Chanchal Super Speciality Hospital Incident

নার্স বসে, স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে কাঁচিতে শিশুর আঙুল কাটলেন ওয়ার্ড বয়! তপ্ত মালদহের হাসপাতাল

অঘটনে দুঃখপ্রকাশ করেছেন চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা ওয়ার্ড বয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৩:৫১
Share:

চাঁচল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল আড়াই মাসের শিশুটিকে। হাসপাতাল থেকে ছুটির দিনে অঘটন। —নিজস্ব চিত্র।

নার্সের বদলে ওয়ার্ড বয়কে স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্ব, আর সেই কাজ করতে গিয়ে আড়াই মাসের শিশুর আঙুল কেটে ফেলেছেন বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল মালদহের চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

Advertisement

ইতিমধ্যে অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে শিশুর পরিবার। একই সঙ্গে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করে বিচারের দাবি করেছে পরিবার।

স্থানীয় সূত্রে খবর, গত ২৬ জুন মালদহের চাঁচলের এক পরিবার আড়াই মাসের একটি শিশুকন্যাকে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করায়। মঙ্গলবার শিশুটির হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় ভয়াবহ কাণ্ড। শিশুর পরিবারের দাবি, নার্সের বদলে স্যালাইনের চ্যানেল খুলতে যান হাসপাতালের ওয়ার্ড বয় উজ্জ্বলকুমার সাহা। তিনি কাঁচি দিয়ে চ্যানেল কাটতে শিশুর বাঁ হাতের বুড়ো আঙুল কেটে ফেলেন। রক্তপাত শুরু হতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যেরা। তখনও নার্স চেয়ারে বসেছিলেন এবং তিনি ওয়ার্ড বয়কেই ওই পরিস্থিতি সামলাতে বলেন বলে অভিযোগ।

Advertisement

পুরো ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিশুর পরিবারের সদস্যরা। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং চাঁচল থানায় এ নিয়ে অভিযোগ করেছেন।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement