উদয়ন গুহের জন্মদিনে তাঁর কপালে তিলক পরাচ্ছেন বিশু ধর। — ফাইল চিত্র।
দুর্নীতির অভিযোগে এ বার গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তৃণমূল নেতা বিশু ধর। তিনি দিনহাটার শহর ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন। কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার হন উদয়ন। পুলিশ সূত্রে খবর, তাঁকে জেরা করেই বার বার উঠে এসেছে বিশুর নাম। তার পরেই তাঁকে জোর করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হল।
দিনহাটার হাসপাতালে শিশুমঙ্গল সমিতি নামে একটি ইউনিট খোলার নাম করে দিনহাটার সাধারণ মানুষের থেকে জোর করে টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। সেই টাকা তোলার কাজে যুক্ত ছিলেন বিশু। দিনহাটা থানা পুলিশ সূত্রে খবর, বুধবার তাদের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মালদহের ইংরেজবাজার এলাকায় হানা দেয়। ইংরেজবাজার থানার সহযোগিতায় সেখান থেকে আটক করা হয় বিশুকে। বৃহস্পতিবার মালদহ সদর আদালত থেকে ট্রানজ়িট রিমান্ডে তাঁকে দিনহাটায় নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার দিনহাটা আদালতে হাজির করানো হবে বিশুকে।
ইতিমধ্যে বৃহস্পতিবার দিনহাটা আদালত উদয়নকে ছয় দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। তাঁর বিরুদ্ধে নতুন যে মামলা দায়ের হয়েছে, তাতে বলা হয়েছে দিনহাটা হাসপাতালে শিশুমঙ্গল সমিতি নামে একটি ইউনিট চালু করার নামে দিনহাটার সাধারণ নাগরিক, শিক্ষক এবং ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছে। সেই টাকার বিনিময়ে যে রসিদ দেওয়া হয়, তাতে অঙ্ক কম দেখানো হয়েছে। মোট ১৪ জনের নামে এই মামলার অভিযোগ দায়ের করেন দিনহাটার বাসিন্দা রুপম সাহা। তাঁদের মধ্যে বিশুর নামও রয়েছে।