মহকুমা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানোর পরে সাংবাদিকদের মুখোমুখি উদয়ন গুহ। নিজস্ব চিত্র ।
ভোটের দিন গ্রেফতার হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন কোচবিহারের দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তাঁর সঙ্গে মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীও গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেন। সোমবার দিনহাটায় মহকুমার নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন উদয়ন। সেখান থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেন, তিনি যে তথ্য পেয়েছেন তাতে নির্বাচনের প্রথম পর্যায়ে তৃণমূল বিধায়ক বা প্রার্থীদের অনেককেই গ্রেফতার করতে পারে কমিশন। যে তালিকায় কোচবিহারের দু'জনের নাম রয়েছে। যা নিয়ে রাজ্য তৃণমূল কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। আগামী বুধবার যার শুনানি হওয়ার কথা।
উদয়ন বলেছেন, ‘‘ভোটের দিন তৃণমূলের কোন কোন বিধায়ক অশান্তি তৈরি করতে পারে তা নিয়ে তালিকা তৈরি করা হয়েছে। যেখানে আমাদের নাম আছে। আমাদের গ্রেফতার করা হতে পারে। ভোটে জেতার জন্য মরিয়া হয়ে কমিশনকে দিয়ে বিজেপি এ সব করাচ্ছে। আমাদের দুজনকে যদি গ্রেফতার করা হয়, তা হলে ভোটারদেরকে ২৩ এপ্রিল ইভিএমের মধ্য দিয়ে তার প্রতিবাদ করতে আবেদন করব।’’ মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী পরেশ আধিকারিও বলেন, ‘‘আমাদের ভয় দেখাতে এই চক্রান্ত চলছে। কিন্তু আমরা ভয় পাই না।’’
এ দিন উদয়ন আরও অভিযোগ করেন, বিজেপি নির্বাচন বিধি ভেঙে অন্নপূর্ণা প্রকল্প ও যুবশক্তি'র নামে ফর্ম বিলি করছে। এটা শুধু দিনহাটা নয়, কোচবিহার জেলা জুড়ে এটা হচ্ছে। যা নিয়ে উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ ২ ব্লকের মহিষকুচি ১ অঞ্চলে। তৃণমূলের অভিযোগ, বাসিন্দাদের থেকে আধার কার্ড, ব্যাংকের নথি, মোবাইল নম্বর নিয়ে আবেদন পত্র পূরণ করা হচ্ছে। তা নিয়ে তৃণমূল প্রতিবাদ করলে উত্তেজনা ছড়ায়। তুফানগঞ্জ ২ ব্লকের বিডিও অজয়কুমার দন্ডপত বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে যে ভাবে নির্দেশ আসবে, সেই মতো ব্যবস্থা নেব।"
মাথাভাঙা মহকুমা জুড়ে অন্নপূর্ণা যোজনার’ নাম করে ফর্ম বিলি ও ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমুল। ফর্ম বিলিকে ঘিরে উত্তেজনা ছড়ায় মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ১ পঞ্চায়েত এলাকায়। বিজেপি অবশ্য পুরো অভিযোগ করেছে। বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘‘কোথাও ফর্মপূরণ হয়নি। আমাদের প্রতিশ্রুতির লিফলেট বিলি হয়েছে।’’ তৃণমূল নেতাদের গ্রেফতারি আশঙ্কা নিয়ে সঞ্জয় বলেন, ‘‘কর্মফল নিয়ে অনেকে ভয় পাচ্ছেন।। এ ছাড়া কিছু নয়।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে