বাঁ দিকে বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মণ ও ডান দিকে রথীন টিকাদার। —নিজস্ব চিত্র।
শংসাপত্র চাওয়ায় কলেজ পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল মালদহের গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মণের বিরুদ্ধে। এ নিয়ে গাজল থানায় বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্র। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক।
গাজল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রথীন টিকাদারের দাবি, শনিবার বৃত্তির জন্য প্রয়োজনীয় শংসাপত্র আনতে বিধায়কের বাড়িতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানে তাঁকে দীর্ঘ ক্ষণ বসিয়ে রাখা হয়। আরও অভিযোগ, অন্যান্য কাগজপত্রে বিধায়ক সই করলেও শংসাপত্র দিতে অস্বীকার করেন তিনি। বার বার শংসাপত্র চাওয়ায় তাঁকে চিন্ময় মারধর করেন বলেও অভিযোগ রথীনের। তিনি বলেন, ‘‘সকালে বিধায়কের বাড়িতে গিয়েছিলাম। সই করার আগে উনি আমাকে অনেক ক্ষণ বসিয়ে রাখেন। শংসাপত্র চাইলে উনি গালিগালাজ করেন। তার পর ঘর থেকে বেরিয়ে বিধায়ক নিজেই আমাকে মারধর করেন।’’
চিন্ময় অবশ্য দাবি করেছেন, ওই অভিযোগ মিথ্যা। তাঁর বক্তব্য, ‘‘এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সাধারণ মানুষকে দিনরাত পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এটাই হয়তো আমার দোষ।’’