Javed On Salim's Health Updates

উঠে বসেছেন সেলিম খান! কথা বলছেন বাড়ির লোকেদের সঙ্গে, বন্ধুর স্বাস্থ্যের খবর দিলেন জাভেদ

কেমন আছেন সেলিম? তাঁর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দিলেন জাভেদ আখতার। বাবা ভাল আছেন। খবর, তাই আবার শুটিংয়ে ফিরেছেন সলমন খান। তাঁর আগামী ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর সেটে দেখা যাচ্ছে অভিনেতাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৩:২৭
Share:

বন্ধু সেলিম খানের কথা জানালেন জাভেদ আখতার। ছবি: সংগৃহীত।

ভাল আছেন সেলিম খান। এখন উঠে বসতে পারছেন ৯০ বছরের চিত্রনাট্যকার। তাঁকে দেখতে নিয়মিত তাঁর পরিবারের কেউ না কেউ লীলাবতী হাসপাতালে যাচ্ছেন। তাঁদের সঙ্গে তিনি কথাবার্তাও বলছেন। সংবাদমাধ্যমকে এই খবর দিলেন তাঁর অভিন্নহৃদয় বন্ধু, চিত্রনাট্যকার জাভেদ আখতার।

Advertisement

সেলিম-জাভেদের নাম এক সময়ে একসঙ্গে উচ্চারিত হত। এই জুটি ১৮টি ব্লকবাস্টার হিন্দি ছবির চিত্রনাট্যকার। পরে নানা কারণে বিচ্ছেদ হয় তাঁদের। তবে পুরনো বন্ধু অসুস্থতার খবর পেতেই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাভেদ। পরে একাধিক সাক্ষাৎকারে সেলিমের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মুখ খোলেন তিনি। জানান, চেয়ারে বসছেন তাঁর বন্ধু। খাওয়াদাওয়া করছেন। সকলের সঙ্গে কথা বলছেন। সেলিমের স্বাস্থ্যের দ্রুত উন্নতি হচ্ছে। বাবা সুস্থ হয়ে উঠছেন দেখে অনেকটা নিশ্চিন্ত সলমনও। বাবার অসুস্থতার কারণে তিনি তাঁর আগামী ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিং স্থগিত রেখেছিলেন। এখন আবার তাঁকে সেটে দেখা যাচ্ছে। অনুরাগীদের সঙ্গে নিজস্বীও তুলছেন অভিনেতা-প্রযোজক।

১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হন ‘শোলে’ ছবির অন্যতম বর্ষীয়ান চিত্রনাট্যকার। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন খ্যাতনামী থেকে সাধারণ। অনুরাগীদের আশ্বস্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে চিকিৎসক জলিল ডি পার্কার-সহ চিকিৎসকের একটি দল নিয়মিত বর্ষীয়ান চিত্রনাট্যকারের স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন প্রকাশ করছিলেন। খবর, তাতে বাধা দেন সলমন এবং ‘খান’দান। তাঁদের যুক্তি, কোনও ব্যক্তির স্বাস্থ্য বিষয়ক তথ্য অত্যন্ত ব্যক্তিগত বিষয়। সেই সম্পর্কে জানার অধিকার কেবল তাঁর পরিবারের। পরিবারের সদস্যরা যদি প্রকাশ্যে আনতে চান, তা হলে তাঁরা সেই তথ্য সবাইকে জানাতে পারেন। এর পরেই হাসপাতালের তরফ থেকে সেলিমের স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিনপ্রকাশ বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement