টুকরো খবর

টানা লোডশেডিংয়ে নাজেহাল কোচবিহারের বাসিন্দারা। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, দিন রাত দু’বেলায় পাল্লা দিয়ে লোডশেডিং চলছে। শুক্রবার রাতে লোডশেডিংয়ের জেরে দিনহাটা ও কোচবিহার ১ ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা গরমে দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ম্যাচের সরাসরি সম্প্রচারও হাতছাড়া হয়েছে তাঁদের। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক কোচবিহার শহর লাগোয়া গুড়িয়াহাটি, ঘুঘুমারি, জিরানপুর, দেওয়ানহাটের মত বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ০৩:২৭
Share:

লোডশেডিংয়ে নাজেহাল কোচবিহার

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

টানা লোডশেডিংয়ে নাজেহাল কোচবিহারের বাসিন্দারা। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, দিন রাত দু’বেলায় পাল্লা দিয়ে লোডশেডিং চলছে। শুক্রবার রাতে লোডশেডিংয়ের জেরে দিনহাটা ও কোচবিহার ১ ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা গরমে দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ম্যাচের সরাসরি সম্প্রচারও হাতছাড়া হয়েছে তাঁদের। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক কোচবিহার শহর লাগোয়া গুড়িয়াহাটি, ঘুঘুমারি, জিরানপুর, দেওয়ানহাটের মত বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়েছে। দুপুরের দিকে সামান্য বৃষ্টি হলে, লোডশেডিঙের দুর্ভোগ কমাতে পারেনি বলে বাসিন্দারা দাবি করেছেন। ঘুঘুমারির বাসিন্দা বরুণ পাল, একরাম চৌধুরী, সঞ্জীব রাজভররা অভিযোগ করে জানিয়েছেন, “লোডশেডিং প্রায় রুটিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের সময় পরিস্থতির উন্নতি হবে বলে আশা করেছিলাম। যা পরিস্থিতি তাতে আদৌও কোনও ম্যাচ দেখতে পাব কিনা তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।”

Advertisement

সিপিএম-তৃণমূল সংঘর্ষ মালবাজারে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • মালবাজার

একটি অস্থায়ী পার্টি অফিস দখলকে কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে উত্তেজনা ছ়ড়াল মালবাজারে। শনিবার সকালে ডুয়ার্সের মালবাজার থানার তেশিমলা গ্রাম পঞ্চাায়েতের মহকাল মোড়ে ঘটনাটি ঘটে। অস্থায়ী পার্টি অফিস থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে নিচ্ছে সিপিএম কর্মীরা এই অভিযোগে তৃণমূল সমর্থকেরা বেলা ১১ টা নাগাদ পূর্ত দফতরের সড়ক অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠলেও বিকাল ৫টা নাগাদ তৃণমূল কংগ্রেস এবং সিপিএম সমর্থকদের মধ্যে ঢিল ছোঁড়াছুঁড়ি হয়। দুই পক্ষই থানায় অভিযোগ করেছে।

সার্কাস সরাতে সরব বিজেপি

নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি

স্কুলের মাঠ থেকে সার্কাস সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানাল বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, হলদিবাড়ি হাইস্কুলের মাঠে সম্প্রতি সার্কাসের তাঁবু পড়েছে। সেই কারণে স্কুলের ছাত্রছাত্রীদের মনোসংযোগ বিঘ্নিত হচ্ছে। সমস্যার প্রতিবাদ জানিয়ে তাই বিজেপির হলদিবাড়ি ব্লক কমিটি শনিবার স্কুল মাঠ থেকে সার্কাস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়। দলের ব্লক সভাপতি রঞ্জিত সরকার বলেন, “স্কুলের মাঠে সার্কাস চলার কারণে স্কুলের ছাত্রছাত্রীদের পঠনপাঠন বিঘ্নিত হচ্ছে। আমরা চাই ওই মাঠ থেকে সার্কাসের তাঁবু সরিয়ে নেওয়া হোক। এই কথা জানাতেই আমাদের এই স্মারকলিপি।” স্কুলের পরিচালন সমিতির সম্পাদক ইন্দ্রজিৎ সিংহ বলেন, “বিকেল চারটের পর স্কুল ছুটি হয়ে গেলে সার্কাস শুরু হয়। স্কুলের পঠনপাঠন এবং ছাত্রছাত্রীদের মনোসংযোগ বিঘ্নিত হওয়ার কথা নয়। বাণিজ্যিকভাবে মাঠটি ব্যাবহার করতে দিয়ে যে টাকা আয় হচ্ছে, সেই টাকা স্কুলের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।”

রেলের বাতানুকূল কামরা থেকে চুরি বিধায়কের ব্যাগ

দ্বিতীয় শ্রেণির বাতানুকূল কামরা থেকে খোয়া গেল বিধায়কের ব্যাগ। পরে সেই ব্যাগ স্টেশনে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হলেও, ভিতরে থাকা দামি মোবাইল ফোন এবং নগদ টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ। শনিবার ভোরে শিয়ালদহ থেকে ডুয়ার্সগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ঘটনা। কলকাতা থেকে ডুয়ার্সে ফিরতে গত শুক্রবার সন্ধ্যায় শিয়ালদহ স্টেশন থেকে এক সঙ্গীকে নিয়ে ট্রেনে ওঠেন নাগরাটাকার বিধায়ক জোসেফ মুন্ডা। রাতে লোয়ার বার্থেই শুয়েছিলেন বিধায়ক। একপাশে রাখা ছিল চামড়ার একটি ব্যাগ। ভোর চারটের কিছু আগে হঠাৎ ঘুম ভেঙে গেলে, বিধায়ক ব্যাগটি খুঁজে পাননি বলে জানিয়েছেন। ট্রেনটি তখন মালদহ এবং হরিশ্চন্দ্রপুরের মাঝামাঝি এলাকায় ছিল। ব্যাগ খুঁজে না পেয়ে একাধিকবার নিরাপত্তা রক্ষীদের খোঁজ করলেও, কারওর দেখা মেলেনি বলে বিধায়কের অভিযোগ। বিধায়কের অভিযোগ, “রাতের বেলায় কামরাতে নিরাপত্তা রক্ষীদের দেখা মেলেনি। সে সুযোগেই দুষ্কৃতীরা ট্রেনে উঠে ব্যাগ চুরি করেছে। দ্বিতীয় শ্রেণির বাতানুকূল কামরাতেই যদি এই ঘটনা ঘটে, তবে সাধারণ কামরাগুলিতে যাত্রীদের নিরাপত্তার হাল যে কতটা খারাপ, তা বোঝা যায়।” রেল পুলিশের তরফে অবশ্য দাবি করা হয়েছে, এই ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিলিগুড়ি রেল পুলিশের সুপার উজ্জ্বল ভৌমিক বলেন, “নাগরাকাটার বিধায়ক জোসেফ মুণ্ডার ব্যাগ ট্রেন থেকে চুরির অভিযোগ পেয়েছি। এ দিন সকালে ব্যাগটি মালদহ স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। টাকা ও মোবাইল ফোন ব্যাগে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় হকারদের জিজ্ঞাসাবাদ করে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা পুরসভার

কৃতী সংবর্ধনা। রায়গঞ্জে তরুণ দেবনাথের তোলা ছবি।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তর দিনাজপুর জেলার কৃতীদের সংবর্ধনা দিল রায়গঞ্জ পুরসভা। শনিবার দুপুরে রায়গঞ্জের বিধানমঞ্চে পুরসভার তরফে কৃতীদের সংবর্ধনা জানানো হয়। একই মঞ্চ থেকে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে আয়োজিত আন্তঃ জেলা অনুর্ধ ১৯ ক্রিকেট টুর্নামেন্টে রাজ্য চ্যাম্পিয়নের শিরোপা পাওয়া উত্তর দিনাজপুর জেলা দলের সদস্যদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই টুর্নামেন্টের ফাইনালে উত্তর দিনাজপুর জেলা দল পুরুলিয়াকে হারায়। এ দিন উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম, ষষ্ঠ ও সপ্তম স্থান দখলকারী রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের তিন পড়ুয়া অনির্বাণ সাহা, সৌমিক দেব ও প্রীতম দাসকে রূপোর মুকুট পড়িয়ে তাঁদের শংসাপত্র, ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয়। সংবর্ধনা দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান দখলকারী ইসলামপুর হাইস্কুলের ছাত্র প্রীতম দাস ও সপ্তম স্থানাধিকারী ানীব্রত সিংহকেও। পুরসভার তরফে কৃতীদের সংবর্ধনা জানান চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত, বিরোধী দলনেতা প্রিয়তোষ মুখোপাধ্যায়, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি লিয়াকত আলি সহ পুরসভার বিভিন্ন কাউন্সিলর ও বিশিষ্ট শিক্ষাবিদরা।

খুনের ৩৬ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতী

এক ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনার ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও কোন দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে ঘুম থেকে ডেকে খুনের ঘটনার পর দুষ্কৃতীরা একটি নাম্বর প্লেটহীন বাইক ফেলে চম্পট দেয়। বাইকের মালিককে খোঁজা হচ্ছে। বাইকটি ইসলামপুরের বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। উত্তর দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা বলেন, “খুনের কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।” গত বৃহস্পতিবার গভীর রাতে গোয়ালপোখর থানার ঘোড়ামারা এলাকাতে নিমাই রায় (৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে বাইক নিয়ে হানা দেয় দুই দুষ্কৃতী। নিমাইবাবু এলাকায় একটি পানের দোকান চালান। দুষ্কৃতীরা নিমাইবাবুকে ঘুম থেকে ডেকে তোলে। নিমাইবাবু এবং তাঁর স্ত্রী ঘর থেকে বের হতেই দুষ্কৃতীরা নিমাইবাবুর স্ত্রীকে গুলি করে।

ট্রাকের ধাক্কায় মৃত্যু

ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার ইসলামপুরের ধনতলা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মফুজুর রহমান (৫০)। জানা গিয়েছে, এ দিন বাড়ি ফেরার সময় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর শিলিগুড়িগামী একটি ট্রাক তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ফের জয়ী তৃণমূল

জলপাইগুড়ি আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের পদ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল রাজ্য তৃণমূল লিগ্যাল সেল। সেই সঙ্গে তৃণমূলের দখলে গিয়েছে সভাপতি এবং হিসাব রক্ষকের পদও। শুক্রবার আদালতের বার অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির ভোটে গভীর রাত পর্যন্ত গণনা চলে। বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনে ২৩টি পদের জন্য ডান-বাম আইনজীবী সংগঠনের মোট ৪০ জন প্রার্থী লড়াই করেন। বাম প্রভাবিত গণতান্ত্রিক আইনজীবী সংগঠনের দখলে গিয়েছে ৯টি, তৃণমূল লিগাল সেল ৮টি এবং জাতীয় কংগ্রেস লিগাল সেল ৫ আসন দখল করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement