চুরির পর এ ভাবেই তছনছ করে গিয়েছে ঘর। -নিজস্ব ছবি।
বালুরঘাট সৎকার সমিতির অফিস থেকে মন্দিরের লক্ষাধিক টাকার গয়না এবং বাসনপত্র চুরির অভিযোগ উঠল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
সূত্রের খবর, শনিবার রাতে বালুরঘাট সৎকার সমিতির অফিসের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। আলমারি এবং লকার ভেঙে মন্দিরের সোনার গয়না এবং কাঁসা-পিতলের প্রচুর বাসনপত্র নিয়ে চম্পট দেয় তারা। পরদিন সকালে অফিসের তালা ভাঙা দেখতে পেয়ে খবর দেওয়া হয় সৎকার সমিতির সদস্যদের।
সৎকার সমিতির সদস্যেরা জানিয়েছেন, সব মিলিয়ে প্রায় ৮ থেকে ১০ ভরি সোনার গয়না এবং পিতল-কাঁসার বাসন চুরি গিয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এই অফিসটি বালুরঘাট হাসপাতালের সামনেই রয়েছে। অত্যন্ত জনবহুল এলাকা এটি। তা সত্ত্বেও কেউ জানতে পারলেন না কেন, তা খতিয়ে দেখছে পুলিশ।