প্রচারের শেষ দিনেও চলল জমাটি প্রচার।
শুক্রবার ছিল প্রচারের শেষ দিন। এ দিন সকাল থেকে ঢাক-সহ নানা বাদ্য সহযোগে চলল প্রচার। টোটো, রিকশা-সহ ছোট ছোট গাড়িতে মাইক বেঁধে প্রচার করতেও দেখা গিয়েছে। অনেকের মত, অন্য দিনের তুলনায় এ দিন প্রচারের বহর ছিল বেশি। এ দিন সকাল ন’টা নাগাদ সাঁইথিয়ার মুরাডিহি কলোনি সংলগ্ন মাঠ থেকে তৃণমূলের বর্ণাঢ্য মিছিল বের হয়। রণপা, শ’খানেক ঢাক-সহ নানা বাদ্য সহকারে চলা মিছিলের অগ্রভাগে খোলা জিপে ছিলেন প্রার্থী নীলাবতী সাহা। মিছিলে পা মেলান সাঁইথিয়ার পুরপ্রধান বিপ্লব দত্ত, ব্লক সভাপতি সাবের আলি খান, শহর সভাপতি পিনাকী দত্ত, জেলা নেতা সাধন মুখোপাধ্যায়-সহ সর্বস্তরের নেতাকর্মীরা। এ দিন মহম্মদবাজারে জোটের প্রার্থী ধীরেন বাগদির সমর্থনেও মিছিল হয়। ছিলেন বহু কর্মী-সমর্থকও। এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বেশ কিছুটা পথ হেঁটে দলীয় কার্যালয়ে মিছিল শেষ হয়। শেষ দিনে জোরকদমে প্রচার সারলেন বোলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও। এ দিন সকালে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বাম-কংগ্রেস জোট প্রার্থী তপন হোড়ের সমর্থনে প্রচার মিছিল হয় শহরে। সকাল ন’টা নাগাদ বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে শান্তিনিকেতন রোড, চিত্রা মোড় এবং কলেজ রোড ধরে মিছিল এগোয় শ্রীনিকেতনের রাস্তায়। প্রচারের শেষ দিনে রামপুরহাট শহরেও তৃণমূলের মিছিল হয়। মিছিলের ‘মুখ’ ছিলেন প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়। নিজেদের মতো করে প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল, ফরওয়ার্ড ব্লক প্রার্থী মহম্মদ হান্নানও।