দার্জিলিং টি বুটিক মৌতাত থেকে গুজরাতের রণ উৎসবের খুঁটিনাটি। আবার কেরলের হাউসবোট থেকে ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের তত্ত্ব তালাস। শীতের সন্ধেয় শিলিগুড়ির উত্তরায়ণ উপনগরীর সিটি সেন্টারে এ সব নিয়েই শুরু হল ১৬তম পর্যটন মেলা। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই মেলায় দেশের সাতটি রাজ্যের পযর্টন দফতর-সহ দেশ-বিদেশের নানা বেসরকারি পর্যটন সংস্থা যোগ দিয়েছে। মেলা চলবে রবিবার পর্যন্ত। উদ্বোধন করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের আঞ্চলিক অধিকর্তা জে পি শ। উদ্যোক্তারা জানান, এ বার ৩৫টি স্টল হয়েছে। প্রতিদিন দুপুর ১টা থেকে সন্ধে ৭টা অবধি মেলা চলবে। পযর্টনের হাল-হকিকত ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন ব্যবসায়ীদের ব্যবসার আদান প্রদান ও দার্জিলিং চায়ের বুটিক রয়েছে মেলায়।