চা বাগানের অফিস ঘরে ঢুকে সিন্দুক বার করে ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে সেবক লাগোয়া এলেনবাড়ি চা বাগানে চুরির ঘটনাটি ঘটে। এলেনবাড়ির বাগানের অফিসঘরের পেছনের একটি জানালা ভেঙে চোর ভেতরে ঢোকে। অফিস ঘরের বড় লোহার সিন্দুক ভাঙার চেষ্টা করে। সেটা ভাঙতে না পেরে ছোট একটি লোহার সিন্দুক চোরেরা অফিস ঘর থেকে বাইরে বের করে নিয়ে যায়। অফিস থেকে ৫০০ মিটার দূরে ৪ নম্বর সেকশনে সেটিকে ভেঙে তার থেকে টাকা বের করে সিন্দুকটি ফেলে পালায় চোরেরা। এলেনবাড়ির ম্যানেজার ধান্নারাম চৌধুরী জানান, বড় সিন্দুকে শ্রমিকদের মজুরির প্রায় ৭ লক্ষ টাকা রয়েছে। সেটা চুরি হলে বিরাট সমস্যা হতো। চুরির ঘটনা বাগানে এই প্রথম। বাগানের অফিস পাহারার জন্যে দু’জন চৌকিদারও রয়েছে বলে জানান তিনি। চোরেরা পেছন দিক দিয়ে ঢোকায় তাঁরা কিছু বুঝতে পারেননি বলে দাবি করেছেন। পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান মালবাজারের এসডিপিও নিমা নরবু ভুটিয়া। যে সিন্দুকটি বাইরে ফেলে রেখা অবস্থায় মিলেছে সেটি যথেষ্ট ভারী হওয়ায় পুরো ঘটনায় ২ বা তারও বেশি দুষ্কৃতী জড়িত রয়েছে বলেই পুলিশের অনুমান।