সাঁইথিয়ার হরিসড়া অঞ্চলের নির্বাচনী সভা অনুব্রত মণ্ডলের। বুধবার। নিজস্ব চিত্র।
পশ্চিমবঙ্গ বাদে অন্য কোনও রাজ্যে সে রাজ্যের সরকারের ৫০টি প্রকল্প দেখাতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে মন্তব্য করলেন জেলা তৃণমূলের কোর কমিটির আহবায়ক অনুব্রত মণ্ডল।
বুধবার সাঁইথিয়ার হরিসড়া পঞ্চায়েতে সাঁইথিয়ার তৃণমূল প্রার্থী নীলাবতী সাহার প্রচারে এমনই দাবি করেন অনুব্রত। বিজেপিকে তোপ দেগে বলেন, ‘‘মমতা বন্দ্য়োপাধ্যায় এ রাজ্যে ৯৬টি প্রকল্প করেছেন। আপনারাও তো অনেক রাজ্যে ক্ষমতায় রয়েছেন। সেখানে স্বাস্থ্যসাথী, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার ও কন্যাশ্রী রয়েছে? আপনাদের সরকার থাকা এমন একটি রাজ্য দেখান, যেখানে ৫০টি প্রকল্প চালু হয়েছে। আপনারা যদি একটা দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব!’’
এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ নেওয়া নিয়েও এ দিন সরব হন অনুব্রত ওরফে কেষ্ট। নির্বাচন কমিশনের নাম না করে বলেন, ‘‘দেখে দেখে মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে। যাঁরা বংশপরম্পরায় এখানে বসবাস করছেন। আপনি ভেবেছিলেন নাম বাদ দিয়ে সকলকে ভয় দেখাবেন। কিন্তু, আমরা ভয় পাইনি। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, আপনি এক জন মানুষকেও বাংলা ছাড়া করতে পারবেন না।’’ এ দিনের সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নারায়ণ হালদার, দলের সাঁইথিয়া শহর সভাপতি দেবাশিস সাহা, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক, ব্লক সভাপতি সাবের আলি খান।
পাল্টা বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “বয়স কালে অনুব্রত মণ্ডলের বুদ্ধি লোপ পাচ্ছে। শুধু মুখে বললে হবে না। খাতায় ৯৬ টি প্রকল্পের নাম লিখে দেখান! বিগত নির্বাচনগুলিতে ওই পঞ্চায়েতের ফল দেখতে বলুন। বিজেপি সব নির্বাচনে এগিয়ে আছে। এ বারের ভোটে আমরা আরও লিড পাব।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে