প্রতীকী ছবি
করোনা সংক্রমণের আবহেও বিধানসভা ভোটের প্রস্তুতি যে যার মতো করে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই বিজেপি-র বিরুদ্ধে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নিয়েছে তৃণমূল। পাল্টা বিজেপির পক্ষ থেকেও বাড়ি বাড়ি প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন বীরভূমের বিজেপি নেতৃত্ব।
বিজেপি সূত্রে খবর, জেলার বিধানসভা ভিত্তিক ভার্চুয়াল কর্মিসভা শুরু করা হয়েছে। মূলত দলের কার্যকর্তাদের নিয়েই এই সভা। যেখানে বিধানসভা ভোটকে সামনে রেখে দলের রণনীতি কী হবে, সেই নিয়েই আলোচনা হচ্ছে। বিজেপি-র জেলা স্তরের এক নেতা জানান, যেহেতু লকডাউনের কারণে কোনও রকম মিটিং-মিছিল করা সম্ভব নয়, তাই আপাতত ভার্চুয়াল সভার মাধ্যমেই নিচুতলার নেতা-কর্মীদের কাছে দলীয় নির্দেশিকা পৌঁছে দেওয়া হচ্ছে। মূলত, করোনা সময়কালে কোনও মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানো, তৃণমূলের ‘দুর্নীতি’ নিয়ে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
বিশেষ করে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজে শাসকদলের কোনও নেতা বা জনপ্রতিনিধির বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠলে সেটাকে ধরে বাড়ি বাড়ি প্রচার করতে বলা হয়েছে বিজেপির নেতা-কর্মীদের। একই সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষের জন্য কী কী প্রকল্প চালু করেছে এবং তার কী সুবিধা তাঁরা পাচ্ছেন, সেই সম্পর্কেও মানুষকে বোঝানো হবে। বিজেপি-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘‘ইতিমধ্যেই আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন। বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল নেতাদের দুর্নীতি নিয়েও আমরা প্রচার চালাচ্ছি।’’