পুলিশ-তৃণমূলের মদতে আক্রমণের তত্ত্ব অধীরের

পুলিশ-তৃণমূলের যৌথ আক্রমণের তত্ত্বে ফের সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার সালার থানা এলাকায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে অধীর অভিযোগ করেন, পুলিশের সাহায্যে শাসক দল কংগ্রেস নেতাকর্মীদের উপরে আক্রমণ করছে। কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে সালার থানায় ধর্নায় বসার হুঁশিয়ারিও দেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৬
Share:

পুলিশ-তৃণমূলের যৌথ আক্রমণের তত্ত্বে ফের সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার সালার থানা এলাকায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে অধীর অভিযোগ করেন, পুলিশের সাহায্যে শাসক দল কংগ্রেস নেতাকর্মীদের উপরে আক্রমণ করছে। কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে সালার থানায় ধর্নায় বসার হুঁশিয়ারিও দেন তিনি।

Advertisement

পঞ্চায়েতের উপ-নির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে তালিবপুর ও কাগ্রামে কংগ্রেস প্রার্থী ও কর্মীদের বাড়ি ভাঙচুরে নাম জড়িয়েছে তৃণমূলের। গত বুধবার কংগ্রেস প্রার্থীদের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি এলাকার নেতাদেরও মারধর করা হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। দলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে এ দিন সালারে যান অধীরবাবু। ওই দিন তালিবপুর পঞ্চায়েত এলাকার হাটপিলখুণ্ডি গ্রামের কংগ্রেস কর্মী শের আলির বাড়ি ভাঙচুর করা হয়। তাঁর বাড়িতে যান অধীর। শের আলির মা আজিফা বিবি বলেন, “শৌচালয়টাও ভেঙে দিয়েছে। আমাকেও রেয়াত করেনি।” পরে কাগ্রামেও আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে যান অধীর। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখে বহরমপুরের কংগ্রেস সাংসদ তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

সালার থানা এলাকায় কাগ্রাম, সালার ও তালিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দু’টি গ্রাম পঞ্চায়েত ও দু’টি পঞ্চায়েত সমিতির আসনে উপ-নির্বাচন আছে। ওই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেওয়ায় ক্ষোভে শাসক দলের লোকজন কংগ্রেস কর্মী ও নেতাদের উপর আক্রমণ করেছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। কাগ্রামের প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ ঘোষ ও সালার থানার কংগ্রেস নেতা বাবু দত্ত-সহ বেশ কিছু কংগ্রেস নেতৃত্বকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশ সব কিছু জেনে হাত গুটিয়ে তৃণমূলের গুণ্ডামিকে সমর্থন করছে বলে অভিযোগ তাঁর। কাগ্রামে একটি মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে অধীরবাবুর অভিযোগ, ‘‘পুলিশ ও তৃণমূল যৌথভাবে কংগ্রেসের উপরে আক্রমণ করছে।’’ অধীরের হুমকিকে গুরুত্ব দিতে চায়নি তৃণমূল। নেতৃত্বের দাবি, কংগ্রেসের গোষ্ঠী কোন্দলেই ওই ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement