ডিজিট্যাল রেশন কার্ড বিলিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধল পঞ্চায়েতে। অভিযোগ, রবিবার দুপুরে চাপড়ার হাতিশালা-২ গ্রাম পঞ্চায়েতে রেশন কার্ড বিলি নিয়ে ঝামেলা হয়। সিপিএমের চাপড়া পঞ্চায়েত সমিতির এক সদস্য তাঁর দলবল পঞ্চায়েতে ভাঙচুর করেন। এ দিন সন্ধ্যায় ওই পঞ্চায়েতের প্রধান তৃণমূলের কালিপদ হালদার এ বিষয়ে চাপড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ, দুপুরে কিছু লোকজন নিয়ে গিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য সিপিএমের নুরুল ইসলাম শেখ পঞ্চায়েতে আসেন। কার্ড বিলি নিয়ে তিনি পঞ্চায়েতের কর্মী ও প্রধানের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। তারপর আচমকা পঞ্চায়েতের চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
অভিযুক্ত নুরুল ইসলাম শেখ অবশ্য জানান, গত কয়েকদিন ধরে তাঁর এলাকার লোকজনকে ডিজিট্যাল রেশন কার্ড না দিয়ে হয়রানি করা হচ্ছিল। বলা হচ্ছিল, তাঁদের নামে কোনও কার্ড ইস্যু হয়নি। অথচ, বাস্তবে তাঁদের নামে কার্ড এসেছে। এ বিষয়ে তিনি পঞ্চায়েতে কথা বলতে যান। কোনও ঝামেলা হয়নি। পরে জানতে পারেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জেলার খাদ্য নিয়ামক অসীমকুমার নন্দী বলেন, ‘‘ঝামেলার খবর পেয়েছি। বিষয়টি দফতরের ব্লক স্তরের আধিকারিককে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।’’