জেলার পর্যটনের উন্নতির জন্য বোলপুরে বৈঠক করলেন রাজ্যের পর্যটন সচিব অজয় বর্ধন। সোমবার সন্ধ্যায় বোলপুরের মহকুমা শাসকের সভাকক্ষে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠকটি হয়।
প্রশাসন সূত্রের খবর, ‘আমার কুটির’-এ ৭০ লক্ষ টাকা ব্যয়ে বানানো হবে পর্যটকদের থাকার জায়গা। জয়দেবে বাউল অ্যাকাডেমি, নলহাটির নলাটেশ্বরী, লাভপুরের ফুল্লরা, নানুরে বিশালাক্ষী, রামি চণ্ডীদাস-সহ একাধিক পর্যটনের জায়গাও ঢেলে সাজাবে পর্যটন দফতর। সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পর্যটন সচিব অজয় বর্ধন বীরভূমে এসেছেন। জেলার পর্যটনকে ঢেলে সাজানোর পাশাপাশি পর্যটনের সম্ভাবনাময় জায়গাগুলিতে উন্নয়ন করা নিয়ে আলোচনা হয়েছে। পর্যটনের জায়গাগুলিতে অতিথি নিবাস, তারাপীঠ, বক্রেশ্বর, পাথরচাপুড়ি, জয়দেব প্রভৃতি এলাকায় পর্যটকদের জন্য নানা সুব্যবস্থা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” বৈঠকে জেলা শাসক পি মোহন গাঁধী, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, অতিরিক্ত জেলা শাসকেরা, মহকুমা শাসকেরা ছিলেন।