দীপক বর্মণ। — ফাইল চিত্র।
চলতি শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ। মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারে বিজেপি টিচার্স সেলের অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘এসএসসির আইন, কোর্টের রায়, মানবিক দৃষ্টিভঙ্গি— সব দিক রেখেই যা করার করা হবে।’’ ৩১ অগস্ট সুুপ্রিম কোর্টের সময়সীমা শেষের আগে উৎকণ্ঠায় চাকরিপ্রার্থীরা।
দীপক জানান, তাঁদের সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চাকরির বয়স পাঁচ বছর বাড়িয়েছে। যাঁরা বয়সের জন্য এসএসসি পরীক্ষায় বসতে পারেননি, বা ১৫-১৬ বছরে এক বার মাত্র পরীক্ষা দিয়েছেন তাঁদের ফের পরীক্ষার প্রস্তুতি নিতে বলেন তিনি। দীপক বলেন, ‘‘নিশ্চিত ভাবে বলতে পারি আমাদের সরকার চাকরি বিক্রি করবে না।’’ সেই সঙ্গে তিনি শিক্ষকদের বলেন, ‘‘আপাতত বদলির অনুরোধ নিয়ে আমার কাছে আসবেন না। এটা একটা প্রক্রিয়া। প্রত্যেকে সুযোগ পাবেন। এর জন্য একটু সময় দিন।’’ সেই সঙ্গে দীপক জানান, খুব শীঘ্রই স্কুলগুলিতে হাজিরার বায়োমেট্রিক, মুখ চেনার যন্ত্র দেওয়া হবে। প্রাথমিকে সমস্ত শিক্ষকদের টেট দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বিষয়টি কেন্দ্রীয় সরকার দেখছে বলেজানান দীপক।
উপস্থিত শিক্ষকদের দীপক বলেন, ‘‘সরকারের কিছু সিদ্ধান্ত পছন্দ না-হলে আমাদের সঙ্গে আলোচনা করুন। কিন্তু সমাজমাধ্যমে বা অন্যত্র প্রচার করবেন না। এটা আপনাদের সরকার। রাজনৈতিক দল থাকলে আনুগত্য থাকা প্রয়োজন।’’
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও স্কুল শিক্ষকদের গুরুত্ব স্মরণ করিয়ে বলেন, তাঁদের কাছে এক জন ছাত্র যতটা গ্রহণ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছেও তা করেন না।
তাঁদের সরকার শিক্ষকদের সব সময়ে মর্যাদা দেবে জানিয়ে শমীক বলেছেন, “বাম সরকার ৩৪ বছর ছিল কারণ তারা শিক্ষকদের সব সময়ে মর্যাদা দিয়েছে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে