শিলিগুড়ি শহরে অবৈধ নির্মাণ ভাঙতে আদিত্যনাথের রাজ্য থেকে বুলডোজ়ার ভাড়া করা হচ্ছে। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের পর এমনই হুঁশিয়ারি দিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। অবৈধ নির্মাণের মালিকদের উদ্দেশে তাঁর বার্তা, নিজেরা নির্মাণগুলো ভেঙে না ফেললে প্রশাসন থেকে ভাঙা হবে।
রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা চলছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার মহকুমা শাসকের দফতরে যান দার্জিলিঙের বিজেপি সাংসদ। শিলিগুড়ি শহরের একাধিক সমস্যা নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠকে ছিলেন পুলিশ কমিশনার, জেলাশাসক, দার্জিলিং জেলার পুলিশ সুপার-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠক শেষে রাজু বলেন, “উত্তরপ্রদেশ থেকে দু’ডজন জেসিবি-র অর্ডার দিয়েছি। মোট ২৪টি জেসিবি আসছে। তার পর শহরের (শিলিগুড়ি) যত অবৈধ নির্মাণ রয়েছে, সবগুলোর উপর ধারাবাহিক ভাবে জেসিবি চলবে।” সাংসদ এ-ও জানান, ইতিমধ্যেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে তাঁরা বুলডোজ়ার অভিযান শুরু করেছেন। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ চিহ্নিত করার কাজও চলছে সমানতালে। যাঁরা বেআইনি নির্মাণ করেছেন, তাঁদের উদ্দেশে ‘সতর্কবার্তা’ দেন তিনি।
রাজু বলেছেন, শিলিগুড়ি শহরে মাদক কারবার বন্ধ করতেও পদক্ষেপ করা হচ্ছে। তিনি জানান, মাদক কারবারের সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদের তালিকা রয়েছে তাঁর কাছে। শিলিগুড়িকে মাদকমুক্ত শহর করতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ‘গুন্ডা ট্যাক্স আদায়’, অবৈধ টোল প্লাজ়া, বেআইনি মদের দোকান, পানশালার বিরুদ্ধেও পদক্ষেপ করবেন। বিজেপি সাংসদের কথায়, “এটাই পরিবর্তনের সরকার। এই সরকারের আমলে কোনও রকম অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না।”