তখনও চিকিৎসা চলছে শিশুটির। —নিজস্ব চিত্র।
পাকা রাস্তা তৈরির কাজের শুরু উপলক্ষে মঞ্চ বেঁধে অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় দুই গ্রাম পঞ্চায়েত। অনুষ্ঠান মঞ্চে বসেছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা। রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন এলাকার কয়েক’শ মানুষ। আর সেই সময় জন্যই মেশিন ভ্যান বোঝাই করে বালি নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি।
অনুষ্ঠান মঞ্চের কাছে দাঁড়ানো ভিড়ে উল্টে পড়ে মৃত্যু দাদুর কোলে থাকা তিন বছরের এক শিশুর। গুরুতর আহত হয়েছে তাঁর দাদু । সোমবার সকালে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না থানার গোকুলনগর গ্রামে। দুর্ঘটনার জেরে বাতিল করে দেওয়া হয় রাস্তার কাজের সূচনার অনুষ্ঠান। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম শ্রীকৃষ্ণ মান্না ( ৩ )। আর পায়ে আঘাত লেগে গুরুতর আহত ওই শিশুর দাদু শঙ্কর মান্নাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নার বিডিও বিশ্বজিৎ বসু বলেন, ‘‘মেশিনভ্যানের চালককে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।’’
ময়না ব্লকের গোকুলনগর থেকে বলাইপন্ডা বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা পাকা করার জন্য অর্থ বরাদ্দ করেছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। ওই রাস্তা তৈরির জন্য ঠিকাদার করা হয়েছে। তারই কাজ চলছিল এ দিন। ওই শিশুর বাবা পিন্টু মান্না কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে। এ দিন দাদুর সঙ্গে ঘুরতে গিয়েছিল তিন বছরের শিশুটি।
দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ওই শিশুর পরিবার সহ তাঁর প্রতিবেশী লোকজন। ঘটনার জন্য পুলিশ–প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বাসিন্দাদের অভিযোগ, ওই পাকা রাস্তার কাজের জন্য মালপত্র বহনের কাজে মেশিনভ্যান ব্যবহার করা হয়েছিল। যা বেআইনি। এদিন খোদ পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সামনে মেশিনভ্যান নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে এই ঘটনা ঘটেছে।
এখনও দুঃস্বপ্ন কাটছে না শঙ্করবাবুর। হাসপাতালের বিছানায় শুয়ে বলেন, ‘‘মেশিনভ্যানটি তিন রাস্তার মোড়ে বড় রাস্তা থেকে বাঁক নিয়ে আরেকটি রাস্তায় ঢোকার সময় কয়েকজন আপত্তি করেছিল। পুলিশ মেশিনভ্যান বাঁক নেওয়ার সময় চালক আমাদের উপর এসে পড়ে। আমার ফুটফুটে নাতিটা শেষ হয়ে গেল।’’
ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করে অনুষ্ঠানের আয়োজক গোকুলনগর গ্রামপঞ্চায়েতের প্রধান কৃষ্ণপ্রসাদ মাইতি বলেন, ‘’ রাস্তা পাকার কাজের জন্য বালি বোঝাই করে মেশিনভ্যানটি এসেছিল। মেশিনভ্যানটি পিছোনোর সময় নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।’’ সরকারি রাস্তা পাকার জন্য কাজের মেশিনভ্যানে করে মালপত্র বহনের কাজ তো নিয়মবিরুদ্ধ ? কৃষ্ণপ্রসাদবাবুর যুক্তি, ‘‘রাস্তা সরু হওয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত ঠিকাদার সংস্থা মেশিন ভ্যানে করে মালপত্র বহনের কাজ করছিল।’’