টুকরো খবর

বিডিও অফিস চত্বরে ব্যাডমিন্টন খেলতে যাওয়ায় স্থানীয় যুগ্ম বিডিও দুই স্কুল পড়ুয়াকে মারধর করেছেন বলে অভিযোগ উঠল ধূপগুড়িতে। অভিযোগ, ওই পড়ুয়াদের গায়ে সাইকেল ছুড়ে মারা হয়েছে। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। বিকেলের পরে একাদশ শ্রেণির ওই পড়ুয়ারা যুগ্ম বিডিও-র বিরুদ্ধে থানায় অভিযোগ করে।

Advertisement
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ০২:২৪
Share:

দুই পড়ুয়াকে মারধরে অভিযুক্ত যুগ্ম বিডিও
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি

Advertisement

বিডিও অফিস চত্বরে ব্যাডমিন্টন খেলতে যাওয়ায় স্থানীয় যুগ্ম বিডিও দুই স্কুল পড়ুয়াকে মারধর করেছেন বলে অভিযোগ উঠল ধূপগুড়িতে। অভিযোগ, ওই পড়ুয়াদের গায়ে সাইকেল ছুড়ে মারা হয়েছে। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। বিকেলের পরে একাদশ শ্রেণির ওই পড়ুয়ারা যুগ্ম বিডিও-র বিরুদ্ধে থানায় অভিযোগ করে। ঘটনার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে এসএফআই। আজ, সোমবার সংগঠনের পক্ষ থেকে যুগ্ম বিডিও-কে গ্রেফতারের দাবিতে থানায় স্মারকলিপি দেওয়া হবে। জলপাইগুড়ির মহকুমা শাসক সীমা হালদার বলেন, “ঠিক কী হয়েছিল, খোঁজ নিয়ে দেখছি।” ধূপগুড়ি থানার আইসি যুগলচন্দ্র বিশ্বাস বলেন, “বিষয়টি খতিয়ে দেখার জন্য বিডিও-কে জানানো হয়েছে।” বিডিও সৌমেন দুতরাজ জানান, যুগ্ম বিডিও খেলতে মানা করেছেন কিন্তু মারধর করা হয়নি। অভিযুক্ত যুগ্ম বিডিও থিনলে ফুনসুক ভুটিয়া পড়ুয়াদের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “ছেলেদের ব্যাডমিন্টন কোর্ট থেকে বার করে দিয়েছি। ওরা ভিত্তিহীন কথা থানায় বলেছে বলে শুনছি।” ওই দুই ছাত্র ধূপগুড়ি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র। মিলপাড়ার বাসিন্দা এক ছাত্র জানায়, তারা থানা চত্বরে ব্যাডমিন্টন খেলে। রবিবার দুপুর নাগাদ মধ্যপাড়ার বাসিন্দা সহপাঠী এক বন্ধুকে সঙ্গে নিয়ে সে বিডিও অফিসে যায়। অফিস আবাসনের তিন জন ছোট ছেলেমেয়েও খেলছিল। এক ছাত্র তাদের একজনের কাছ থেকে র্যাকেট চেয়ে খেলতে নামে। তার কথায়, “যুগ্ম বিডিও প্রথমে অফিসের ভিতর থেকে চেঁচিয়ে আমাদের বেরোতে বলেন। ঘর থেকে বার হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন। আমার জামার কলার চেপে ধরেন। বন্ধুর ঘাড়ের কাছে চড় মারেন। গায়ে সাইকেল ছুড়ে দেন।” তাদের অভিযোগ, “ওই মাঠে আর আসব না জানানোর পরেও ছাড়েননি। কান্নায় ভেঙে পড়লেও উনি চিত্‌কার করে যান।” এসএফআইয়ের জেলা সভাপতি নুর আলম বলেন, “যুগ্ম বিডিও অমানবিক আচরণ করেছেন। ওঁকে গ্রেফতারের দাবিতে আন্দোলন হবে।”

Advertisement

পুড়ে ছাই ১৪টি দোকান, বীরপাড়ায় দাবি দমকলের
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া

অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল ডুয়ার্সের বীরপাড়া শহরের ১৪টি দোকান। শনিবার গভীর রাতে শহরের রেলগেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন জল দিয়ে আগুন নেভানোর কাজে নামেন। ফালাকাটা ও ধূপগুড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন রাত আড়াইটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে পুড়ে ছাই হয় মোবাইল, কাপড়, পান ও ডিমের মত একাধিক দোকান। দমকল সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের শট সার্কিটের কারণে একটি পানের দোকান থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হচ্ছে। গত চার মাসে এ নিয়ে দু’বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বীরপাড়ায়। এর আগে ৩১ অগস্ট ভোরে বাজার এলাকায় আগুনে আটটি দোকান পুড়ে যায়।

Advertisement

দমকল এসে পৌঁছনোর আগেই ভস্মীভূত দোকান। নিজস্ব চিত্র।

এলাকায় দমকল কেন্দ্রের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, ২৪ কিলোমিটার দূরে ফালাকাটা ও সম দূরত্বের ধূপগুড়ি দমকল কেন্দ্র থেকে ইঞ্জিন পৌঁছাতে পঁয়তাল্লিশ মিনিট সময় কেটে যায়। ওই সময়ের মধ্যে ক্ষতির পরিমাণও বাড়ে। স্থানীয় আরএসপি নেতা গোপাল প্রধান বলেন, “জতুগৃহে পরিণত হয়েছে বীরপাড়া। পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দ্রুত দমকল কেন্দ্র না হলে বড় ধরণের ক্ষতির হতে পারে। এই দাবিতে আমরা আন্দোলন করব।” বীরপাড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা তৃণমূল নেতা মান্না জৈন বলেন, “বীরপাড়া চা বাগান দমকল কেন্দ্রের জন্য জমি দিয়েছে। সরকার দ্রুত দমকল কেন্দ্র তৈরির কাজে হাত দেবে।”

অ্যাসিড-কাণ্ডে কিনারা হয়নি, ক্ষোভ বিজেপির
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

সেবক রোডে পানশালার দুই তরুণী গায়িকাকে অ্যাসিড ছোড়ার ঘটনার পরে তিন দিন কেটে গেলেও পুলিশ ঘটনার কোনও কিনারা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির জেলা সভাপতি রথীন বসু। রবিবার সকালে অ্যাসিড আক্রান্ত দুই তরুণী এবং গাড়ি চালককে দেখতে সেবক রোডের নার্সিংহোমে গিয়েছিলেন তিনি। আক্রান্তদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে নার্সিংহোম কর্তৃপক্ষের থেকে খোঁজখবর নেন তিনি। পরে রথীনবাবু জানান, চিকিত্‌সায় যথাযথ পদক্ষেপ করা হয়েছে বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন। তাঁর ক্ষোভ, “ঘটনার পরে তিনটি দিন পেরিয়ে গেলেও, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। সবথেকে বড় বিষয় হল কী ভাবে দুষ্কৃতীদের হাতে অ্যাসিড পৌঁছেছে তাও জানতে পারেনি। সে ক্ষেত্রে আশঙ্কা আরও বেড়ে গিয়েছে। শিলিগুড়ি শহরে এমন ঘটনা নজিরবিহীন। পুলিশ নিজের ভূমিকা পালন করুন, সেটাই কাম্য।” যদিও রবিবার শিলিগুড়ির পুলিশ কমিশনার জগ মোহন জানিয়েছেন, তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে। দ্রুত কিনারা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেবক রোডের একটি পানশালায় যাওয়ার সময়ে দুই তরুণী গায়িকাকে অ্যাসিড ছুড়ে মারে দুষ্কৃতীরা। দু’জনেই একটি গাড়ি চেপে পানশালায় যাচ্ছিলেন। ঘটনায় জখম হন গাড়ি চালকও।

চা মজুরি চুক্তি নিয়ে আজ বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মালবাজার

আজ, সোমবার চা শ্রমিক মজুরি নিয়ে শিলিগুড়িতে ত্রিপাক্ষিক বৈঠক হবে। আজ এবং আগামীকাল মঙ্গলবার দু’দিন এই বৈঠক চলবে। চলতি বছরে সাতটি ত্রিপাক্ষিক বৈঠক আয়োজিত হলেও একটি বৈঠকেও সমাধানের কোনও ইঙ্গিত মেলেনি। রাজ্য শ্রম দফতরের ডাকা সোমবার বেলা ১১টায় শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠকটি শুরু হবে। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বৈঠকে উপস্থিত থাকবেন। অন্যদিকে, রবিবার নিজেদের মধ্যে বৈঠক করেছেন আদিবাসী বিকাশ পরিষদের চা শ্রমিক সংগঠন। রবিবার বিকেলে মালবাজারের সংগঠনের দফতরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বীরসা তিরকে। তিনি বলেন, “আমরা ন্যূনতম মজুরি কাঠামোই দাবি করব। আশা করছি রাজ্য সরকারের সদর্থক ভূমিকায় দাবিপূরণ হবে।” চা শ্রমিকদের ২৩টি সংগঠনের যৌথ মঞ্চের আহ্বায়ক জিয়াউল আলম বলেন, “নূন্যতম মজুরির দাবি আগেই জানানো হয়েছে। এবারের ত্রিপাক্ষিক বৈঠকে আমরা দাবি জানাতে নয় উল্টে চা মালিকপক্ষ এবং সরকার পক্ষের বক্তব্য শুনতেই যাচ্ছি।”

কমিটিকে ঋণ কোন আইনে, সরব বিজেপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

শিলিগুড়ি কার্নিভ্যাল কমিটিকে পুরসভার তরফে ২০ লক্ষ টাকা ঋণ কোন আইন মেনে দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলে আজ, সোমবার কর্তৃপক্ষের কাছে দরবার করবে জেলা বিজেপি নেতৃত্ব। আজ থেকেই কার্নিভ্যাল শুরু। অথচ কোথায় কত খরচ হচ্ছে, কোথা থেকে সেই টাকা এসেছে বিস্তারিত এখনও জানাতে চাইছে না কমিটি। কার্নিভ্যাল কমিটির মুখ্য উপদেষ্টা এবং চেয়ারম্যান হলেন পুর কমিশনার, পৃষ্ঠপোষক দার্জিলিং এবং জলপাইগুড়ির জেলাশাসকরা, উপদেষ্টা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন, মহকুমাশাসক, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সহকারি সচিব। কমিটির আহ্বায়ক পুর সচিব এবং কোষাধ্যক্ষ পুরসভার ফিনান্স অফিসার। পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, “পুরবোর্ডে সিদ্ধান্ত করেই কাজ করা হয়েছে। শিল্পীদের অগ্রিম দিতে ওই টাকা ঋণ হিসাবে দেওয়া হয়েছে। তা দ্রুত পুরসভার তহবিলে ফেরত দেওয়া হবে।” বিজেপি’র জেলা সভাপতি রথীন বসুর অভিযোগ, যেখানে গরিব বাসিন্দারা পুরসভার তরফে ভাতা পাচ্ছেন না, সাফাই পরিষেবার ভাড়া গাড়ির মালিকদের টাকা বকেয়া পড়ে রয়েছে, সেখানে উত্‌সব করার জন্য এ ভাবে ঋণ হিসাবে টাকা দেওয়া হল কার স্বার্থে। পুর কমিশনারের কাছে তা তাঁরা বিস্তারিত জানতে চাইবেন বলে জানান রথীনবাবু।

শ্বাসরোধ করেই খুন তিন জনকে, বলছে রিপোর্ট
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

শ্বাসরোধ করেই পরিবারের তিন সদস্যকে খুন করে আত্মঘাতী হয়েছেন শিলিগুড়ির নবগ্রামের বাসিন্দা সুপ্রভাত সাহা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। গত শনিবার বাড়ির তালা ভেঙে সুপ্রভাতবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বিছানায় শুয়ে থাকা অবস্থায় উদ্ধার হয় সুপ্রভাতবাবুর স্ত্রী মিঠু দেবী, মেয়ে মানসী এবং বৃদ্ধা মা গীতা দেবীর দেহ। তিন জনের গলায় শ্বাসরোধ করার চিহ্ন পাওয়া গিয়েছিল বলে এনজেপি ফাঁড়ি সূত্রে জানানো হয়েছিল শনিবার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও সে কথাই জানা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্তের পরে পুলিশের ধারণা, আর্থিক কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন সুপ্রভাতবাবু। সে কারণেই মা, স্ত্রী ও মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ব্যাঙ্কের শতবর্ষ বালুরঘাটে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

শতবর্ষে পা দিল বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। রবিবার সকাল থেকে শহরের কাছারি রোডে ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ব্যাঙ্কের এমপ্লয়িজ ইউনিয়নের জেলা হাসপাতালের রোগীদের ফল দেওয়া হয়। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ১৯১৫ সালের ২৫ মার্চ বালুরঘাটে এই ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। পুরনো দিনের স্মৃতিচারণের মধ্যে দিয়ে প্রবীণ ব্যাঙ্ক কর্মীরা তুলে ধরেন শতবর্ষের ইতিহাস। বর্তমানে এই ব্যাঙ্ক জেলার ৫টি ব্লকে ৭টি শাখায় কাজ করছে।

উদৌলি উত্‌সব
নিজস্ব সংবাদদাতা • মালবাজার

কালিম্পং মহকুমার গরুবাথান ব্লকে খাস জনজাতির প্রাচীনতম উদৌলি উত্‌সব পালিত হল রবিবার। গরুবাথানের চিতাংখোলা নদী লাগোয়া এলাকায় উত্‌সবে মাতেন ২২টি সম্প্রদায়ের খাস জনজাতির মানুষেরা। খাস জনজাতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শচীন ছেত্রী জানান, এই উত্‌সবের সংরক্ষণে তাঁরা সরকারের সহায়তা চান।

ইসলামপুরে ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

ইসলামপুরের মহকুমা অফিসার ক্রীড়া সংস্থার উদ্যোগে ইসলামপুরের কোর্ট ময়দানে ক্রিকেট ম্যাচ হল রবিবার। দু’টি ম্যাচ ছিল। একটি ম্যাচে খেলে প্রাইমারি সাউথ ও আলফালা উর্দু ইউনিট। অপর ম্যাচে যোগ দেয় দ্য স্কলার ও সেকেন্ডারি এ দল। প্রথম ম্যাচে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় প্রাইমারি সাউথ। দ্বিতীয় ম্যাচে জয়ী হয় সেকেন্ডারি এ দল।

চ্যাম্পিয়ন ইউনিক
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি

বিএসএফের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে হলদিবাড়িতে ফুটবলে চ্যাম্পিয়ন হল ইউনিক ক্লাব। রবিবার ইউনিক ক্লাবের মাঠে ফাইনালে তারা ১-০ গোলে হলদিবাড়ি পুলিশ একাদশকে হারায়। খেলার প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ইউনিক ক্লাবের মিঠুন মণ্ডল। শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হন ইউনিক ক্লাবের গোলরক্ষক নূর আজিজ সরকার। খেলার শেষে বিএসএফের ডিআইজি অখিল দীক্ষিত পুরস্কার বিতরণ করেন।

প্রাথমিকের ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

জেলার প্রাইমারি স্কুলগুলির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। রবিবার ডালখোলা হাইস্কুল মাঠে সেই ক্রীড়া প্রতিযোগিতা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী-সহ জেলা আধিকারিকেরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement