Kolkata Metro Service

দক্ষিণে রাতের অন্তিম মেট্রোর যাত্রা শেষ টালিগঞ্জে, বিভ্রান্তিতে যাত্রীরা

এত দিন শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত সাড়ে ৯টায় দক্ষিণেশ্বরগামী এবং রাত ৯টা ৪০ মিনিটে দমদমগামী শেষট্রেন ছাড়ত। পরিবর্তিত সূচি অনুযায়ী শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত ৯টা ৩৫ মিনিটে এবং ৯টা ৪৪ মিনিটে পর পর দু’টি ট্রেন ছাড়ছে।

ফিরোজ ইসলাম

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪০
Share:

কলকাতা মেট্রো। —ফাইল চিত্র।

উত্তর-দক্ষিণ মেট্রোয় রাতের শেষ ট্রেন ছাড়ার সময় দুই প্রান্তিক স্টেশন থেকেই সম্প্রতি কয়েক মিনিট করে পিছিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, দক্ষিণেশ্বর থেকে রাতের শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাওয়ার পরিবর্তে টালিগঞ্জ সংলগ্নমহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত যাচ্ছে। আর এখানেই দেখা দিয়েছে গোলমাল। শেষ ট্রেনের যাত্রীদের একটি বড় অংশ এই তথ্য জানতে পারছেন না। মেট্রোয় ওঠার পরে তাঁরা জানতে পারছেন, ওই ট্রেনটি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে না। মহানায়ক উত্তমকুমার স্টেশনে ট্রেনের যাত্রা শেষ হয়ে যাওয়ায় সেই যাত্রীরা বিভ্রান্তিতে পড়ছেন বলেঅভিযোগ। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাতের অন্তিম ট্রেনের সময় অপরিবর্তিত আছে।

এই সম্পর্কে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, ‘‘রাতেরঅন্তিম ট্রেনের সময় আগের মতোই রয়েছে। তবে, দক্ষিণের দিকে একটি ট্রেন বাড়ানো হয়েছে। পরিচালনগত প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

এত দিন শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত সাড়ে ৯টায় দক্ষিণেশ্বরগামী এবং রাত ৯টা ৪০ মিনিটে দমদমগামী শেষট্রেন ছাড়ত। পরিবর্তিত সূচি অনুযায়ী শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত ৯টা ৩৫ মিনিটে এবং ৯টা ৪৪ মিনিটে পর পর দু’টি ট্রেন ছাড়ছে। যার প্রথমটি যাচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত,পরের ট্রেনটি দমদম পর্যন্ত। অন্য দিকে, উত্তর থেকে দক্ষিণে পরিষেবার ক্ষেত্রে দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ২৮ মিনিট এবং রাত ৯টা ৩৮ মিনিটে দু’টি ট্রেন ছাড়ছে। প্রথমট্রেনটি যাচ্ছে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। অথচ, ৯টা ৩৮ মিনিটের ট্রেনটি যাত্রা শেষ করছে মহানায়ক উত্তমকুমার স্টেশনে।

এই ট্রেনটির সময় নিয়েই যাত্রীদের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও যাত্রীদের অপর একটি অংশ রাতে অতিরিক্ত ট্রেন চলার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, কয়েক মিনিট আগে হলেও একটি বাড়তি ট্রেনে ফেরার সুযোগ মিলছে। উত্তরের যাত্রীরা এত দিন দক্ষিণেশ্বর পর্যন্ত এই ট্রেনের সুবিধা পেলেও দক্ষিণের যাত্রীরা তা থেকে বঞ্চিত ছিলেন।

মেট্রো সূত্রের খবর, সকালে দুই প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে পরস্পরের দিকে মেট্রো ছাড়ার পাশাপাশি মহানায়ক উত্তমকুমার থেকেদক্ষিণেশ্বর অভিমুখে, দমদম থেকে দক্ষিণেশ্বর অভিমুখে এবং নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের দিকে মেট্রো ছাড়ে। কারণ, মহানায়ক উত্তমকুমার থেকে সকালে নির্দিষ্ট সময়ে দক্ষিণেশ্বর অভিমুখে মেট্রো ছাড়তেনা পারলে দু’প্রান্তে পরিষেবায় সমতা রক্ষায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। মহানায়ক উত্তমকুমার থেকে ওই মেট্রোটি ছাড়ার জন্য এর আগে সন্ধ্যার পরিষেবার মাঝেএকটি ট্রেন টালিগঞ্জ পর্যন্ত চালিয়ে তুলে রাখা হত। এতে যাত্রীদের অসুবিধার পাশাপাশি বিলম্বও হত। নতুন ব্যবস্থায় দিনের শেষে একটি অতিরিক্ত ট্রেন চালিয়ে বিষয়টি সামাল দেওয়া হচ্ছে। তাতে আখেরে যাত্রীদের সুবিধা হবে বলেই জানাচ্ছেন মেট্রোর আধিকারিকদের একাংশ। তবে যাত্রীদের বড় অংশের বক্তব্য, এই বিষয়টি তাঁদের আগেই জানানো উচিত ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন