আলমারি ভেঙে লুঠ। —নিজস্ব চিত্র
রাতের অন্ধকারে চুরি বালুরঘাটের মন্দিরে। লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি হয়েছে বলে দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বালুরঘাট হাসপাতালের সামনে অবস্থিত বালুরঘাট সৎকার সমিতির অফিসের তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা। মন্দিরের ভিতরে থাকা লকার এবং আলমারির ভেঙে গয়না, বাসন-সহ একাধিক জিনিসপত্র নিয়ে তারা রাতের অন্ধকারে চম্পট দেয়। মন্দির কমিটির অভিযোগ, ৮ থেকে ১০ ভরি সোনার গয়না চুরি গিয়েছে। সব মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে বলে দাবি সৎকার সমিতির সদস্যদের।
চুরির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা। লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। চুরির ঘটনায় পরিচিত কেউ জড়িয়ে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।