাগর হলের সামনে থেকে শুরু হবে মিছিল। পরশু, রবিবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শহরে এক মিছিল হবে। সকালে ওই মিছিলের পরে সভা হওয়ারও কথা। ওই দিন বিকেলে তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে মেদিনীপুর শহরে এক মিছিল হবে। তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, পরপর মিছিলের জন্য পথচলতি মানুষের কোনও সমস্যা হবে না। পথচলতি মানুষের কোনও রকম অসুবিধা যাতে না হয়, সেই দিকে দলের কর্মীরা নজর রাখবেন। দলীয় নেতৃত্বের দাবি, ২১ জুলাইয়ের সমাবেশকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে একটা আবেগ থাকেই। ব্লকে ব্লকে এর প্রস্তুতিও চলে। মেদিনীপুর শহর জেলার সদর শহর। ২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে এখানে মিছিল হওয়াটা স্বাভাবিক। দলীয় সূত্রে খবর, আগামী সোমবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে মিছিল হবে খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গি থেকে মোহনপুর পর্যন্ত।

১৮ জুলাই দলের এসসি-এসটি সেলের উদ্যোগে মেদিনীপুর শহর এবং নারায়ণগড়ে মিছিল হওয়ার কথা। জেলা তৃণমূল নেতৃত্বের আশ্বাস, মিছিলে শহরের কোনও এলাকাই বেশিক্ষণ আটকে থাকবে না। ফলে, পথচলতি মানুষের সমস্যা হওয়ারও কথা নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement