এই পোস্টার কে ঘিরে অভিযোগ। — নিজস্ব চিত্র।
রাজ্যে ক্ষমতার পালাবদল এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পরেই রাতারাতি ভোলবদল ঘটল পুরুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একাংশ তৃণমূল শ্রমিক সংগঠন নেতা-কর্মীদের। অভিযোগ উঠেছে, বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সঙ্ঘের নাম ব্যবহার করে বাসস্ট্যান্ড এলাকায় বেশ কিছু ব্যানার ও পোস্টার লাগানো হয়। আশ্চর্যজনক ভাবে, সেই সব পোস্টারে নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নাম ও ছবি ছিল স্থানীয় একাধিক পরিচিত তৃণমূল নেতার। বিষয়টি স্থানীয় বিজেপি কর্মীদের নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন জেলা বিজেপির পদাধিকারীরা। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা ‘পিঠ বাঁচাতে’ রাতারাতি বিজেপির আশ্রয়ে এসেছেন বলে দাবি তাঁদের।
অভিযোগ, মূল বিজেপি ও মজদুর সঙ্ঘের নেতৃত্বকে অন্ধকারে রেখে এই পোস্টার লাগানো হয়েছে। ঘটনাস্থলে বিজেপি কর্মীরা ক্ষোভ উগরে দিয়ে সেই পোস্টার ও ব্যানারগুলো ছিঁড়ে ফেলেন। এর ফলে উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল নেতা-কর্মীদের বিজেপিতে জায়গা হবে না। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কেউ এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।