—প্রতিনিধিত্বমূলক ছবি।
শিলিগুড়ি সমতলে বিজেপির দখলে থাকা মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি আসন তিনটি দখলে তৎপর তৃণমূল। মাটিগাড়া-নকশালবাড়ি এলাকার চা বাগানগুলিতে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট করাতে তৎপর ছিল শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। চা বাগানের ভোটব্যাঙ্ক এখানে বড় ‘ফ্যাক্টর’। শাসক-প্রার্থী কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা শঙ্কর মালাকারও এ দিন বিভিন্ন এলাকায় ঘুরে ভোট প্রক্রিয়ায় নজর রাখেন। বিজেপি প্রার্থী আনন্দময় বর্মণ সকাল থেকেই ময়দানে ছিলেন। কখনও বাগডোগরা, কখনও হাতিঘিষা এলাকার চা বাগান-সহ বিভিন্ন এলাকায় ঘোরেন তিনি। সিপিএম প্রার্থী তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি ঝরেন রায় শেষবেলায় কত ভোট পান, তার উপরও অনেক কিছু নির্ভর করছে বলে রাজনৈতিক মহলের দাবি।
ফাঁসিদেওয়া বিধানসভায় বিদায়ী বিধায়ক দুর্গা মুর্মুকে হারাতে তৃণমূল রিনা টোপ্পো এক্কাকে প্রার্থী করেছে। ভোটের দিন তাঁকে বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। তবে দলের কোন্দল কতটা মিটিয়ে তিনি ভোট পরিচালনা করতে পারলেন, তার উপরেই নির্ভর করছে তাঁর সাফল্য। এ দিন খড়িবাড়িতে বিজেপি এবং সিপিএমের শিবির কয়েকটি জায়গায় পাশাপাশি দেখা গিয়েছে। তা নিয়ে প্রশ্নও উঠেছে উভয় দলের অন্দরে। তবে নেতারা বিষয়টিকে নিছক শিবির পাশাপাশি থাকা হিসাবেইদেখতে চান।
শিলিগুড়ি শহরের ১৪টি ওয়ার্ড এবং লাগোয়া এলাকা নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে নিজের জয় ধরে রাখতে এ দিন সকাল থেকেই বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় বিভিন্ন এলাকায় ঘোরেন। ফুলবাড়ির পূর্ব ধনতলা-সহ একাধিক এলাকায় বুথে বুথে যান। অন্য দিকে, এ দিন সকালে আগে নিজের বিধানসভা কেন্দ্র ঘুরেছেন তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা। রঞ্জন নিজেকে বিদায়ী বিধায়কের ‘ধর্মপুত্র’ বলে মানেন। তবে ভোটের ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না।
এ দিন সকাল থেকেই শিলিগুড়ি বিধানসভার ভোট করাতে তৃণমূলের পুরপ্রতিনিধিদের তৎপর হতে দেখা গিয়েছে। সকাল থেকেই তাঁরা বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন। ভোট প্রক্রিয়ায় নজরে রাখেন। শাসকদলের প্রাক্তন পুরপ্রতিনিধিদেরও রাস্তায় নেমে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। শিলিগুড়ি পুরসভার ৪, ৮, ৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুরপ্রতিনিধিদের ভোট করাতে রাস্তায় সারা দিনদেখা যায়।
মাটিগাড়া-নকশালবাড়ি তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার বলেন, ‘‘ভোট শান্তিপূর্ণ হয়েছে। মানুষের সমর্থন পাব বলে আশাবাদী।’’ বিজেপি প্রার্থীর দাবি, ‘‘মানুষ আমাদের সঙ্গে রয়েছে। ভাল ভোট হয়েছে।’’
তথ্য সহায়তা: শুভঙ্কর পাল
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে