সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আমতলা বাজার কমিটি। বুধবার ওই অনুষ্ঠানের সূচনা করেন নওদার বিডিও লিটন সাহা। ওই সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে নওদা ব্লক ময়দানে বিশাল মেলাও বসেছে। অনুষ্ঠানে শান্তিনিকেতন বাউল, কবিগান, নৃত্য, জারিগান, বাল্য বিবাহের বিরুদ্ধে বহরমপুর জাগরণ নাট্য সংস্থার নাটক ‘পুনর্জন্ম’ পরিবেশিত হবে। এছাড়াও রয়েছে কান্দি ও ভগবানগোলার নাট্যগোষ্ঠীর নাটক। সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। ওই উপলক্ষে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, তাতে গ্রামবাসীদের সঙ্গে লিটনবাবুও রক্তদান করেন। তিনি বলেন, “ওই সাংস্কৃতিক মেলা নওদা এলাকার মানুষের মনোরঞ্জনের পাশাপাশি তাদের মধ্যে সাংস্কৃতিক বোধ জাগরুক হবে।” শুরুর দিনে ভীড় উপচে পড়ে মেলায়।
রানাঘাট কাণ্ডে ধৃত আরও ৪
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রানাঘাট কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও চার জনকে গ্রেফতার করল সিআইডি। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতদের নাম হাবিবুল, মহম্মদ সেলিম, আসলাম ও জিন্নত। তারা চার জনই বাংলাদেশি। মঙ্গলবারই ওই চার জনকে আটক করেছিল লুধিয়ানা পুলিশ। সিআইডির দাবি, ধৃতেরা লুধিয়ানা পুলিশের কাছে অপরাধ কবুল করেছে। এদের আনার জন্য বৃহস্পতিবার সিআইডি-র ডিএসপি পিনাকীরঞ্জন দাসের নেতৃত্বে একটি দল লুধিয়ানা যাচ্ছে। ১৩ মার্চ রানাঘাটের একটি কনভেেন্ট হানা দেয় দুষ্কৃতীরা। টাকা লুঠ করার পরে এক বৃদ্ধ সন্ন্যাসিনীকে ধর্ষণও করা হয়। ২৫ মার্চ রাতে মুম্বই থেকে সালিম শেখ ও হাবরা থেকে গোপাল সরকার নামে দু’জনকে ধরা হয়। গোপাল ও সালিমের মোবাইলেরো কল ডিটেলস ঘাঁটতে গিয়ে চারটি সন্দেহজনক নম্বর মেলে। ঘটনার আগে ও পরে সালিম ও গোপালের সঙ্গে চার জনের কথা হয়েছিল। মোবাইল ফোনের টাওয়ারের অবস্থান খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পারেন, ওই চার জন লুধিয়ানায় রয়েছে। এর পরেই লুধিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে চার জনকে পাকড়াও করার সিদ্ধান্ত নেন সিআইডি কর্তারা।
সারানো হল ফরাক্কার গেট
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
অবশেষে মেরামত করা হল ফরাক্কা ব্যারাজের ৪৯ নম্বর গেটটি। গত ১৫ মার্চ রাতে জলের চাপে ভেঙে যায় ওই গেটটি। রাজ্য সরকার ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে। ১৮ মার্চ গোটা বিষয়টি সরেজমিনে জেখতে আসেন রাজ্যের দুই মন্ত্রী মণীশ গুপ্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়। পরের দিন কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। তারপরেই নড়েচড়ে বসেন ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ভাঙা গেটটিকে সরিয়ে নতুন গেট বসানো হয়েছে। ফরাক্কা ব্যারাজের জেনারেল ম্যানেজার সৌমিত্রকুমার হালদার জানান, ব্যারাজের ১০৯টি গেট নতুন করে বসানো হবে। ইতিমধ্যে ২২ নতুন গেট বসানো হয়ে গিয়েছে। ২০১৭ সালের মধ্যে গেট বদলের কাজ শেষ করা হবে। এই নিয়ে ফরাক্কা ব্যারাজে আট বার গেট ভাঙার ঘটনা ঘটল।
বজ্রাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে তেহট্টের পলষণ্ডা গ্রামে। মৃতের নাম সুকুমার দাস (৩৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে ধানের জমিতে জল দিতে যান সুকুমারবাবু। তারপর বেলার দিকে তাঁকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে পলাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান বজ্রাঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মহিলার অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম আসরোফা বিবি (২৮)। বাড়ি ভরতপুর থানার দেচাপড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়িতে রান্না করছিলেন ওই মহিলা। আচমকা তাঁর কাপড়ে আগুন ধরে। বাড়ির লোকজন জখম ওই মহিলাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালীন ওই দিন রাতেই মৃত্যু হয় ওই মহিলার।
নতুন ধারা যোগ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট
রানাঘাট কাণ্ডে ধৃতদের বিরুদ্ধে ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকা) ধারা যুক্ত করার আবেদন জানায় সিআইডি। বুধবার নদিয়ার রানাঘাট আদালতের এসিজেএম পাপিয়া দাসের এজলাসে এই ধারা যোগ করার আবেদন করা হয়। বিচারক আবেদন মঞ্জুর করেন। সরকার পক্ষের আইনজীবী প্রদীপকুমার প্রামাণিক বলেন, ‘‘অনেক অভিযুক্ত ওই ঘটনায় সরাসরি জড়িত নয়, তাদের বিচারের আওতায় আনার জন্য এই ধারা যোগ করা হয়েছে।’’
ধৃতদের বিরুদ্ধে নতুন ধারা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট
রানাঘাটে বৃদ্ধ সন্ন্যাসীকে নিগ্রহ ও ডাকাতির ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকা) ধারা যুক্ত করার আবেদন জানায় সিআইডি। বুধবার নদিয়ার রানাঘাট আদালতের এসিজেএম পাপিয়া দাসের এজলাসে এই ধারা যোগ করার আবেদন করা হয়। বিচারক আবেদন মঞ্জুর করেন। সরকার পক্ষের আইনজীবী প্রদীপকুমার প্রামাণিক বলেন, ‘‘অনেক অভিযুক্ত ওই ঘটনায় সরাসরি জড়িত নয়, তাদের বিচারের আওতায় আনার জন্য এই ধারা যোগ করা হয়েছে।’’
ভস্মীভূত দোকান
নিজস্ব সংবাদদাতা • কান্দি
আগুনে পুড়ল তিনটি দোকান। বুধবার রাতে সালরের স্টেশন বাজারের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে বাজারের একটি পান-বিড়ির ও দু’টি মনোহারির দোকানে আগুন লাগে। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলি পুরোপুরি পুড়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সটসার্কিট থেকে আগুন ধরেছে।
বিজেপি-র প্রতিনিধি দল
জলঙ্গিতে জয় বন্দ্যোপাধ্যায়।
আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে বুধবার বিজেপির এক প্রতিনিধিদল জলঙ্গির সরকারপাড়া গ্রামে যায়। ওই প্রতিনিধি দলে ছিলেন বিজেপি’র রাজ্য সহ সভাপতি প্রভাকর তেওয়ারি, রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক লাল্টু দাস ও জেলা সভাপতি মালা ভট্টাচার্য। ওই প্রতিনিধি দলের দাবি, তৃণমূল আশ্রিত পাচারকারীরা সরকারপাড়া গ্রামের বাসিন্দাদের জমির ফসল নষ্ট করে প্রতি দিন রাতের অন্ধকারে গবাদি পশু পাচারের চেষ্টা করছে। বিজেপি কর্মীরা বিষয়টি বিএসএফ কর্তৃপক্ষকে জানায়। তার পর থেকেই ওই কর্মীদের উপরে বিভিন্ন ভাবে অত্যাচার চালাচ্ছে ওই পাচারকারীরা। বাড়িঘর লুঠ করা থেকে ভাঙচুর, এমনকী মহিলা ও শিশুদের উপরে চলছে নির্যাতন। গোটা ঘটনায় পুলিশ পাশে দাঁড়িয়ে পাচারকারীদের মদত দিচ্ছে বলেও অভিযোগ। বিজেপি’র রাজ্য সহ সভাপতি প্রভাকর তেওয়ারি বলেন, “পাড়ুইয়ের মতো এখানেও বিজেপি কর্মীদের উপরে অত্যাচার চালাচ্ছে তৃণমূল। সীমান্তের ওই গ্রামে না এলে জানতেই পারতাম না, তৃণমূল কী ভাবে সন্ত্রাস চালাচ্ছে। গোটা ঘটনা জানিয়ে আমরা রাজপালের দ্বারস্থ হব।” চোঁয়াপাড়া গ্রামপঞ্চায়েত সদস্য তৃণমূলের পিনুয়ার হোসেন বলেন, ‘‘বিজেপি মিথ্যা অভিযোগ করছে। বিএসএফের যোগসাজসে এক দল সমাজবিরোধী ওই পাচারের সঙ্গে জড়িত। ওই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবে জড়িত নয়।’’ মুর্শিদাবাদের পুলিশ সুপার সি সুধাকর বলেন, “গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”
জমি-বিবাদে অবরোধ
জমি নিয়ে বিবাদে কৃষ্ণনগর-বগুলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। বুধবার সকালে কোতোয়ালি থানার যাত্রাপুর উত্তরপাড়া এলাকার ঘটনা। পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে এই এলাকায় রাস্তার ধারে একটি বারো কাঠা জমি কৃষ্ণনগরের বাসিন্দা এক যুবকের কাছে বিক্রি করেন স্থানীয় এক ব্যক্তি। ওই জমি ও রাজ্য সড়কের মাঝখানে বেশ কিছুটা পূর্ত দফতরের জমি আছে। সেই জমি দীর্ঘ দিন ধরে চাষ করে আসছেন স্থানীয় কিছু পরিবার। স্থানীয়েরা জানান, এ দিন কেনা জমির সঙ্গে সঙ্গে ওই খাস জমিও দখল করতে যান কৃষ্ণনগরের এই যুবক। সঙ্গে কয়েক জন বহিরাগত ছিল বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখল করতে গেলে স্থানীয়েরা রুখে দাঁড়ান। উভয় পক্ষের মধ্যে গোলমাল বাধে। সেই সময় বহিরাগতদের দুটি মোটর বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
শিশুর মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। নাম সমীর শেখ (৫)। বাড়ি কালীগঞ্জের শ্যাওড়াতলা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ওই শিশুটি দাদুর সঙ্গে সাইকেলে দেবগ্রামে স্কুলে আসছিল। আচমকা একটি লরি সাইকেলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। লরিটিকে আটক করলেও চালক ও খালাসি বেপাত্তা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চৈত্রের বিকেলে। কৃষ্ণনগরে বারোদোলের মেলায় সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।
গরম পড়তে শুরু করেছে। পাখার পসরা সাজাতে ব্যস্ত দোকানি। বেলডাঙায় গৌতম প্রামাণিকের তোলা ছবি।