—প্রতিনিধিত্বমূলক ছবি।
নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার মালদহ সফরে যাবেন তৃণমূলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগের দিন জেলায় প্রকাশ্যে গুলি চলল। গুলিবদ্ধ হলেন এক যুবক। ঘটনাস্থল কালিয়াচক থানা এলাকা।
স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম মোহাম্মদ রহমাতুল্লা শেখ। বুধবার বিকেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালান অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ঘটনাটি ঘটে কালিয়াচকের হারুচক এলাকায়। ওই ঘটনায় জখম হন আরও এক জন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে মালদহ শহরের একটি নার্সিংহোমে নিয়ে যায় তার। জানা গিয়েছে, যুবকের বুকের বাঁ দিকে গুলি লেগেছে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, জমি বিক্রিবাটার কাজ করতেন রহমতুল্লা। তা ছাড়াও নিষিদ্ধ মাদকের ব্যবসাও করতেন বলে অভিযোগ। মনে করা হচ্ছে, ব্রাউন সুগার লেনদেন এবং জমি সংক্রান্ত বিবাদের জেরে খুনের চেষ্টা করা হয়েছে তাঁকে। যদিও গুলিবিদ্ধ যুবকের বাবা মুশা শেখ দাবি করেন, তাঁর পুত্র কেবল জমির কারবারি। নেশাজাত জিনিসের ব্যবসার সঙ্গে যুক্ত নন। প্রৌ়ঢ়ের কথায়, ‘‘আমি দোকানে ছিলাম। শুনলাম, আমার ছেলেকে গুলি করা হয়েছে। কেন, কী কারণ জানি না।’’