Cooch Behar Artist

গুরুপ্রণাম! দুই সেন্টিমিটার দীর্ঘ রবি ঠাকুর তৈরি করলেন কোচবিহারের বধূ

কোচবিহার শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা সোমা মুখোপাধ্যায় বাড়ির কাজ সামলান। অবসর সময়ে ছোট ছোট মূর্তি বানান। সোমার সৃজনশীলতা ইতিমধ্যে নানা জায়গায় প্রশংসা কুড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৮:৫৬
Share:

শিল্পকর্মে মগ্ন সোমা মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে দুই সেন্টিমিটারের ‘মডেলিং ক্লে’ দিয়ে মূর্তি বানালেন কোচবিহারের বধূ।

Advertisement

কোচবিহার শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা সোমা মুখোপাধ্যায় বাড়ির কাজ সামলান। অবসর সময়ে ছোট ছোট মূর্তি বানান। সোমার সৃজনশীলতা ইতিমধ্যে নানা জায়গায় প্রশংসা কুড়িয়েছে। এ বার রবীন্দ্র জন্মজয়ন্তীতে তিনি বানিয়েছেন মাত্র ২ সেন্টিমিটারের একটি মূর্তি। ব্যবহার করেছেন ‘মডেলিং ক্লে’। সাধারণত মাটির তৈরি বা সিন্থেটিক পদার্থ দিয়ে তৈরি ‘মডেলিং ক্লে’। এর মধ্যে নুন, ময়দা ও জলের মিশ্রণ কিংবা প্লাস্টিসিনে উপাদান থাকে।

ছোট থেকেই ছোট (ক্ষুদ্র) মূর্তি তৈরিতে আগ্রহী সোমা। এখনও সংসারের দায়িত্ব সামলে সময় পেলেই বসে পড়েন শিল্পকর্ম নিয়ে। একাধিক সম্মান অর্জন করেছেন। ইঞ্জেকশনের অ্যাম্পুলের ভিতরে মহাত্মা গান্ধীর মূর্তি তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছিলেন। তার পর দেশলাই কাঠির উপর দুর্গাপ্রতিমা বানিয়ে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড রেকর্ড এক্সিলেন্স খেতাব পেয়েছেন। এ বার বানালেন রবীন্দ্রনাথ। সোমা বলেন, ‘‘রবীন্দ্রনাথ বাঙালির পরিচয়, আমাদের জাতির গর্ব, শনিবার তাঁর জন্মদিন। ওই দিনটিকে মাথায় রেখে আমি ‘মডেলিং ক্লে’ ব্যবহার করে দুই সেন্টিমিটারের একটি ক্ষুদ্র মূর্তি তৈরি করেছি। কাজটি শেষ করতে আমার ১৫ দিন সময় লেগেছে।’’ সোমা আরও বলেন, ‘‘ছোটবেলা বাবা বলেছিলেন নিজের হাতে কিছু তৈরি করে কাউকে উপহার দিলে তার আনন্দ অনেক বেশি। বাবার সেই কথা আজও আমায় অনুপ্রেরণা দেয়। সেই অনুপ্রেরণাকে সঙ্গী করে একের পর এক ক্ষুদ্র শিল্পকর্ম তৈরি করি।’’

Advertisement

সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ির ভক্ত সোমা। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের তিনি গুণমুগ্ধ। তিনি জানান, তাঁর পরের কাজ হবে ‘ডিস্কো ডান্সার’খ্যাত বাপ্পি, ‘মিসাইল ম্যান’ কালামের মূর্তি তৈরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement