SIR in West Bengal

সিঙ্গুর এবং নন্দীগ্রাম-সহ রাজ্যের ৮২টি বিধানসভা কেন্দ্রে বাড়ল ভোটার! তালিকায় কলকাতার তিনটি, কোন জেলার কী ছবি?

শনিবার প্রকাশিত তালিকায় মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে। তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে, যা বিবেচনা করছেন বিচারকেরা। এর মধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩
Share:

এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর চলছে নাম খোঁজার চেষ্টা। ছবি: পিটিআই।

১১৬ দিনের এসআইআর প্রক্রিয়ার পরে শনিবার প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে খসড়া তালিকা থেকে আপাতত ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ পড়েছে। কিন্তু সার্বিক হিসাব তা হলেও দেখা যাচ্ছে রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, খসড়া তালিকায় যে সংখ্যক নাম ছিল তার থেকে যা বাদ পড়েছে, তার তুলনায় যুক্ত হয়েছে বেশি। সেই তালিকায় রয়েছে রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দুই জনপদ সিঙ্গুর এবং নন্দীগ্রাম।

Advertisement

নির্বাচন কমিশন প্রদত্ত তালিকা অনুযায়ী সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে খসড়া তালিকার তুলনায় শনিবার প্রকাশিত তালিকায় ৫১ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ৭৭০ জনের নাম বৃদ্ধি পেয়েছে। কলকাতার তিনটি বিধানসভা কেন্দ্রেও ভোটার বৃদ্ধি পেয়েছে। তালিকায় রয়েছে বালিগঞ্জ, জোড়াসাঁকো এবং বেলেঘাটা।

কোচবিহার জেলার চারটি কেন্দ্রে বৃদ্ধি পেয়েছে ভোটার সংখ্যা। মালদহে পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোটার বেড়েছে খসড়া তালিকার তুলনায়। মুর্শিদাবাদের ছ’টি, নদিয়ার একটি, উত্তর ২৪ পরগনার চারটি, দক্ষিণ ২৪ পরগনার ১৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা বেড়েছে। এ ছাড়া হাওড়ার দু’টি, হুগলির সিঙ্গুর ছাড়াও ছ’টি, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম ছাড়া চারটি, ঝাড়গ্রামের চারটি, পশ্চিম মেদিনীপুরের পাঁচটি, পুরুলিয়ার দু’টি, বাঁকুড়ার আটটি, পূর্ব বর্ধমানের তিনটি, পশ্চিম বর্ধমানের চারটি এবং বীরভূমের তিনটি বিধানসভায় ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী।

Advertisement

এর মধ্যে বেশ কয়েক জন মন্ত্রীর বিধানসভাও রয়েছে। যেমন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ের বালিগঞ্জ কেন্দ্র। যদিও তিনি আর বিধানসভা ভোটে দাঁড়াবেন না। শুক্রবারই তৃণমূল আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছে, বাবুলকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। বৃদ্ধির তালিকায় রয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা আসানসোল উত্তর, বীরবাহা হাঁসদার ঝাড়গ্রাম এবং মানস ভুঁইয়ার সবংও।

খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম। ফলে সব মিলিয়ে শনিবার পর্যন্ত বাদের হিসাব দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের নাম। ৮ নম্বর ফর্মের মাধ্যমে যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের নাম। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

তবে ওই তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন বিচারকেরা। এর মধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement