বিমানবন্দর নিয়ে ক্ষোভ, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
বাগডোগরা বিমানবন্দরের যাত্রী পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুলে সরব হলেন উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। আজ, বুধবার পর্যটন ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে বিষয়টি জানিয়ে স্মারকলিপি দেওয়া হবে। গত সোমবারই একই দাবি জানিয়ে এই অঞ্চলের ‘অ্যাকশন ফোরাম অব ট্যুরিজম ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডাসর্র্’-এর সদস্যেরা এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার আধিকারিকদের কাছে ই-মেল মারফত দাবিগুলি জানিয়েছেন। ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরার্স অ্যাসোসিয়েশন দাবিগুলি ফের মুখ্যমন্ত্রীকে জানাবেন। অ্যাকশন ফোরামের যুগ্ম কো-অর্ডিনেটর সম্রাট সান্যাল, পার্থ গুহ-রা জানান, বাগডোগরা বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ছাড়াও শৌচালয়ের পরিস্কার পরিচ্ছন্নতায় আরও নজর দেওয়া প্রয়োজন। যাত্রীদের শুধুমাত্র ছাড়তে আসা গাড়িগুলি থেকে পার্কিং ফি নেওয়া হচ্ছে। বিমানবন্দরের ‘মিট অ্যান্ড গ্রিট’ পয়েন্টে গাড়ির চালক, দালাল, যাত্রীদের নিতে আসা বিভিন্ন সংস্থার কর্মীরা এমনভাবে ভিড় করে থাকেন, তাতে সাধারণ যাত্রীদের হয়রানি হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরের ‘অ্যারাইভাল ডিসপ্লে বোর্ড’ দীর্ঘদিন ধরে খারাপ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এয়ারপোর্ট অথরিটির অফিসারদের পর্যটক এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়ার অনুরোধ নেওয়া হয়েছে। ট্যুর অপারেটরদের সংগঠনের সম্পাদক সাধন রায় জানান, মুখ্যমন্ত্রীর আজ, দুপুরে বিমানবন্দরে নামবেন। তাঁকে সমস্ত কিছু জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হবে। এয়ারপোর্ট অথরিটি তরফে আধিকারিকেরা দাবিগুলি দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এইমসের দাবিতে আন্দোলন চলছেই
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতালের জমি অধিগ্রহণ করে হাসপাতাল তৈরি করার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে স্মারকলিপি পাঠাল রায়গঞ্জ এইমস রূপায়ণ নাগরিক মঞ্চ। মঙ্গলবার মঞ্চের এক প্রতিনিধি দল রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সামনে বিক্ষোভ দেখানোর পর জেলাশাসকের হাতে দুটি স্মারকলিপি দেন। জেলাশাসক স্মিতা পান্ডে বলেন, “দুটি স্মারকলিপি যথাযথ জায়গায় পাঠানো হচ্ছে।” এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে ১ জুলাই বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে রায়গঞ্জ এইমস রূপায়ণ নাগরিক মঞ্চ তৈরি করে পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্স। ৬ জুলাই মঞ্চের তরফে রায়গঞ্জে কনভেনশন করে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে আন্দোলনে নামার কথা ঘোষণা হয়। মঞ্চের অভিযোগ, ২০০৯ সালে কেন্দ্রীয় সরকার রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির কথা ঘোষণা করলেও হাসপাতাল তৈরির জন্য পূর্বতন ও বর্তমান রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করায় কাজ হয়নি। মঞ্চের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু জেলাশাসকের কাছে দাবি করেন, পানিশালা এলাকায় প্রশাসনের চিহ্নিত করা জমির মালিক তথা চাষিরা উপযুক্ত ক্ষতিপূরণ পেলে স্বেচ্ছায় জমি দিতে প্রস্তুত রয়েছেন। তাঁর অভিযোগ, “রাজ্য সরকার চাষিদের সঙ্গে কথা না বলেই জোর করে জমি অধিগ্রহণ করা হবে না বলে বারবার দাবি করছে।” মঞ্চ আহ্বায়ক জয়ন্ত সোম জানান, শীঘ্রই জেলাশাসকের মাধ্যমে চাষিদের দিয়ে লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছায় জমি দেওয়ার আর্জি পাঠানো হচ্ছে। তার পরেও রায়গঞ্জের বদলে কল্যাণীতে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির কাজ শুরু হলে জেলা জুড়ে অনির্দিষ্ট কালের জন্য পথ অবরোধ, রেল অবরোধ, কেন্দ্র ও রাজ্য সরকারি দফতর অচল করে দেওয়া ছাড়াও সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হবে।
মমতার দ্বারস্থ শ্রমিকেরা
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং
চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা বিলি এবং সব শ্রমিককে বিপিএল তালিকায় অর্ন্তভুক্ত করার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে তৃণমূলের শ্রমিক সংগঠন। মঙ্গলবার দার্জিলিঙের গোর্খা দুখ নিবারক সম্মেলন হলে সংগঠনের সভায় এমনই দাবি করেছেন তৃণমূল শ্রমিক সংগঠনের সভানেত্রী দোলা সেন। সংগঠনের পাহাড় কমিটির উদ্যেগে এ দিন দার্জিলিঙে এসেছিলেন দোলা। তিনি বলেন, “চা বাগানের শ্রমিকদের জমির অধিকারের দাবি উঠেছে। এই দাবি খুবই ন্যায় সঙ্গত। যদিও চা বাগান কর্তৃপক্ষগুলি এ বিষয়ে খুব একটা উদ্যোগী নয়। সে কারণে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সংগঠন দ্বারস্থ হবে।” এ দিনের সভায় শাসক দলের শ্রমিক সংগঠনের সভানেত্রী দাবি করেছেন, রাজ্যে ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রীই ভূমিহীনদের জমির অধিকার দিয়েছেন। এই দিনের সভায় মজুরি চুক্তি নিয়েও সরব হয়েছেন দোলা সেন। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী করতে হবে বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, “আমাদের সংগঠনের পক্ষ থেকে ন্যূনতম ৩০০ টাকা মজুরি দাবি করা হয়েছে। বর্তমানে সেটি সম্ভব না হলেও, ভবিষ্যতে এই দাবি অনুযায়ী মজুরি দিতে হবে।” তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে তা সম্ভব হবে শ্রমিক নেত্রীর দাবি। পাহাড় এবং সমতলেও একই হারে মজুরির দিতে হবে বলে তিনি দাবি করেছেন। চা শ্রমিকদের অন্য নানা সুযোগ সুবিধে দাবিতে দাবিপত্র তৈরি হয়েছে বলে শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে।
প্রতিবাদে পথ অবরোধে ছাত্র
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
হামলার ঘটনার প্রতিবাদ ও দুষ্কৃতীদের ধরার দাবি জানিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। মঙ্গলবার সকালে ইসলামপুর থানার পাটাগড়া এলাকাতে পাটাগড়া স্কুলের সামনে ঘটনাটি ঘটেছে। সহপাঠীদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে গ্রামীণ সড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের ধরার প্রতিশ্রুতি দিলে পড়ুয়ারা অবরোধ তুলে নেয়। ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান বলেছেন, “হামলাকারীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।” ছাত্রছাত্রীদের অভিযোগ, গত সোমবার স্কুলে হামলার ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও, কোন হামলাকারীকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ, সোমবার সকালে স্কুল শুরু হওয়ার সময় এক দল যুবক স্কুল চত্বরে ঢুকে দ্বাদশ শ্রেণির কয়েক জন ছাত্রকে মারধর করে বলে অভিযোগ।
দার্জিলিং জেলায় চালু হচ্ছে ‘ব্রেথালাইজার’
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
নেশাগ্রস্ত ভাবে গাড়ি চালানো রুখতে দার্জিলিং জেলায় চালু হতে চলেছে ‘ব্রেথালাইজার।’ কেউ মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন কিনা তা এই যন্ত্রের সাহায্যে জানা যাবে। পর্যটকদের নিরাপত্তার জন্য আপাতত ভাড়া গাড়ি চালকদের শ্বাস পরীক্ষা করা হবে। পরবর্তীতে সফল হলে তা সাধারণের জন্যও প্রযোজ্য হতে পারে। মঙ্গলবার শিলিগুড়ি সার্কিট হাউসে দার্জিলিং জেলা প্রশাসনের একটি বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৫ জুন কালিম্পংয়ে ফের একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে প্রশাসন সূত্রে খবর। বৈঠকে জ্বালানির দামের প্রেক্ষিতে ভাড়া বৃদ্ধির দাবি জানান মালিকরা।
ক্রীড়া সংস্থার ফুটবল লিগ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হল রায়গঞ্জ আন্তঃ ক্লাব ফুটবল লিগ-২০১৪ টুর্নামেন্ট। মঙ্গলবার বিকালে রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। উদ্বোধনী খেলায় কসবা চতুর্থ আরক্ষা বাহিনী রিক্রেয়েশন ক্লাব ৯-১ গোলে রায়গঞ্জ টাউন ক্লাবকে হারিয়েছে। আগামী অগস্ট মাস জুড়ে টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টে এ দিনের দুটি ক্লাব ছাড়াও বীরনগর স্পোর্টিং, বিধাননগর স্পোর্টিং, রায়গঞ্জ স্পোর্টস, রায়গঞ্জ স্পোর্টস অ্যাকাডেমি, অশোকপল্লি স্পোর্টস অ্যান্ড গেমস ক্লাব, নেতাজি পাঠাগার এবং ভোমরা ইউনাইটেড ফুটবল দল অংশ নিয়েছে। প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে।
সুরেন্দ্রনাথে ছাত্র সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
কটূক্তি করা নিয়ে গণ্ডগোলের শুরু। কয়েকদিন ধরেই এই নিয়ে উত্তেজনা ছিল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজের সামনে। মঙ্গলবার দুপুরে ফের ঝামেলা বাধে এসএফআই আর টিএমসিপি সমর্থকদের মধ্যে। শুরু হয় হাতাহাতি। পুলিশব ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষকেই হটিয়ে দেয়। এ সময় রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তীকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। বহিরাগতদের আনাগোনা বন্ধ করার দাবিতে বিকাল ৫টা নাগাদ কলেজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এসএফআই সমর্থকেরা। আধ ঘন্টা অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। টিএমসিপির জেলা সভাপতি অজয় সরকারের অভিযোগ, বহিরাগতদের এনে এসএফআই এদিন হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করে এসএফআইয়ের জেলা সম্পাদক প্রাণেশ সরকার বলেন, “প্রতিদিনই টিএমসিপি কলেজের বাইরে-ভিতরে বহিরাগতদের জড়ো করছে। তাই এরই প্রতিবাদে পথ অবরোধ করা হয়।”
অবরোধে চালকেরা
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
যাত্রী তোলা নিয়ে গোলমালের জেরে চালককে মারধর করে ভুটভুটি আটকে রাখার অভিযোগ তুলে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ভুটভুটি চালকেরা। মঙ্গলবার দুপুরে ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকাতে ঘটনাটি ঘটে। এদিন দুপুরে মহম্মদ সাইনুল নামে এক ভুটভুটি চালক কয়েক জন যাত্রী নিয়ে তিনপুল মোড় এলাকাতে দাঁড়িয়েছিলেন। সেই সময় এলাকার এক ট্রেকার চালক ওই ভুটভুটি আটকে রেখে চালককে মারধর করেন বলে অভিযোগ। মাটিকুন্ডাতে গিয়ে ভুটভুটি চালক ঘটনাটি জানালে অবরোধ শুরু হয়। ট্রেকার চালকদের অভিযোগ, ইসলামপুরে তিনপুল এলাকায় ট্রেকার চালকদের স্ট্যান্ড রয়েছে। সেখানে ভুটভুটির যাত্রী তোলা নিষেধ রয়েছে। ওই ভুটভুটি চালক তাই করছিলেন। তাই তা নিয়ে গোলমাল হয়েছে। ভুটভুটিটি আটকে পুলিশকে দেওয়ার কথা ছিল। মারধরের ঘটনা ঘটেনি।
বেঞ্চে বসা নিয়ে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
বেঞ্চে বসা নিয়ে গন্ডগোলে উত্তেজনা ছড়াল ইসলামপুর মিলনপল্লি হাইস্কুলে। অভিযোগ, গত সোমবার স্কুলে বেঞ্চে বসা নিয়ে একাদশ শ্রেণির দুই ছাত্রের বচসা হয়। মঙ্গলবার টিফিনের সময় দু’জনের ফের গোলমাল হয়। স্কুলের বাইরে একজনের উপর অন্যজনের বন্ধু ও আত্মীয়েরা হামলা চালায় বলে অভিযোগ। এলাকায় লোকজন বিষয়টি থামায়। পুলিশ ও স্কুলের শিক্ষকেরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
মহকুমা লিগ শুরু
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা
দিনহাটা মহকুমা সিনিয়র ফুটবল লিগ শুরু হল। মঙ্গলবার দিনহাটার সংহতি ময়দানে এর উদ্বোধন করেন পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। মহকুমা ক্রীড়া সংস্থা লিগের আয়োজন করেছে। উদ্যোক্তারা জানান, এ দিন উদ্বোধনী খেলায় কলেজ পাড়া সর্বহারা ক্লাব ও প্রান্তিক বাজার চিরদুর্দম মুখোমুখি হয়। ২-০ গোলে কলেজপাড়া দল জয়ী হয়। বিজয়ী দলের টিতুল বর্মন ও নটু বর্মন গোল করেন। দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থার সচিব বিভুরঞ্জন সাহা জানান, ১২টি দল অংশ নেয়। অগস্ট ব্যাপী প্রতিযোগিতা চলবে।
অস্ত্র-সহ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
দেশি পিস্তল ও গুলি সহ এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে বালুরঘাটের চকভৃগুর ঘটনা। অধীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে পুলিশ তাকে আগ্রেয়াস্ত্র সহ গ্রেফতার করে। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অনলাইন লটারির কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ শহরের প্রাচ্য ভারতী এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে। নাম সঞ্জীব দেবনাথ।
চোখে পেনের খোঁচা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা
খেলার সময় বন্ধুর কলমের খোঁচা লেগে এক ছাত্রের বাঁ চোখ জখম হয়েছে। পঞ্চম শ্রেণির ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় আলিপুরদুয়ার লায়ন্স চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়। স্কুলের প্রধান শিক্ষক ক্ষিতিষ দেবনাথ এই দিন বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। ওর চিকিৎসার যাতে কোনও ত্রুটি না হয়, সেটা দেখা হবে।”
সাইকেল বিলি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্রীদের সাইকেল বিলি করল কোচবিহার সদর মহকুমা প্রশাসন। মঙ্গলবার ল্যান্সডাউন হলে আয়োজিত অনুষ্ঠানে নবম-দ্বাদশের পড়ুয়া ১৭১ ছাত্রীকে ওই সাইকেল তুলে দেওয়া হয়। সাইকেল প্রাপকদের ব াড়তি উপহার হিসাবে একটি করে নারকেল গাছের চারাও তুলে দেন প্রশাসনের কর্তারা।
ধৃত দুই দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকার ঘটনা। ধৃত মহম্মদ খালিল ও মহম্মদ ইমতাবুলের বাড়ি চোপড়া মিঠাপোখর এলাকায়। তাদের থেকে দুটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি উদ্ধার হয়।
জমির বিবাদে সংঘর্ষ দু’পক্ষে
নিজস্ব সংবাদদাতা • বেরুবাড়ি
জমির বিবাদে মঙ্গলবার দুপুরে খারিজা বেরুবাড়ির খালপাড়ায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খালপাড়া এলাকার জমি নিয়ে বেরুবাড়ির স্কুলের প্রাথমিক শিক্ষক বিকাশ বিশ্বাসের সঙ্গে শ্যামল সরকারের বিবাদ চলছিল বলে অভিযোগ। দু’পক্ষই এই নিয়ে তৃণমূলের খারিজা বেরুবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত সভাপতি ভূপেন্দ্রনাথ রায়ের দ্বারস্থ হন। সভাপতি বলেন, “দু’পক্ষই বিষয়টি জানিয়েছেন। সকলের সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করব।” এবিপিটিএ সক্রিয় কর্মী বিকাশ বিশ্বাস বলেন, “অন্যপক্ষ তৃণমূল কর্মী বলে ওদের নেতাকে জানিয়েছিলাম।” মঙ্গলবার দুপুরে সংঘর্ষে বিকাশবাবুর স্ত্রী আরতিদেবী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শ্যামল সরকার বলেন, “যে জমির কথা বলা হচ্ছে, সেটি আমি কিনেছি। সেই জমি অবৈধভাবে ঘিরতে যাওয়ায় বাধা দিয়েছি।”
সিঁদ কেটে চুরি
শামুকতলা থানার দক্ষিণ মজিদখানা গ্রামে সোমবার রাতে চুরির অভিযোগ ওঠে। বলরাম দেবনাথ নামে এক কৃষকের বাড়িতে সিদ কেটে চুরি হয়েছে বলে অভিযোগ। দু’টি মোবাইল ফোন, নগদ চার হাজার টাকা সহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ। শামুকতলা থানার ওসি বিনোদ গজমের জানান, ঘটনার তদন্ত চলছে।
‘জলা বাঁচাও মাছ ছাড়ো’
‘জলা বাঁচাও মাছ ছাড়ো’ প্রকল্প’ শুরু কোচবিহারে। মঙ্গলবার কোচবিহারে মৎস্য দফতরের অতিথিনিবাসের সামনে আনুষ্ঠানিক ভাবে প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা ডাকুয়া। জেলা মৎস্য দফতরের আধিকারিক অলোক প্রহরাজ জানান, কোচবিহার শহরের সমস্ত জলায় মাছ ছাড়া হবে। এক সপ্তাহের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। শহরে সব মিলিয়ে ২০ ইউনিট মাছ ছাড়া হবে। এক ইউনিটে সাড়ে সাত হাজার মাছের পোনা থাকবে। এক হেক্টর জলাশয়ে এক ইউনিট মাছ ছাড়া হবে। এছাড়া জেলার ৩০টি বিলে মাছ ছাড়া হবে। অন্য দিকে, মঙ্গলবার হলদিবাড়িতের মাছের পোনা বিলি করল কোচবিহার জেলা মৎস্য দফতর। হলদিবাড়ির পঞ্চায়েত সমিতি মাধ্যমে সমিতির অতিথি নিবাসে এই পোনা বিলি করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি সাহিনুর সরকার জানান, ৩১ জন উপভোক্তাপ মধ্যে মাছের পোনা বিলি করা হয়েছে।
শিবির বদল
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দুই পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার কালচিনির জয়গাঁ-২ গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য দল বদল করেন। এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি রজব আলি জানান ২১ পঞ্চায়তে সদস্যের মধ্যে সিপিএমের ৪ ও তৃণমূলের ৬ জন সদস্য ছিলেন। দল বদল করার পর তৃণমূলের ৮ এবং সিপিএমের ২ জন সদস্য হল। কালচিনির সিপিএম নেতা রবি মিত্র বিষয়টি জানেনই না।
প্রচুর গাঁজা উদ্ধার
আনারস বোঝাই গাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার মুল্য ২৫ লক্ষ টাকা। মঙ্গলবার ধুবুরির ছাগলিয়া ফাঁড়ি এলাকার কৈমারি গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রচুর পরিমানে মাদক দ্রব্য নিয়ে একটি ছোট গাড়ি গুয়াহাটি থেকে এসে ধুবুরি জেলার ছাগলিয়া চেকপোস্ট পার হয়ে শিলিগুড়ি যাচ্ছে, গোপন সূত্রে এই খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে চালক ও খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায়। ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে আনারসের তলায় ৫১টি প্যাকেটে মোট ৫ কুইন্টাল গাঁজা উদ্ধার করে পুলিশ।
ঝুলন্ত দেহ উদ্ধার
মানসিক ভারসাম্যহীন এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। শামুকতলা সিমলাবাড়ি গ্রামে মঙ্গলবার ঘটনাটি ঘটে। মৃতের নাম রাজেশ লাকড়া ওরাওঁ (৩৫)। এ দিন সকালে বাড়ির একটি নিমগাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।
উবাচ-এর সন্ধ্যা
‘উবাচ’ আবৃত্তি সংস্থা পঞ্চম বর্ষে ১৯ জুলাই ‘কবিতার সৃজন মিছিলে’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানের পরে দুঃস্থ মেধাবীদের দেওয়া হবে উবাচ মেধা সম্মাননা ২০১৪। ডুয়ার্স, শিলিগুড়ি ও জলপাইগুড়ির শিল্পীরা অংশ নেবেন বলে জানান উবাচ’র কর্ণধার পারমিতা দাশগুপ্ত।