টুকরো খবর

কাশীপুর ব্লক এলাকায় স্কুল পরিচালনায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে এ বার বিশেষ দল গঠন করল কাশীপুর পঞ্চায়েত সমিতি। ওই দলের মাথায় রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া। এ ছাড়া দলের বাকি সদস্যেরা হলেন যুগ্ম বিডিও, শিক্ষা দফতরের কাশীপুরের পরিদর্শক এবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। সম্প্রতি গগনাবাইদ হাইস্কুল কর্তৃপক্ষকে মিড-ডে মিলে সুষম খাবার না দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ওই কমিটি।

Advertisement
শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ০২:১৬
Share:

স্কুলের কাজ দেখতে বিশেষ দল কাশীপুরে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • আদ্রা

কাশীপুর ব্লক এলাকায় স্কুল পরিচালনায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে এ বার বিশেষ দল গঠন করল কাশীপুর পঞ্চায়েত সমিতি। ওই দলের মাথায় রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া। এ ছাড়া দলের বাকি সদস্যেরা হলেন যুগ্ম বিডিও, শিক্ষা দফতরের কাশীপুরের পরিদর্শক এবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। সম্প্রতি গগনাবাইদ হাইস্কুল কর্তৃপক্ষকে মিড-ডে মিলে সুষম খাবার না দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ওই কমিটি। ওই স্কুলে দলের সদস্যেরা তদন্তেও গিয়েছেন। সৌমেন জানিয়েছেন, ব্লক এলাকায় কিছু স্কুলের বিরুদ্ধে গাফিলতি-সহ নানা ধরনের অভিযোগ এসেছে। সেই প্রেক্ষিতেই এই দলটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পরে গুরুত্ব বিচার করে নির্দিষ্ট স্কুলে গিয়ে তদন্ত করবে এই দল। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে জন্য এই দলে প্রশাসন ও শিক্ষা দফতরের আধিকারিকদের রাখা হয়েছে।” তাঁর দাবি, গগনাবাইদ স্কুলে অভিযোগের প্রেক্ষিতে তদন্তে গিয়ে তাঁরা দেখেছেন, মিড-ডে মিলে ডিম দেওয়ার কথা থাকলেও তা পড়ুয়াদের দেওয়া হচ্ছে না। তাঁরা গত তিন মাসের মিড-ডে মিলের জন্য কেনা সামগ্রীর তালিকা খতিয়ে দেখে জানতে পারেন তিন মাস ধরে ডিম দেওয়া হয়নি পড়ুয়াদের। কেন এমনটা হল, তা জানতে স্কুল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে।

Advertisement

নাবালিকাকে অপহরণ, ধৃত

Advertisement

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

এক নাবালিকাকে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। ধৃতেরা হল সাত্তার আনসারি ও জিয়াউল আনসারি। পুরুলিয়া মফস্সল থানার জলেশ্বর গ্রামে সাত্তারের, টাটাড়ি গ্রামে জিয়াউলের বাড়ি। সোমবার ওই থানার কুস্তাউর থেকে তাদের ধরা হয়। সেখান থেকেই উদ্ধার হয় কিশোরী। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে সাত্তারের পাঁচ দিন পুলিশ হেফাজত এবং জিয়াউলের ১৪ দিন জেলহাজত হয়। ১৪ জুন পুরুলিয়া সদর থানা এলাকায় একটি অপহরণের অভিযোগ দায়ের হয়েছিল। বিচারক ওই নাবালিকাকে হোমে রাখার নির্দেশ দিয়েছেন।

প্রয়াত প্রতিষ্ঠাতা

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

হুড়ার লক্ষণপুর যোগদা সৎসঙ্গ কন্যা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চামেলি সেনগুপ্ত প্রয়াত হয়েছেন। সোমবার বিকেলে পুরুলিয়া শহরের পরমহংস যোগানন্দ আশ্রমে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৫। আশ্রমের সহ-সম্পাদক স্বামী কেশবানন্দ জানিয়েছেন, বাংলাদেশের ফরিদপুর জেলার পিনজুরি গ্রামে চামেলিদেবীর জন্ম। ১৯৫৯-র জুলাইয়ে লক্ষণপুরে মেয়েদের ওই স্কুল গড়ে তোলেন। তিনিই ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

প্রধানের ঘরে ভাঙচুর ইঁদপুরে

নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর

স্থানীয় একটি পুকুরে বছরে ১০০ দিনের প্রকল্পে মাটি কাটা নিয়ে পুকুর মালিকদের মধ্যে বিরোধ চলছিল। সমস্যা মেটাতে দু’পক্ষকে বৈঠকে ডাকা হয়েছিল পঞ্চায়েতে। বৈঠক চলাকালীনই দু’পক্ষের মারপিট বাধল। প্রধানের ঘর ভাঙচুরের অভিযোগ উঠল এক পক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার ইঁদপুর ব্লকের ব্রজরাজপুর পঞ্চায়েতের এই ঘটনায় তিন পুকুর মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের বন্দনা বাউরি। পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে ধরতে পারেনি। বন্দনাদেবী জানান, কলামি কুচুইপাল গ্রাম সংসদে ১০০ দিন প্রকল্পে একটি পুকুর সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই কাজ করানো নিয়ে পুকুর মালিকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য পুকুর মালিকদের নিয়ে এ দিন একটি বৈঠক ডাকা হয়েছিল। প্রধানের অভিযোগ, “বৈঠক চলাকালীন ওরা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিন জন পুকুর মালিক আমার ঘরের টেবিল-চেয়ার উল্টে, কাগজপত্র ছিঁড়ে লন্ডভন্ড করে দেয়। ওদের জন্যই বৈঠক ভেস্তে যায়।”

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধৃত সিভিক পুলিশ

নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

স্কুল যাওয়ার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক সিভিক পুলিশকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানা এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১২ জুন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই সিভিক পুলিশ। পরের দিন বাড়ি ফিরে ওই ছাত্রী তার মাকে সমস্ত ঘটনা জানায়। সোমবার রাতেই ময়ূরেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা। এর পরই ওই সিভিক পুলিশকে গ্রেফতার করা হয়। তাকে রামপুরহাট আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। ছাত্রীটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

ফুটবলের প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া

দু’মাসের ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু হল বড়জোড়ায়। উদ্যোক্তা বড়জোড়া স্পোর্টিং ইউনিয়ন। রবিবার বড়জোড়া উচ্চবিদ্যালয়ের ফুটবল ময়দানে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের কর্মাধ্যক্ষ সুখেন বিদ প্রমুখ। শতাধিক শিক্ষার্থী শিবিরে যোগ দিয়েছেন।

টুকলিতে বাধা

টুকলিতে বাধা দেওয়ায় অপমানিত হতে হল শিক্ষকদের। মঙ্গলবার মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ি কলেজের এই ঘটনার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষিকারা বেশ কিছু সময় পরীক্ষার হলে নজরদারি বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। পরে অবশ্য আবার তাঁরা নজরদারি শুরু করেন। কলেজের অধ্যক্ষ সরোজেন্দ্রনাথ কর বলেন, ‘‘কলেজে পরীক্ষা চলাকালীন টুকলি করতে না দেওয়ায় একটা সমস্যা হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”এসএফআইয়ের জেলা সভাপতি কৌশিক দত্ত বলেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদ সর্বত্র পরীক্ষাটাকে প্রহসনে পরিণত করতে চাইছে। এদিনও তারা নিজেদের সমর্থকদের পাশ করার জন্য অবাধে টুকলি করার পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। শিক্ষকরা বাধা দিতে গিয়ে অপমানিত হয়েছেন।” যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অয়ণ দত্ত বলেন, ‘‘এমন কোনও ঘটনার সঙ্গে আমাদের কেউ যুক্ত থাকে না।’’

‘ধর্ষণ’, ধৃত সিভিক পুলিশ

স্কুল যাওয়ার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক সিভিক পুলিশকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানা এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১২ জুন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই সিভিক পুলিশ। পরের দিন বাড়ি ফিরে ওই ছাত্রী তার মাকে সমস্ত ঘটনা জানায়। সোমবার রাতেই ময়ূরেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা। এর পরই ওই সিভিক পুলিশকে গ্রেফতার করা হয়। তাকে রামপুরহাট আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, ছাত্রীটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

বিদ্যুৎ চুরিতে অভিযুক্ত নেতা

বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। সোমবার বিকালে ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরে। বিদ্যুৎ দফতর এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিদ্যুৎ দফতরের একটি দল আচমকা হানা দেয় বিজেপির ময়ূরেশ্বর ২ ব্লক সভাপতি উৎপল রুজের বাড়িতে। তারা উৎপলবাবুর বাড়িতে হুকিং করে পাম্প চালানো হাতেনাতে ধরে ফেলেন। ময়ূরেশ্বর থানায় উৎপলবাবুর বিরুদ্ধে হুকিং করে বাড়িতে পাম্প চালানোর অভিযোগ দায়ের হয়েছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “এ বিষয়ে বিদ্যুৎ দফতরের সঙ্গে আমি কথা বলব।” পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখার পর উৎপলবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনায় মৃত্যু

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশ জানায় মৃতের নাম তামালকুমার দত্ত (৪৪)। বাড়ি নলহাটির কয়থা গ্রামের দত্তপাড়ায়। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার ফতেপুর মোড়ের কাছে। পেশায় চানাচুর বিক্রেতা ওই ব্যক্তি এ দিন মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে সাইকেলে করে চানাচুর নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময়ে আচমকা দ্রুত গতিতে একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করে দেন। বর্ধমান নিয়ে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

টাকা ফেরতের দাবি

সিউড়িতে তোলা নিজস্ব চিত্র।

অবিলম্বে গচ্ছিত টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল সিউড়ি ব্যবসায়ী সমিতি। সমিতির সম্পাদক কিষান পাল বলেন, “এ দিন স্মারকলিপি দেওয়ার পাশাপাশি ব্যাঙ্কের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছি। ওই ব্যাঙ্কে যা আর্থিক লেনদেন হত তার ৮০ শতাংস ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ীদের টাকা। গত ১৬ জুন থেকে ব্যাঙ্কের সাধারণ কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় চরম অসুবিধার মধ্যে পড়েছেন ওই সব ব্যবসায়ীরা। যদি বেসরকারি সংস্থার আমানতকারীদের জন্য রাজ্য সরকার তহবিল গড়তে পারে, তা হলে রাজ্য সরকারের নিজস্ব সংস্থার জন্য কেন করবে না।” চেয়ারম্যান বলেন, “ব্যাঙ্কিং পরিষেবা কী ভাবে চালু করা যায় এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়া যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি। সরকারও চিন্তা ভাবনা করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement