West Bengal Elections 2026

ভূমিপুত্র আবেগকে মান্যতা? চর্চা সদরে

জয়ী তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরীর বাড়ি বোলপুরের বাসিন্দা হওয়ায় তাঁকে এ নিয়ে নানা সময় সমালোচনা করেছে বিরোধীরা।

শুভদীপ পাল 

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১০:৩৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

তিন প্রার্থীরই বাড়ি কাছাকাছি। তিন প্রার্থীই জেলা সদরের বাসিন্দা। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার আগে তাই সিউড়িতে তৃণমূল, বিজেপি ও সিপিএমের তিন ভূমিপুত্র প্রার্থী নিয়ে চলছে জোর চর্চা। বাসিন্দারা অনেকে বলছেন, সব দলই যদি সিউড়ির বাসিন্দাকে প্রার্থী করে, তা হলে ভূমিপুত্র বিধায়ক পাবে সিউড়ি।

বস্তুত, গত বিধানসভা নির্বাচন থেকেই চর্চায় ছিল ‘ভূমিপুত্র’ বিধায়কের বিষয়টি। জয়ী তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরীর বাড়ি বোলপুরের বাসিন্দা হওয়ায় তাঁকে এ নিয়ে নানা সময় সমালোচনা করেছে বিরোধীরা। তৃণমূল সমর্থকদের একাংশও প্রার্থী ঘোষণার কয়েক মাস আগে থেকেই ভূমিপুত্র হিসেবে পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে চেয়ে সরব হয়েছিলেন। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণার পর দেখা যায়, প্রার্থী করা হয়েছে সিউড়ি লালকুঠিপাড়ার বাসিন্দা উজ্জ্বল চট্টোপাধ্যায়কে।

উজ্জ্বল যে পাড়ায় থাকেন, সেই একই পাড়ার বাসিন্দা সিপিএম প্রার্থী মতিউর রহমানও। উজ্জ্বল ও মতিউরের বাড়ির দূরত্ব খুব বেশি হলে এক কিলোমিটার। আবার লালকুঠিপাড়ার পাশেই রয়েছে নুরাইপাড়া। সেখানকার বাসিন্দা বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি আরটি মোড় এলাকা থেকে দেড় কিলোমিটারের মধ্যে যুযুধান তিন রাজনৈতিক প্রার্থীর বাড়ি।

সিউড়ি শহরবাসীর একাংশ জানাচ্ছেন, জেলা সদরের ভূমিপুত্র বিধায়ক নিয়ে মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ ছিলই। কারণ প্রাক্তন বিধায়ক অশোক চট্টোপাধ্যায়কে নির্বাচনের পরবর্তীতে শহরে পাওয়া যেত না বলে অভিযোগ ছিল। তখন থেকে শহরে 'ভূমিপুত্র' নিয়ে একটা দাবি তৈরি হয়। যদিও, পরে গত বারের বিধায়ক বিকাশ রায়চৌধুরীর ক্ষেত্রে এলাকায় না পাওয়ার অভিযোগ ওঠেনি। কারণ, তিনি বেশিরভাগ সময় সিউড়িতেই থাকতেন। তবে তার পরেও শহরে ভূমিপুত্র-চর্চা ছিলই। এ বার প্রথম সারির তিন রাজনৈতিক দলই সেই আবেগের কথা খেয়াল রেখেছে বলে মনে করছেন অনেকে৷ শহরবাসী অর্জুন দাস, অঙ্কিতা চক্রবর্তীরা বলেন, ‘‘এটা খুবই ভাল হয়েছে৷ তিন দলের মধ্যে যিনিই বিধায়ক হোক না কেন, উন্নতি সিউড়িবাসীর হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন