বেহাল বাসের জন্য প্রায় তিন মাস বন্ধ থাকার পরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ি ডিপো থেকে ফের চালু হল ‘পর্যটন’ বাস পরিষেবা। প্রাথমিক ভাবে একটি বাতানুকূল বাস আনা হয়েছে। কমানো হয়েছে ভাড়া। পর্যটকদের চাহিদা দেখে বাসের সংখ্যা বাড়ানোর কথা ভাবছেন পরিবহণ নিগম কর্তৃপক্ষ। গত রবিবার থেকে পরীক্ষামূলক পর্যটন পরিষেবা চালু হয়েছে। লাভা, বিন্দু অথবা মিরিকে একদিন ঘুরে আসার পরিষেবা চালু করা হয়। সকাল সাতটায় বাস ডিপো ছাড়ে। ফিরে আসে সন্ধে নাগাদ। যাত্রার শুরুতে পর্যটকদের টিফিন, দুপুরে লাঞ্চ এবং ফিরে সন্ধেয় আবার টিফিন দেওয়া হয়। প্রতি রবিবার ডিপো থেকে বাস ছাড়বে।