Cooch Behar Murder Case

মদ খেয়ে বাড়ি ঢোকায় তুমুল অশান্তি, সব্জি কাটার ছুরি দিয়ে স্ত্রীকে খুন করলেন বিএলও স্বামী!

গ্রন্থাগারিক রাজদীপের সঙ্গে অম্বালিকার বিয়ে হয় বছর দশেক আগে। স্থানীয়েরা জানাচ্ছেন, ভালবেসে বিয়ে করেছিলেন দুই যুবক-যুবতী। দম্পতির আট বছরের একটি ছেলে রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৮
Share:

অম্বালিকা বড়ুয়ার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। —নিজস্ব ছবি।

মত্ত অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল যুবকের। সেখান থেকে কলহ এমন পর্যায়ে গেল যে, সব্জি কাটার ছুরি নিয়ে স্ত্রীকে ক্ষতবিক্ষত করলেন স্বামী। সোমবার সন্ধ্যায় যুবতীর মৃত্যুতে শোরগোল কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ড এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বিকেলে রাজদীপ বড়ুয়া মত্ত অবস্থায় বাড়িতে ঢুকেছিলেন। ওই নিয়ে স্ত্রী অম্বালিকা সরকারের সঙ্গে তাঁর ঝগড়া শুরু হয়। তীব্র চিৎকার-চেঁচামেচি হচ্ছিল বাড়িতে। হঠাৎ অম্বালিকার আর্তনাদ শুনে কয়েক জন ছুটে যান সেখানে। তাঁরা দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন ওই যুবতী। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা অম্বালিকাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্য দিকে, স্ত্রীর উপর হামলার খানিক পরে হাসপাতালে উপস্থিত হন স্বামী। সেখানে সকলের ক্ষোভের মুখে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। তারা রাজদীপকে আটক করে।

Advertisement

জেলা পাঠাগারের গ্রন্থাগারিক রাজদীপের সঙ্গে অম্বালিকার বিয়ে হয় বছর দশেক আগে। স্থানীয়েরা জানাচ্ছেন, ভালবেসে বিয়ে করেছিলেন দুই যুবক-যুবতী। দম্পতির আট বছরের একটি ছেলে রয়েছে। রাজদীপ ১৭৭ নম্বর বুথের বিএলও হিসাবে এসআইআরের কাজ করছিলেন। সোমবারের এই ঘটনায় তাজ্জব এলাকাবাসী।

জেলা পুলিশের ডিএসপি ডিআইবি বিনোদ গজম জানিয়েছেন, ইতিমধ্যে অভিযুক্ত আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ। যুবতীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement