মিড-ডে মিল হাতে বিডিও-র দ্বারস্থ
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ
মিড-ডে মিলের খাবার নিম্নমানের। প্রধান শিক্ষকের কাছে বারবার এই অভিযোগ জানানোর পরেও রান্নার মানের উন্নতি হয়নি। এমনই অভিযোগ তুলে মিড-ডে মিলের খাবার নিয়ে এ বার বিডিও-র দ্বারস্থ হলেন অভিভাবকেরা। বৃহস্পতিবার দুপুরে হিড়বাঁধ ব্লকের নরিয়া প্রাথমিক স্কুলের ঘটনা। বিডিও-র অনুপস্থিতিতে অভিভাবকেরা শেষে যুগ্ম বিডিও-র কাছে অভিযোগ জানান। হিড়বাঁধ ব্লকের মলিয়ান পঞ্চায়েতের নরিয়া প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা ৬২। অভিভাবকদের অভিযোগ, স্কুলের মিড-ডে মিলের মান যথেষ্ট খারাপ। মুখে দেওয়ার অযোগ্য। এই অবস্থায় অধিকাংশ পড়ুয়া দুপুরের খাবার স্কুলে না খেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। গ্রামবাসী সত্যজিত্ মোদক, মনোরঞ্জন মোদক অভিযোগ করেন, “প্রায় দিনই স্কুলে খিচুড়ি রান্না করে ছেলেমেয়েদের খাওয়ানো হচ্ছে। খাবারে কোনও স্বাদ না থাকায় আমাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুল থেকে অভুক্ত অবস্থায় প্রায় দিনই বাড়ি ফিরে আসছে।” তাঁদের অভিযোগ, কিছুদিন আগেই প্রধান শিক্ষককে রান্নার এমন দশার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রধানশিক্ষক তাঁদের কথায় কান দেননি। উল্টে ওই খাবারই খেতে হবে বলে তাঁদের জানিয়ে দেন। অভিভাবকেরা জানান, এ দিনও ওই স্কুলে মিড-ডে মিলে খিচুড়ি হয়। থালাতে খাবার নিয়ে পড়ুয়াদের সঙ্গে করে জনা ৪০ অভিভাবক ব্লক অফিসে চলে যান। যুগ্ম বিডিও-কে খাবার দেখিয়ে এর প্রতিকার চান তাঁরা। যুগ্ম বিডিও ললিত সেন অবশ্য স্কুলে গিয়ে খোঁজ নিয়ে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রধান শিক্ষক শিশির পাইন অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “খাদ্য তালিকা অনুযায়ী সরকারি নিয়ম মেনেই প্রতিদিন খাবার রান্না করা হয়। খাবারের মানও খারাপ নয়। তারপরেও কেন কিছু মানুষ এমন অভিযোগ করছেন বুঝতে পারছি না।”
দুর্ঘটনায় মৃত্যু দু’জনের, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর
মকরমপুরে বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।
পিছন দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল দুই বাইক আরোহীর। দুই আরোহী, শুভঙ্কর সেন (২৮) ও জয়শ্রী সিংহ (২৩)। শুভঙ্করের বাড়ি ইলামবাজারের দেবীপুর গ্রাম। জয়শ্রী বোলপুরের প্রফেসর কলোনীর বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, বোলপুরের প্রান্তিক এলাকার একটি চোখের হাসপাতালে চিকিত্সা করাতে যাচ্ছিলেন তাঁরা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা, শহরের মধ্যে দ্রুত গাড়ি চালানোর প্রতিবাদ করেন। পথজুড়ে বিক্ষোভও দেখান তাঁরা। ঘটনা হল, ইদানিং শহরে দুর্ঘটনা বেড়েছে। পুলিশের উদাসীনতায় শহরের ভিতরে ট্রাকের যাতায়াতও বেড়েছে। বোলপুর বাসস্ট্যান্ড থেকে যে রাস্তাটি লজ মোড় হয়ে লালপুল দিয়ে শহরের বাইরে গিয়েছে, সেটি দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলাচলের অভিযোগ নতুন নয়। শহরের ট্রাফিক পুলিশের উদাসীনতায় এর আগেও এই রাস্তাটিতে দুর্ঘটনা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বোলপুরের এক নম্বর ওয়ার্ডের মকরমপুরের বন্ধুমহল ক্লাবের কাছে একটি বাইকে দু’জন চেপে প্রান্তিকের দিকে যাচ্ছিল। ওই সময়ে দ্রুত গতিতে উল্টো দিক থেকে বোলপুর শহরের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলে বাইক চালক এবং আরোহী দু’জনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা একে একে ভিড় করেন। স্থানীয় বাসিন্দা পুষ্পেন্দু ঘোষ, রাধা সাহানির অভিযোগ, “ঘন জনবসতির ভিতর দ্রুত গতিতে গাড়ি চলাচল করে। এ দিনের দুর্ঘটনাটিও সেই কারণেই হয়েছে।” তাঁদের দাবি, শহরের মধ্য দিয়ে দ্রুত গতিতে যান চলাচল নিয়ন্ত্রণ করুক প্রশাসন। পাশাপাশি ওই রাস্তার ওপর স্পিড ব্রেকার দেওয়া হোক। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রণ করে। দেহ তুলে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে তারা। ঘটনার পর ট্রাক ছেড়ে চালক ও খালাসি পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।
অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • কাঁকারতলা
তল্লাশি চালানোর সময় একটি স্পোর্টিং রাইফেল উদ্ধার করল খয়রাশোলে মাওবাদী দমনে নিযুক্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানেরা। যেটিতে থ্রি নট থ্রি কার্তুজ ব্যবহার করা যায়। বৃহস্পতিবারের ঘটনা। পুলিশ ও সিআরপি সূত্রে জানা গিয়েছে, খয়রাশোলে থাকা একটি বেসরকারি কয়লাখনি থেকে কয়লা বহনের দায়িত্ব কে পাবে এই নিয়ে গত মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। শেখ গালিব নামে এক যুবক আহত হয়। তারপর থেকে অশান্ত এলকায় টহলদারি ও তল্লাশির জন্য খয়রাশোলে নিযুক্ত ১৬৯ বি কোম্পানি আরপিএফ জওয়ানদের সাহায্য চায় কাঁকরতলা থানার পুলিশ। তল্লাশি চালাতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে এ দিন সিআরপি-র ওই ব্যাটালিয়নের দায়িত্বে থাকা ইন্সপেক্টর আর.কে মাজি’র নেতৃত্বে এলাকায় ঘোরে জওয়ানেরা। তল্লাশি চালানোর সময় রাইফেলটি উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে শেখ আসলাম নামে কাঁকারতালার এক যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই দিন সে সব অস্ত্র ব্যবহার হয়েছিল তার একটি রয়েছে স্থানীয় বাসিন্দা শেখ ইজাজুলের বাড়িতে। এর পরেই তাকে গ্রেফতার করা হয়। এবং ইজাজুলের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়। তবে ইজাজুলকে পাওয়া যায়নি। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “এক দুষ্কৃতীর বাড়ি থেকে অস্ত্র মিলেছে। ঘটনার তদন্ত চলছে।”
মাকে খুনের দায়ে জেল ছেলের
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর
মাকে খুন করার দায়ে ছেলের ছ’বছরের কারাদণ্ড হল। বুধবার রঘুনাথপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নন্দন দেববর্মন ওই রায় দেন। সরকারি আইনজীবী অরুণকুমার মণি জানান, জয়মন্তী গোপকে খুন করার দায়ে তাঁর ছেলে সঞ্জয়কে কারাদণ্ড এবং দু’হাজার টাকা জরিমানার (অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাবাস) সাজা শুনিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়া থানার পারবেলিয়ায় খুনের ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ১৬ এপ্রিল রাতে। বাড়ির মধ্যেই নোড়া দিয়ে মেরে মাকে খুন করেছিল সঞ্জয়। অরুণবাবু জানান, বিভিন্ন কারনে টাকা চেয়ে মা-বাবাকে প্রায়ই বিরক্তকরত ছেলে। ঘটনার রাতে একই ঘরে শুয়েছিলেন মা ও ছেলে। বাবা দামোদর গোপ ছিলেন পাশের ঘরে। গভীর রাতে স্ত্রীর আর্তনাদে ঘুম ভেঙে উঠে দামোদরবাবু দেখেন, রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন জয়মন্তীদেবী। পাশেই নোড়া হাতে দাঁড়িয়ে সঞ্জয়। আসানসোলের সাঁকতোড়িয়ার ইসিএলের হাসপাতালে পরের দিন মারা যান ওই মহিলা। ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন দামোদরবাবু। পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করার ফলে ধৃত আর জামিনে মুক্তি পায়নি। জেলবন্দি অবস্থাতেই বিচার শেষ হয়েছে।
দেড় বছর পর শপথ
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল
পঞ্চায়েত নির্বাচনের প্রায় দেড় বছর পর শপথ নিলেন খয়রাশোলের দুই তৃণমূল সদস্য। বৃহস্পতিবার খয়রাশোলের হজরতপুর ও পাঁচড়া পঞ্চায়েতের নির্বাচিত দুই সদস্য প্রলয় ঘোষ এবং শেখ শুকুর আলিকে শপথবাক্য পাঠ করান বিডিও মহম্মদ ইসরার। তবে ওই দুই নির্বাচিত সদস্যের এতদিন পর শপথ গ্রহণের পিছনে কারণ রয়েছে। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়া এবং বোর্ড গঠনের মাঝামাঝি সময় খুন হন তৃণমূল নেতা আশোক ঘোষ। ওই খুনে তত্কালীন তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য অশোক মুখোপাধ্যায় (যিনি চলতি বছরের ১৬ অগস্ট খুন হন)-সহ দলেরই বেশ কয়েকজন নেতাকর্মীর নাম জড়ায়। আভিযুক্তের তালিকায় যেমন নাম ছিল নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য অশোক মুখোপাধ্যায়ের, তেমনই নাম ছিল ওই দুই পঞ্চায়েত সদস্যের। যে কারণে অভিযুক্তেরা তখন শপথ নিতে পারেননি। চলতি বছরের মাঝামাঝি জামিনে মুক্তি পাওয়ার পর বাড়িতে ফিরে সকলেই আবেদন জানান। আশোক মুখোপাধ্যায় খুন হওয়ার পর দু’দুবার মহকুমাশাসকের কাছে এ বিষয়ে শুনানি হয়। শুনানির ভিত্তিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দেশ অনুসারে এ দিন শপথ নিলেন প্রলয়বাবুরা।
রেলের বৃত্তি প্রদান
নিজস্ব সংবাদদাতা • আদ্রা
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্তর্গত বিভিন্ন রেলের স্কুল ও দু’টি কেন্দ্রীয় স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দিল রেল কর্তৃপক্ষ। বুধবার আদ্রার রেলওয়ে গার্লস হাইস্কুলের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে এই বৃত্তি দেওয়া হয়েছে। পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রেলওয়ে বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা মুখোপাধ্যায়কে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, রেলের স্কুলগুলির মেধাবী ও দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ তহবিল থেকে এই বৃত্তি দেওয়া হয়েছে। আদ্রা ডিভিশনের পাঁচটি রেলের স্কুল এবং আদ্রা ও বোকারোর দু’টি কেন্দ্রীয় স্কুল মিলিয়ে মোট ১২৮ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। অংশ নিয়েছিল রেলের স্কুলগুলির পড়ুয়ারাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্রার ডিআরএম অরবিন্দ মিত্তল-সহ রেলের পদস্থ কর্তারা।
কলেজে শিবির
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া
বাঁকুড়া পুলিশ ও জাতীয় সেবা প্রকল্পের ১ ও ২ ইউনিটের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বাঁকুড়ার সারদামণি গার্লস কলেজে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর থানার ওসি (ট্রাফিক) পার্থ চট্টরাজ, ওসি (সাইবার ক্রাইম) সন্দীপ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া মহিলা থানার ওসি রমারানি হাজরা-সহ অনেকে। কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ গুপ্ত জানান, শিবিরে পথ সচেতনতা, ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি মহিলাদের উপর ঘটে চলা অপরাধ এড়াতে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। শতাধিক ছাত্রী শিবিরে অংশ নিয়েছিল।
নক-আউট ক্রিকেট
দুবরাজপুরে ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।
দুবরাজপুর পুরসভা আয়োজিত নক আউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হল বৃহস্পতিবার। পুরসভার ক্রীড়া ময়দানে এ দিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পুরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপুরপ্রধান সৌকত আলি মির্জা, একাধিক কাউন্সিলর ও দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ। পুর-এলাকার ২৯টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। লাল ডিউস বলে খেলা হবে। খেলা হবে ১২ ওভারের। ফাইনাল হবে আগামী ২৭ ডিসেম্বর। এ দিন দু’টি খেলা হয়। প্রথম খেলায় মুখোমুখি হয় দুবরাজপুর ক্রিকেট কোচিং অ্যাকাডেমি ও নায়কপাড়া ক্রিকেট কোচিং ক্লাব। জয়ী হয়েছে দুবরাজপুর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১২০ রান করে দুবরাজপুর ক্রিকেট কোচিং অ্যাকাডেমি। জাবাবে ব্যাট করতে নেমে ৮০ রান তোলে নায়কপাড়া ক্রিকেট কোচিং ক্লাব। দ্বিতীয় খেলায় ৫৬ রানে লালবাজার দশভূজা দলকে হারিয়ে জয়ী হল নোস্টাইল প্লেস। প্রথমে ব্যাট করে নোস্টাইল প্লেস ১০২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। ৪৫ রানের বেশি তুলতে পারেনি দশভূজা।
দুর্ঘটনায় মৃত্যু
বাবার সঙ্গে মোটরবাইকে বেড়িয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। সামান্য আহত হলেন ওই তরুণীর বাবা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার শুকজোড়া গ্রামের কাছে, বিষ্ণুপুর-আরামবাগ রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম নিবেদিতা চৌধুরি (২২)। তাঁর বাড়ি জয়পুর গ্রামে। গাড়িটি বেসামাল হয়ে রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়।