রাজনীতি ছাড়ছেন না অরুণ

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি ও উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের অনুরোধে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বদল করলেন কালিয়াগঞ্জ পুরসভার কংগ্রেসের চেয়ারম্যান অরুণ দে সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ০৩:২১
Share:

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি ও উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের অনুরোধে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বদল করলেন কালিয়াগঞ্জ পুরসভার কংগ্রেসের চেয়ারম্যান অরুণ দে সরকার। সেইসঙ্গে, তিনি কংগ্রেসে থাকার কথাও জানিয়ে দিলেন। মঙ্গলবার মোহিতবাবু কালিয়াগঞ্জে অরুণবাবুর বাড়িতে গিয়ে তাঁকে রাজনীতি না ছাড়ার পরামর্শ দেন। অরুণবাবুকে পৃথকভাবে ফোন করে দলের সঙ্কটকালীন অবস্থা বিচার করে তাঁকে রাজনীতি না ছাড়ার অনুরোধ করেন অধীরবাবু ও দীপাদেবী।

Advertisement

অরুণবাবুর দাবি, ‘‘চেয়ারম্যানের পদ ধরে রাখতে তৃণমূলে যোগ দিতে চেয়ে সাড়া না পেয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন বুঝতে পারছি প্রিয়রঞ্জন দাশমুন্সির রাজনৈতিক শিষ্য হিসেবে সেই সিদ্ধান্ত আমার ভুল ছিল। তাই দলের প্রদেশ ও জেলা নেতাদের অনুরোধে দলের সঙ্কটকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে পুরসভার বিরোধী দলনেতা ও কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি হিসেবে দলে নেতৃত্ব দেওয়ার কাজ বজায় রাখার সিদ্ধান্ত নিলাম।’’

গত ২০ জুলাই ১৭ আসনের ওই পুরসভার ভাইস চেয়ারম্যান কার্তিকচন্দ্র পালের নেতৃত্বে ছয় কংগ্রেস কাউন্সিলর দুই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাত মিলিয়ে অরুণবাবুর বিরুদ্ধে অনাস্থা এনে তৃণমূলে যোগ দেন। গত ২২ জুলাই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন অরুণবাবু। ইতিমধ্যে অরুণবাবুর বিরুদ্ধে তলবি সভা ডাকার প্রক্রিয়া শুরু করার কাজে গড়িমসির অভিযোগ তুলে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে গত সোমবার জেলাশাসক রণধীর কুমারের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ ও কার্তিকবাবু। সে কথা জানার পরই এ দিন আগামী ৩ অগস্ট তলবি সভা ডাকেন অরুণবাবু। কার্তিকবাবুর দাবি, ‘‘অরুণবাবু চেয়ারম্যানের পদের লোভে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন। তাই বর্তমানে উনি কংগ্রেসের নেতা কর্মীদের কাছেই গুরুত্বহীন হয়ে পড়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement