টুকরো খবর

ক্লাসে ঢুকে ছাত্রীকে ছুরি মারায় অভিযুক্ত কলেজছাত্রের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ। সোমবার ধূপগুড়ির শালবাড়ি গ্রামে জুরাপানি স্কুলে ঢুকে একাদশ শ্রেণির ছাত্রী রত্না রায়কে ছুরি মারে জিতেন্দ্র শাহ। তারপরে ওই যুবকও ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করে। তিন দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার মারা যায় রত্না।

Advertisement
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৪ ০২:৪২
Share:

ধূপগুড়িতে রত্নার স্মরণে মৌন মিছিল

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি

রত্নার স্মরণে মিছিলে তার স্কুলের পড়ুয়ারা। শুক্রবার তোলা নিজস্ব চিত্র।

Advertisement

ক্লাসে ঢুকে ছাত্রীকে ছুরি মারায় অভিযুক্ত কলেজছাত্রের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ। সোমবার ধূপগুড়ির শালবাড়ি গ্রামে জুরাপানি স্কুলে ঢুকে একাদশ শ্রেণির ছাত্রী রত্না রায়কে ছুরি মারে জিতেন্দ্র শাহ। তারপরে ওই যুবকও ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করে। তিন দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার মারা যায় রত্না। স্কুল কর্তৃপক্ষ ওই ঘটনায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করার পর প্রথমে খুনের চেষ্টার মামলা দায়ের হয়। ওই ছাত্রীর মৃত্যুর পরে খুনের মামলা দায়ের হয়। শুক্রবার জলপাইগুড়ির পুলিশ সুপার কুণাল আগ্রবাল বলেছেন, “খুনের মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।” জখম ছাত্রও শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের লোকজন জানিয়েছেন। শুক্রবার স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা কালো ব্যাজ পড়ে গ্রামে মৌন মিছিল করেন। সন্ধ্যায় এলাকার বাসিন্দারা মোমবাতি নিয়ে গোটা গ্রামে মিছিল করেন। বাসিন্দারা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি তুলেছেন।

এসজেডিএ-র প্রকল্প নিয়ে বৈঠকে মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

এসজেডিএ-র বেশ কয়েকটি প্রকল্পের অগ্রগতি নিয়ে রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব দেবাশিস সেনের সঙ্গে বৈঠক করলেন সংস্থার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। বৈঠকের পর মন্ত্রী জানান, কাওয়াখালি আবাসন সহ অন্যান্য প্রকল্পের কাজ নিয়ে আলোচনা হয়েছে। টি পার্ক, সহ জুট পার্কের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার ব্যপারেও কথা হয়েছে। এদিন দুপুরে চতুর্থ মহানন্দা সেতুর কাজ পরিদর্শনে গিয়েছিলেন গৌতমবাবু। সেতু লাগোয়া এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছেন মন্ত্রী। দু’পারে ‘অ্যাপ্রোচ রোড’-এ প্রয়োজনীয় জায়গায় বর্তমানে ১৯৪ টি পরিবারের বাস করছে বলে জানা গিয়েছে। তার মধ্যে ৮৪ টি পরিবারের সঙ্গে ইতিমধ্যেই জমি হস্তান্তরের চুক্তি হয়ে গিয়েছে। বাকিদের সঙ্গেও খুব শীঘ্রই সমঝোতা হয়ে যাবে বলে মন্ত্রী আশাবাদী। তিনি বলেন, “প্রত্যেককে জমির সরকারি দাম মিটিয়ে দেওয়া হবে। এ ছাড়া নতুন জায়গায় বাড়ি করতে গেলে নির্মাণ পরিকল্পনার ফি-তে ছাড় মিলবে।”

বান্দাপানিতে শ্রমিক মৃত্যুর পরেও পদক্ষেপ নেই প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া

শ্রমিক মৃত্যুর পরেও শুরু হল না প্রশাসনিক তৎপরতা। ডুয়ার্সের বন্ধ বান্দাপানি চা বাগানে এমনই অভিযোগ তুলেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার বাগানের শ্রমিক মুকেশ গোয়ালার মৃত্যু হয়। অপুষ্টিজনিত রোগে ভুগে ৩২ বছরের মুকেশের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। শ্রমিকদের অভিযোগ, ওই বাগানে সপ্তাহে এক দিন চিকিৎসা শিবির হলেও, পর্যাপ্ত ওষুধ মেলে না। পানীয় জল সরবারহেরও কোনও ব্যবস্থা নেই। শ্রমিকদের আশঙ্কা, দ্রুত বাগান খোলার ব্যবস্থা না করলে অপুষ্টি, বিনা চিকিৎসায় শ্রমিক মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকবে। মাদারিহাটের বিডিও পেম্বা শেরপা বলেছেন, “বাগানের শ্রমিকদের দ্রুত মাসিক অনুদান চালু হবে। সেই সঙ্গে বাগানটি চালু করতেও প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে।” শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছর ৩ জুলাই বান্দাপানি বাগানের মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যান। তারপরেই বাগানে অর্ধাহার-অপুষ্টি জাঁকিয়ে বসে বলে অভিযোগ। বেকার শ্রমিকদের কাজের খোঁজে ভুটানের পাথর খাদানে যেতে হয় বলে জানিয়েছেন। একশ দিনের কাজও অনিয়মিত বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। কোনও সময়ে কাজ হলেও, এক-দু মাস পেরিয়ে যায় বলে অভিযোগ। কাজের অনেক শ্রমিক ভিন্ রাজ্যেও চলে গিয়েছেন বলে শ্রমিক পরিবারগুলি জানিয়েছে। বিডিও জানিয়েছেন, বাগানে বেশ কয়েকটি সরকারি প্রকল্প চলছে। সেই সঙ্গে বান্দাপানিতে কী সরকারি সুযোগ সুবিধে নিয়মিত চলছে তা খতিয়ে দেখা হচ্ছে।

গণধর্ষণে দোষীদের দ্রুত ধরার দাবি

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

আদিবাসী বিধবাকে গণধর্ষণের অভিযোগের ঘটনার পর চার দিন কেটে গেলেও অভিযুক্তরা ধরা না পড়ায় আন্দোলনে নামল মহিলা সমিতি। শুক্রবার বালুরঘাটে দু’টি বামপন্থী মহিলা সংগঠন আলাদাভাবে রাস্তায় নেমে ঘটনার প্রতিবাদ জানায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তাঁরা পুলিশ ও প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছে। গত ৭ জুলাই, সোমবার রাতে বালুরঘাট শহরের ছিন্নমস্তা কলোনি এলাকায় বাড়িতে একা পেয়ে ওই মহিলাকে তিন দুষ্কৃতী ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। পরদিন মঙ্গলবার ধর্ষিতা মহিলা বালুরঘাট থানায় অজ্ঞাত পরিচিত তিন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ মিলছে। গত বৃহস্পতিবার বালুরঘাট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অদিতি ঘোষ মহিলার গোপন জবানবন্দি নথিভুক্ত করেন। এদিন ডিএসপি (সদর) উত্তম ঘোষ বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।” এ দিন আরএসপির নিখিলবঙ্গ মহিলা সঙ্ঘের পক্ষ থেকে এক প্রতিনিধি দল নির্যাতিতা ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। এরপর বালুরঘাট থানায় গিয়ে মহিলা সঙ্ঘের তরফে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। সঙ্ঘের শহর কমিটির সম্পাদিকা শিপ্রা সেনের বক্তব্য, “ওই মহিলা জানিয়েছেন ১৮ থেকে ২২ বছরের দুষ্কৃতীরা ঘটনায় জড়িত। পুলিশকে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে বলা হয়েছে।” বিকেলে এসইউসিআই-এর পক্ষ থেকে গণধর্ষণে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। পরে জেলাশাসকের উদ্দেশ্যে অতিরিক্ত জেলাশাসককে স্মারকলিপি দিয়ে দলের জেলা সম্পাদক সাগর মোদক বলেন, “অবিলম্বে দোষীদের ধরা না হলে লাগাতার আন্দোলন হবে।”

সহপাঠিনীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার ছাত্র

নিজস্ব সংবাদদাতা • মালদহ

সহপাঠীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বৈষ্ণবনগরের মির্জাচক গ্রামে এই ঘটনা ঘটে। ধৃত বৈষ্ণবনগরের বেদরাবাদ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, ওই ছাত্রী ও ধৃত ছাত্র একই স্কুলের পড়াশোনা করে। দু’জনেই একে অপরের পরিচিত ও ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। মোবাইল ফোনে তারা নিয়মিত কথাও বলত। ছাত্রীর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় ওই কিশোরীর বাড়ির লোকেরা খোঁজাখুজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পরে গ্রামের পাশে একটি ভুট্টার খেতে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে তাঁর বাড়ির লোকজন উদ্ধার করেন। তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে জ্ঞান ফিরলে ছাত্রীর অভিয়োগের ভিত্তিতে পুলিশ রাতেই ওই ছাত্রকে গ্রেফতার করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে। অভিযুক্ত ছাত্রের দাবি, “আমার সঙ্গে ওই ছাত্রীর তিন বছরের বেশি ধরে ভালবাসার সম্পর্ক রয়েছে। ওর বাড়ির লোকেরা আমার সঙ্গে মেলামেশা বন্ধ করতে বলেছিল। ও তা করেনি। আমাকে ফাঁসাতে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।” শুক্রবার ধৃত ছাত্রকে পুলিশ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তুলেছিল। ধৃত নাবালক হওয়ায় মুখ্য ম্যাজিস্ট্রেট তাকে জুভেনাইল আদালতে পাঠিয়ে দেন। সেখান থেকেই তার জামিন হয়েছে বলে ধৃতের আইনজীবী আবদুস সাত্তার জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী ও অভিযুক্ত ছাত্র একই গ্রামের বাসিন্দা। পাশাপাশি একই ক্লাসে পড়ার সুবাদে দু’জনের ঘনিষ্ঠতা তৈরি হয়।

জয়গাঁকে মডেল শহর গড়তে উদ্যোগী রাজ্য

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

ভারত-ভুটান সীমান্তে জয়গাঁকে মডেল শহর করতে উদ্যোগী রাজ্য নগরোন্নয়ন দফতর। শুক্রবার দফতরের প্রধান সচিব দেবাশিস সেন জয়গাঁ উন্নয়ন পর্ষদ দফতরে বৈঠক করেন। সেখানে ভারত-ভুটান সীমান্তে অবস্থিত শহরে মাল্টিপ্লেক্স, আইটি-হাবের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উইলসন চম্প্রামারি বলেন, “আগামী দিনে জয়গাঁকে মডেল শহর করার পরিকল্পনা নিয়েছে রাজ্য । নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব সে সব নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন এলাকা ঘুরেও দেখেছেন।” প্রশাসনিক সূত্রে খবর, জলপাইগুড়ির জেলাশাসক পৃথা সরকার, আলিপুরদুয়ারের জেলা শাসক অ্যালিস ভেজ-সহ প্রশাসনের অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দেবাশিসবাবু। এ দিন স্থানীয় গোপীমোহন মাঠ, শিশুউদ্যান-সহ বেশ কিছু এলাকায় যান তিনি। প্রস্তাবিত ট্রাক টার্মিনাসের জন্য ভুলন চৌপথী এলাকা ঘুরে দেখেন। জয়গাঁ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামাশঙ্কর গুপ্ত বলেন, “জয়গাঁ শহরে কোনও পরিষেবা নেই। রাজ্যের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

স্কুলে ছাত্রীকে মারে অভিযুক্ত শিক্ষিকা

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

নার্সারির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। শুক্রবার সকালে সুভাষপল্লির ওই স্কুলের প্রধান শিক্ষিকার নামে শিলিগুড়ি থানায় অভিযোগ করেছেন ছাত্রীর বাবা দেবাশিস দাস। তাঁর অভিযোগ, স্কুলে কান্নাকাটি করায় মেয়েকে মুখে চড় মারেন প্রধান শিক্ষিকা অদিতি সিংহ। তাতেই তার মুখের ভিতরে দাঁতের সঙ্গে লেগে গাল ও ঠোঁট কেটে যায় বলে তাঁর অভিযোগ। ছাত্রীর বাড়ির লোকজনের আরও অভিযোগ, শাস্তি হিসেবে শিশুটিকে মাঝেমধ্যে শৌচাগারেও আটকে রেখে ভয় দেখানো হতো। প্রধান শিক্ষিকা বলেন, “অবাধ্য হলে একটু শাসন তো করতেই হয়। রক্তারক্তি ঘটানোর প্রশ্নই নেই। শৌচাগারের আটকে রাখার কথাও ঠিক নয়।” শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন বলেন, “প্রাথমিক তদন্তের পরে প্রয়োজনে শিশু সুরক্ষা আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।”

গণধর্ষণে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি বালুরঘাটে

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

আদিবাসী বিধবাকে গণধর্ষণের ঘটনার পর চার দিন কেটে গেলেও অভিযুক্তরা ধরা না পড়ায় আন্দোলনে নামল মহিলা সমিতি। শুক্রবার বালুরঘাটে দু’টি বামপন্থী মহিলা সংগঠন আলাদা ভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। অভিযুক্তদের ধরার দাবিতে তাঁরা পুলিশ ও প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছে। ৭ জুলাই, সোমবার রাতে বালুরঘাট শহরের ছিন্নমস্তা কলোনি এলাকায় বাড়িতে একা পেয়ে ওই মহিলাকে তিন দুষ্কৃতী ধর্ষণ করে বলে অভিযোগ। পরদিন মহিলা বালুরঘাট থানায় অজ্ঞাত পরিচিত তিন দুষ্কৃতীর নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষায় গণধর্ষণ করার প্রমাণ মিলছে। এ দিন আরএসপির নিখিলবঙ্গ মহিলা সঙ্ঘের তরফে এক প্রতিনিধি দল মহিলার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। এরপর বালুরঘাট থানায় গিয়ে মহিলা সঙ্ঘের তরফে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। বিকেলে এসইউসিআই-এর পক্ষ থেকে গণধর্ষণে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। পরে জেলাশাসকের উদ্দেশে অতিরিক্ত জেলাশাসককে স্মারকলিপি দেয় তারা।

পুরকর্মীদের হাজিরায় ‘বায়োমেট্রিক’ পদ্ধতি

ছবিটি তুলেছেন নারায়ণ দে।

কর্মীদের হাজিরায় নজরদারি চালাতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে চলেছে আলিপুরদুয়ার পুরসভা। এ বার থেকে নির্দিষ্ট যন্ত্রে আঙুল ছোঁয়ালে হাজিরার সময় নথিভুক্ত হয়ে যাবে। পুরসভায় ছ’টি ক্লোজড সার্কিট ক্যামেরাও বসানো হয়েছে। সিপিএমের পুর-চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক বলেছেন, “কর্ম সংস্কৃতি বজায় রাখা এবং কর্মীদের উপস্থিতি জানার জন্য এই ব্যবস্থা হচ্ছে। শুক্রবার থেকেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।” তিনি জানান, অস্থায়ী ও স্থায়ী কর্মীদের হাতের আঙুলের ছাপ ও বিশেষ নম্বর কম্পিউটারে নথিভুক্ত থাকবে। নির্দিষ্ট মেশিনে কর্মীরা আঙুলের ছাপ দিলে হাজিরা কম্পিউটারে নথিভুক্ত হয়ে যাবে। পুরকর্মীর আঙুলের ছাপ ও নানা নথি নেওয়ার প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। দৈনিক মজুরির ভিক্তিতে ৬৪ জন, অস্থায়ী ৩৯ জন ও স্থায়ী ৮৪ কর্মী পুরসভায় রয়েছেন। অস্থায়ী ও স্থায়ী কর্মীদের হাজিরা আঙুলের ছাপের মাধ্যমে নেওয়া হবে। সাত দিন অন্তর তার মূল্যায়ন করবেন চেয়ারম্যান। কর্মীরা দেরিতে এলে তাকে সর্তক করা হবে। অনিন্দ্যবাবু বলেন, “বায়োমেট্রিক পদ্ধতিতে অফিসে এসে তবেই হাজিরা দেওয়া সম্ভব। পুরসভায় হাজিরার সময় ১০টা থেকে বাড়িয়ে ১০টা ১৫ মিনিট করছি।” পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের জেলা সম্পাদক সুব্রত সরকার বলেন, “হাজিরার আধুনিক পদ্ধতিকে আমরা স্বাগত জানাচ্ছি।”

পাখা অচল ট্রেনে, চেন টেনে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • মালদহ

একাধিক বার অভিযোগ জানানোর পরেও দু’টি সংরক্ষিত কামরার পাখা ঠিক না করায় চেন টেনে ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। শুক্রবার রাতে মালদহ স্টেশনে রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ দেখান যাত্রীরা। রাত সওয়া ন’টা নাগাদ বিক্ষোভ শুরুর ৪০ মিনিট পরে দু’টি কামরার পাখা মেরামত করা হয় বলে যাত্রীরা জানিয়েছেন। রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেসের এস-টু কামরার যাত্রীদের অভিযোগ, রায়গঞ্জ থেকে ট্রেন ছাড়ার পরই এস-টু ও এস-ফোর সংরক্ষিত দুই কামরার পাখা চলছিল না। রায়গঞ্জের স্টেশন কর্তৃপক্ষকে অভিযোগ জানালে মালদহ স্টেশনে মেরামতির আশ্বাস দেওয়া হয়। কিন্তু যাত্রীদের অভিযোগ, রাত ৮ টা ৫৫ মিনিটে ট্রেন মালদহ টাউন স্টেশনে ঢোকার পরেও মেরামতি করতে কেউ উদ্যোগী হয়নি। সওয়া ন’টা নাগাদ ট্রেনটি মালদহ থেকে ছেড়েও দেয়। এরপরেই চেন টেনে থামিয়ে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। এস-টু সংরক্ষিত কামরায় কলকাতা যাচ্ছিলেন জেলার প্রাণী সম্পদ বিকাশ দফতরের উপ অধিকর্তা উত্তম বিশ্বাস। তিনি বলে, “অভিযোগ জানানোর পরেও, পাখা ঠিক না করে ট্রেন ছেড়ে দেয়।” মালদহ টাউন স্টেশনের ম্যানেজার এইচ কে সিংহ বলেন, “পাখা চালু হলে বিক্ষোভ ওঠে। ৯টা ৫৫ মিনিটে ট্রেনটি ছাড়ে।”

স্ত্রীকে খুন ধৃত স্বামী

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

না জানিয়ে রুপোর গয়না দোকানে বন্ধক দেওয়ায় স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করে স্বামী। মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় ওই মহিলার। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার পুন্ডরী অঞ্চলের সোনাহান এলাকায় ওই ঘটনায় মারা যান মালতী মুদি (৪০)। শুক্রবার সকালে অভিযুক্ত স্বামী ক্ষুদিরাম মুদিকে গ্রেফতার করে পুলিশ।

ধর্ষণে বাধা, বধূর হাতে হাঁসুয়ার কোপ

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

'ধর্ষণে বাধা দেওয়ায় এক বধূর হাতে হাঁসুয়ার কোপ মারার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। হাঁসুয়ার কোপে ওই বধূর হাতের দুটি আঙ্গুল কেটে গিয়েছে। মালদহের চাঁচল থানার গঙ্গাদেবী এলাকায় বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে। আহত ওই বধূকে মালতিপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার চাঁচল থানায় এসে অভিযুক্তকে গ্রেফতারের দাবিও জানান এলাকার বাসিন্দারা। অভিযুক্ত হোসেন আলি এলাকা ছেড়ে পালায় বলে পুলিশ জানিয়েছে। চাঁচলের আইসি তুলসীদাস ভট্টাচার্য বলেন, “অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।” অভিযুক্ত হোসেন আলি গঙ্গাদেবী এলাকার পূর্বপাড়ার বাসিন্দা। তিনি বিবাহিত। দিনমজুর পরিবারের ওই বধূ গবাদি পশুকে পাটপাতা খাওয়ানোর জন্য ওই দিন বিকালে পাট খেতে পাতা তুলতে যান। জমির আলে দাঁড়িয়ে পাটের পাতা তোলার সময় প্রতিবেশী হোসেন আলি তাঁকে জাপটে ধরে মুখে কাপড় গুঁজে খেতের ভিতরে দোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পাট গাছের আঁশ দিয়ে বধূর হাত বাঁধারও চেষ্টা করা হয়। ধস্তাধস্তির মধ্যে কামড়ে দেওয়া ছাড়াও বধূর হাতে হাঁসুয়ার কোপ মারা হয়। তাঁর ডান হাতের তর্জনী ও বুড়ো আঙ্গুল কেটে যায়। ধ্বস্তাধ্বস্তির সময় বধূর মুখে গোঁজা কাপড় খুলে যেতেই তাঁর চিৎকারে মাঠে থাকা লোকজনেরা ছুটে আসেন। কিন্তু তাড়া করেও অভিযুক্তকে তাঁরা ধরতে পারেননি।

মৃতদের পরিবারকে সাহায্য

নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর

হাওড়ার শ্যামপুরে বজ্রাঘাতে মৃত ন’জনের পরিবারকে আর্থিক সাহায্য করলেন উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। শনিবার কোলিয়া-ঘোষপুরে দলের পক্ষ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে মৃতদের প্রত্যেকের পরিবারের হাতে নিজের সাংসদ হিসেবে পাওয়া বেতন থেকে ১০ হাজার টাকা করে তুলে দেন সুলতান। ওই সব পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনাতে সাহায্যেরও আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পুলক রায়। গত বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামে ১০০ দিনের কাজ প্রকল্পে একটি শ্মশান সংস্কারের সময়ে বজ্রাঘাতে নয় মজুরের মৃত্যু হয়।

ছাত্রী আবাস বিতর্কে তদন্ত

সুনীতি অ্যাকাডেমির ছাত্রী আবাস নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ছাত্রী, অভিভাবক ও আবাসিক কর্তাদের বক্তব্য শুনল তদন্ত কমিটি। শুক্রবার দুপুর ১২টা থেকে প্রায় ৫টা পর্যন্ত দফায় দফায় ১৭ জন আবাসিক, তাদের অভিভাবক ও আবাসিক কর্তাদের বক্তব্য নথিবদ্ধ করেন তদন্ত কমিটির সদস্যরা। সুনীতির প্রধান শিক্ষিকার নেতৃত্বাধীন ওই কমিটির ৬ জন সদস্যের সবাই উপস্থিত ছিলেন। সুনীতি আক্যাডেমির প্রধান শিক্ষিকা মধুমিতা বন্দোপাধ্যায় জানান, আগামী সোমবারের মধ্যে জেলাশাসককে রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি। সম্প্রতি ওই ছাত্রীবাসে অনিয়ম, মানসিক নির্যাতনের অভিযোগ তুলে কয়েকজন অভিভাবক প্রশাসনের দ্বারস্থ হন। বিষয়টি জানতে পেরে জেলাশাসকের সঙ্গে কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার জেরেই জেলাশাসক প্রধান শিক্ষিকার নেতৃত্ব কমিটি গড়ে তদন্ত করার তদন্তের নির্দেশ দেন।

তৃণমূলের বিক্ষোভ

১০০ দিন কাজে অনিয়ম ও রাস্তাঘাট সংস্কার করা-সহ ১৭ দফা দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। প্রধানের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। শুক্রবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে খড়িয়া ১ পঞ্চায়েতে। এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চন্দ বলেন, “আমাদের দাবিগুলি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব। সমস্ত বিষয়ে অনিয়ম চলছে। এর প্রতিকার হওয়া দরকার।” সিপিএম প্রধান অজয় সেন বলেন, “১০০ দিনের কাজে অনিয়ম হয়নি। যেমন ভাবে সরকার থেকে টাকা পাঠানো হয় সেই মতো শ্রমিকদের তা দেওয়া হয়। তবে ওদের বাকি দাবিগুলি খতিয়ে দেখার পরে দরকারে ব্যবস্থা নেওয়া হবে।”

বৌদিকে খুন, ধৃত

টাকার জন্য বৌদিকে খুনের অভিযোগ দেওরকে ধরল পুলিশ। শুক্রবার মালবাজার থানার রাজা চা বাগানে। নিহতের নাম বৈজয়ন্তী মুন্ডা (২৭)। এ দিন দুপুরে বাগানের ফ্যাক্টারি পিছনের একটি নালা থেকে নিহতের দেহ উদ্ধার করে পুলিশ। বৈজয়ন্তী রাজা চা বাগানের স্থায়ী শ্রমিক। ডালিয়া লাইনে তাঁর বাড়ি। স্বামী নির্মল বছর দুয়েক আগে মারা যান। স্বামীর পিএফের টাকা নিয়ে দেওরের সঙ্গে তাঁর বিবাদ চলছিল। এর জেরে খুন বলে পুলিশের অনুমান।

দুর্ঘটনায় মৃত যুবক

ট্রাক ও বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। ওই ঘটনায় জখম হন এক জন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোকরাঝাড়ের গোসাইগাঁও থানার হাব্রুবিল গ্রামের কাছে ৩১ নং জাতীয় সড়কে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। মৃতের নাম কনিষ্ক রায় (২৬)। তাঁর বাড়ি গোসাইগাঁও থানার খোঁকসাগুরি গ্রামে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

জোড়া খুনে ধৃত

স্ত্রী এবং মেয়েকে খুন করে কুয়োয় ফেলায় অভিযুক্ত স্বামীকে ধরল পুলিশ। ডুয়ার্সের নাগরাকাটা বাগানের বাসিন্দা দীপক মারান্ডিকে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ গ্রেফতার করে। গত ৭ জুলাই বাগানের রতন লাইনে কুয়োতে স্ত্রী তারসিনা মারান্ডি ও মেয়ে পাঙ্খৌড়ির দেহ দু’টি বাসিন্দারা দেখতে পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement