ধর্মরাজ পুজোয় ভক্তদের সমাগম। শনিবার মহম্মদবাজারের শুগুণপুর গ্রামে। নিজস্ব চিত্র ।
প্রাচীনকাল থেকে পুরনো রীতি মেনেই চলে আসছে মহম্মদবাজারের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের শুগুণপুর গ্রামের ধর্মরাজের পুজো ও মেলা।
প্রতি বছর গ্রামবাসীদের উদ্যোগে ধুমধামের সঙ্গেই আয়োজন করা হয় পুজোর। এই পুজোকে কেন্দ্র করে শুগুণপুর ছাড়াও পাশাপাশি বহু গ্রামের মানুষ আসেন পুজো করাতে। এখানে প্রচলিত রয়েছে, মাটির ঘোড়া দিয়ে মানত করলে চর্মরোগ সেরে যায়। সেই টানেই বহু ভক্ত এখানে আসেন ধর্মরাজের পুজো করাতে। এই পুজোকে কেন্দ্র করে গ্রামের প্রতিটি বাড়িতেই আসেন আত্মীয়েরা। এটিই এই গ্রামের বড় উৎসব। তিন দিন ধরে চলে এই পুজোর মেলা।এ ছাড়াও গ্রামবাসীদের উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। গ্রামীণ মেলাও বসে।
শুক্রবার পুজো করাতে ভিড় জমান বহু মহিলা। পুজোয় ফলের সঙ্গে দিতে হয় মাটির ঘোড়া ও পদ্মফুল। সেই মতোই গ্রামবাসীরা প্রায় এক মাস আগে থেকেই বাড়িতে তৈরি করেন মাটির ঘোড়া। পুজোর দিন সকাল থেকেই রাস্তার ধারে ও মণ্ডপের সামনে বিক্রি হয় মাটির ঘোড়া ও পদ্মফুল। ১০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয় এই ঘোড়া এবং ৫ টাকায় বিক্রি হয় একটি করে পদ্মফুল।
দেবাংশী অরুণদেব পাল ও প্রহ্লাদ পাল জানান, বহু যুগ ধরে এই পুজো চলে আসছে। গ্রামের সব থেকে বড় এই পুজোকে কেন্দ্র করে তিনদিন ধরে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। চলে গ্রামীণ মেলাও। শুক্রবার থেকে রবিবার রাত পর্যন্ত পুজো করাতে ও মেলা দেখতে ভিড় জমান বহু মানুষ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে