TMC-Congress

বোমার হামলায় হাত, পা উড়ল কংগ্রেস সমর্থকের, রানিনগরে অভিযোগের তির তৃণমূলের দিকে

রানিনগর থানার ডেপুটিপাড়ায় ঘটনাটি ঘটেছে। বোমা হামলায় জখম হয়েছেন দু’জন। এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১১:১৮
Share:

—প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হল মুর্শিদাবাদের রানিনগর। বোমা হামলায় হাত, পা উড়ে গেল কংগ্রেস সমর্থকের। রাতে বাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রানিনগর থানার ডেপুটিপাড়ায় ঘটনাটি ঘটেছে। বোমা হামলায় জখম হয়েছেন দু’জন। এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শাসকদল অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ৯টা নাগাদ ডেপুটিপাড়ার বাসিন্দা কংগ্রেস সমর্থক রিন্টু শেখের বাড়ি ঘেরাও করে রেখেছিলেন বেশ কয়েক জন। অভিযোগ, রাত বা়ড়তেই তাঁর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছোড়া শুরু হয়। বাড়ির লোকেরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করলে গুলি চালানো হয় বলেও অভিযোগ। তাতে জখম হন রিন্টু এবং তাঁর পরিবারের আর এক সদস্য। পরিবারের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। হাত, পায়ে গুরুতর চোট পেয়েছেন রিন্টু। তাঁর হাত এবং পায়ের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। জখম হওয়া দু’জনকে রানিনগর গোধনপাড়া ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। রিন্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পরে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

রিন্টুর স্ত্রী ইতি বিবি বলেন, ‘‘ভোটে জোট প্রার্থী জেতার পর থেকেই বাড়ির সামনে তৃণমূলের লোকেরা জটলা করতে থাকে। রবিবার হঠাৎ করেই রাতের বেলা আমাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে ওরা। গুলিও ছোড়ে। তাতেই আমার স্বামী জখম হয়েছে।’’ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

সব অভিযোগ অস্বীকার করে রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন বলেন, ‘‘ভোটের আগে তো করছিলই। ভোটের পরেও এলাকা অশান্ত করতে স্থানীয় এবং বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে আসছে কংগ্রেস আর সিপিএম। ওরাই তো তৃণমূলের উপর হামলা চালিয়েছে। নিজেদের ছোড়া বোমায় নিজেরাই চোট পেয়েছে বলে শুনেছি আমি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement