Nepal General Election

নেপালে আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটেও অনেক এগিয়ে বলেন্দ্রর দল! ওলিকে হারালেন প্রায় ৫০০০০ ব্যবধানে

নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’ (প্রতিনিধি সভা)-এর ২৭৫ আসনের সদস্যদের বাছতে বৃহস্পতিবার জোড়া ব্যালটে ভোট দিয়েছিল নেপাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ২৩:৫৫
Share:

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

মাস কয়েক আগে তিনিই ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। কিন্তু গত বছরের জনবিক্ষোভ সব ওলট-পালট করে দেয়। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় তাঁকে। নেপালের সেই প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলিকে প্রায় ৫০ হাজার ভোটে হারালেন কাঠমান্ডুর প্রাক্তন মেয়র তথা হবু প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ! শুধু তা-ই নয়, ‘গণঅভ্যুত্থানে’ সরকার বদলের কারিগর জেন জ়ি-দের (তরুণ প্রজন্ম) পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) অর্ধেকের বেশি আসনে জিতে সরকার গড়ার পথে।

Advertisement

কোন অঙ্কে সরকার

নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’ (প্রতিনিধি সভা)-এর ২৭৫ আসনের সদস্যদের বাছতে বৃহস্পতিবার জোড়া ব্যালটে ভোট দিয়েছিল নেপাল। এর মধ্যে ১৬৫টিতে প্রত্যক্ষ এবং ১১০টিতে পরোক্ষ (সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে) নির্বাচন হয়েছিল। নেপালের সংবাদমাধ্যমগুলির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আরএসপি এখনও পর্যন্ত ৬৮ আসনে জিতে গিয়েছে। এগিয়ে রয়েছে আরও ৫৪ আসনে। আর পিআর পদ্ধতিতে আরএসপি দু’লক্ষ ৭৫ হাজার ৫৫৮ ভোটে এগিয়ে। অনুমান, সব মিলিয়ে ১৮০টি আসনে জিততে চলেছে বলেন্দ্রর দল, যা জাদুসংখ্যার থেকে অনেকটাই বেশি।

Advertisement

প্রায় ৫০ হাজার ভোটে জয় বলেন্দ্রর

নেপালের ঝাপা-৫ কেন্দ্র থেকে লড়াই করেন বলেন্দ্র। প্রতিদ্বন্দ্বী ছিলেন ওলি। কমিউনিস্ট পার্টি অফ নেপাল-এর (ইউএমএল) প্রার্থী ছিলেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, বলেন্দ্র পেয়েছেন ৬৮ হাজার ৩৪৮টি ভোট। আর ওলির ঝুলিতে ১৮ হাজার ৭৩৪ ভোট। অর্থাৎ, ৪৯ হাজার ৬১৪ ভোটে প্রাক্তন প্রধানমন্ত্রী ওলিকে হারালেন বলেন্দ্র। পরে এক পোস্টে বলেন্দ্রর সঙ্গে নিজের ছবি দেন ওলি। সেই ছবিতে দেখা যায়, বলেন্দ্রর হাতে তবলা তুলে দিচ্ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

কোন দল কোথায় দাঁড়িয়ে

প্রাচীনতম রাজনৈতিক দল নেপালি কং‌গ্রেস এখনও পর্যন্ত ১০টি আসনে জিতেছে। এগিয়ে রয়েছে ৯ আসনে। কমিউনিস্ট পার্টি অফ নেপাল-এর (ইউএমএল) এগিয়ে সাত আসনে। জয় পেয়েছে চার আসনে। প্রাক্তন মাওবাদী গেরিলা নেতা তথা আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডের দল নেপালি কমিউনিস্ট পার্টি এখনও পর্যন্ত জিতেছে পাঁচটি আসনে। এগিয়ে রয়েছে তিন আসনে। রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীর প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ঝুলিতে মাত্র একটা আসন।

ধরাশায়ী আরপিপি

রাজতন্ত্র ফেরানোর দাবিতে গত বছরের মার্চ মাসে প্রবল জনবিক্ষোভে উত্তাল হয়েছিল নেপাল। সেই আন্দোলনের নেপথ্যে ছিল আরপিপি। এ ছাড়াও গণতন্ত্রপন্থী নেপালি কংগ্রেসের সমর্থকদের একাংশও ‘প্রতীকী রাজতন্ত্রের’ প্রত্যাবর্তনের দাবিতে রাস্তায় নেমেছিলেন সে সময়। কিন্তু ওলির সরকার সেই আন্দোলন কঠোর হাতে দমন করে। জেল হয় অনেক আরপিপি নেতারও। তবে নেপালের সাধারণ নির্বাচনের আগে গত মাসে নেপালে ফিরছিলেন ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র। তাঁকে স্বাগত জানাতে রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। অনেকেই ভেবেছিলেন, নেপালের সাধারণ নির্বাচনে ভাল ফল করবে তাঁর দল। কিন্তু ভোটের ফলে অন্য ছবি দেখা গেল।

মোদীর শুভেচ্ছা

নেপালের ভোটের ফলাফল স্পষ্ট হতেই এক্স পোস্ট করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের জনগণ এবং বলেন্দ্রর নেতৃত্বে গঠিত হতে চলা সরকারকে শুভেচ্ছা জানান তিনি। আগামী দিনে পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তাও দেন মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement