— প্রতীকী চিত্র।
লালগোলায় বাইক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিন জনের। আহত হয়েছেন আরও দু’জন। মৃতেরা সকলেই লালগোলার মিদাদপুরের বাসিন্দা। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, তিন যুবক একটি বাইকে চেপে বৃহস্পতিবার লালগোলা থেকে মিদাদপুরে বাড়ি ফিরছিলেন। পথে নিমতলা এলাকায় ভবানীপুর– রাজারামপুর রাজ্য সড়কে একটি স্কুটিতে ধাক্কা মারে বাইকটি। তার পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা টোটোয় ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় বাইকে সওয়ার তিন জনকে উদ্ধার করে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ইমানুল হাসান ও এহেসানুল হককে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আরমান শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত আরিফ শেখ এবং মর্জিনা বেওয়াকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।